এখন আরও বড় স্বপ্ন দেখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৌশিক হোসেন তাপস l ছবি: কবির হোসেন
কৌশিক হোসেন তাপস l ছবি: কবির হোসেন

সংগীতবিষয়ক চ্যানেল গানবাংলা পথচলার অল্প সময়ের মধ্যেই অর্জন করেছে দর্শক-শ্রোতার অফুরন্ত ভালোবাসা। এই চ্যানেলের পেছনে যে মানুষটি রাতদিন পরিশ্রম করে জড়িয়ে আছেন, তিনি হলেন সংগীতশিল্পী এবং এই চ্যানেলের স্বত্বাধিকারী কৌশিক হোসেন তাপস। আজ ৮ নভেম্বর তাঁর বয়স পৌঁছেছে ৩৩-এর কোঠায়। জন্মদিনের ঠিক আগেই কথা হলো এই শিল্পীর সঙ্গে।

শুভ জন্মদিন। জন্মদিন নিয়ে তো একেকজনের একেক রকম ভাবনা থাকে, দর্শন থাকে। আপনার ভাবনা জানতে চাই।
আমার কাছে জন্মদিন মানেই দায়িত্ব বেড়ে যাওয়া। জীবন থেকে আরও একটা বছর কমে যাওয়া। এই সময়টায় এসে আমি ভাবি, নিজের স্বপ্নের ঠিক কত পার্সেন্ট পূরণ করতে পারলাম। 
আপনার বয়স তো ৩৩ শুরু হলো। কদিন আগে প্রথম আলোর বয়স হয়েছে ১৮। আচ্ছা, বলুন তো, আপনি ১৮ বছর বয়সে যে স্বপ্নগুলো দেখেছেন, এখন সেগুলো কি পূরণ হয়েছে? মনে আছে স্বপ্নগুলোর কথা?
হ্যাঁ। মনে আছে তো। কিন্তু মজার বিষয় কি জানেন? ১৮ বছর বয়সে দেখা স্বপ্নগুলো আমার ২২ থেকে ২৫ বছর বয়সের মধ্যে পূরণ হয়ে গেছে। এখন আমি আরও বড় স্বপ্ন দেখি। সেগুলো পূরণের জন্য ছুটি।
স্বপ্নগুলো কেমন?
যেমন—আমি চাই বিশ্বের সংগীত দুনিয়ার সবচেয়ে ক্ষমতাশালী ও প্রভাবশালী দেশ হব আমরা। আমাদের দেশে হবে বিশ্বের সবচেয়ে বড় মিউজিক স্টেডিয়াম। বিশাল অডিটরিয়াম থাকবে। ছাদটা হবে কাচের। আকাশ দেখা যাবে। বৃষ্টি পড়লে ছাদে শোনা যাবে এর শব্দ। সেই সঙ্গে মঞ্চে হবে গান। প্রকৃতির সুরের সঙ্গে আমাদের গান মিলেমিশে একাকার হয়ে যাবে। এমন বড় বড় স্বপ্ন দেখি।

সেই স্বপ্ন থেকেই কি ‘উইন্ড অব চেঞ্জ’ অনুষ্ঠানটির জন্ম?

বলতে পারেন সেটা স্বপ্নপূরণের প্রথম ধাপ। আমাদের গান, আমাদের সংগীতশিল্পী, আমাদের মিউজিশিয়ানদের গুণের কদর ছড়িয়ে পড়বে পুরো বিশ্বে—এই স্বপ্নটাও দেখি আমি। এবং এটা কিন্তু আস্তে আস্তে পূরণ হতে যাচ্ছে। ‘উইন্ড অব চেঞ্জ’-এর মাধ্যমে বাইরে থেকে শিল্পীরা এসে আমাদের শিল্পীদের সঙ্গে বাজাচ্ছেন। আমাদের দেশের শিল্পীদের কথা বাইরে গিয়ে বলছেন। বাইরের দর্শক-শ্রোতারা তাঁদের কারণে দেখছেন ও শুনছেন আমাদের গান। এভাবেই আসছে পরিবর্তন।