এখন ওরা গাইবে আমরা শুনব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

গতকাল ছিল রবীন্দ্রসংগীতশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন। সকালে চ্যানেল আই কার্যালয়ের চেতনা চত্বরের ছাতিমগাছের নিচে জন্মদিনের কেক কাটেন তিনি। এরপর গান করেন চ্যানেলটির ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে। সেখান থেকে গিয়ে হাজির হন লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুলমাঠে সুরের ধারা আয়োজিত পৌষ উৎসবের উদ্বোধন করতে। উদ্বোধন শেষে ফিরে যাওয়ার সময় কথা হয় তাঁর সঙ্গে।

রেজওয়ানা চৌধুরী
রেজওয়ানা চৌধুরী

জন্মদিনের শুভেচ্ছা।
ধন্যবাদ।
সংগীত নিয়ে আপাতত বড় স্বপ্ন কী?
এখন যা কিছু স্বপ্ন ‘সুরের ধারা’ নিয়ে। সংগীত শিক্ষার এই প্রতিষ্ঠানটিকে একটি জায়গায় নিয়ে যেতে চাই। সুরের ধারা কলেজ অব মিউজিককে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। আমি চাই এটি একটি মাইলস্টোন হোক, অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য হোক একটি অনুকরণীয় প্রতিষ্ঠান।
সংগীতের শিক্ষার্থীদের কর্মসংস্থানের ব্যবস্থা কীভাবে বাড়বে?
সাংস্কৃতিক অনুষ্ঠান বাড়ছে। এসব আরও বাড়ানো হলে সংগীতের শিক্ষার্থীদের কর্মসংস্থান নিয়ে ভাবতে হবে না। এ ছাড়া বিসিএস-এ তাঁদের সুযোগ তৈরি করা হয়েছে। শুধু গেয়েই নয়, কর্মসংস্থানের জন্য এখন গান শেখানোও একটি গুরুত্বপূর্ণ কাজ। এ সুযোগটা আরও বাড়বে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার নৃত্যকলা বিভাগের অগ্রগতি কেমন?
বিভাগটি নিয়ে আমি খুবই আশাবাদী। মাত্র তো দুই বছর হলো, আশা করছি এটা বিশ্ববিদ্যালয়ের খুব শক্তিশালী একটি বিভাগ হয়ে উঠবে। বাংলাদেশে এই প্রথম কোনো বিশ্ববিদ্যালয়ে পদ্ধতিগত নৃত্যশিক্ষার একটি বিভাগ চালু হলো।
সুরের ধারার নিয়মিত পৌষ উৎসব ও মেলার বৈশিষ্ট্য...
শহরের শিশুরা গ্রামে যেতে পারছে না। সেখানকার উৎসব ও আমাদের সংস্কৃতির সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিতে সুরের ধারা নিয়মিত এ উৎসব ও মেলার আয়োজন করে। অবশ্য তথ্যপ্রযুক্তির কল্যাণে মানুষের কাছে পৃথিবীটা ছোট হয়ে এসেছে। এতে আমাদের সুবিধাও হয়েছে। নিজস্ব সংস্কৃতিকে যতভাবে পারা যায় ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
পৌষ উৎসবে গান শোনাবেন না?
আমাদের গান আর কত, এখন ওরা (শিক্ষার্থীরা) গাইবে। আমি সবাইকে নিয়ে শুনব।
সাক্ষাৎকার: রাসেল মাহ্‌মুদ