এখন তো সব ভুলে গেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটকে একজন কারাতে শিক্ষকের ভূমিকায় অভিনয় করলেন ঊর্মিলা শ্রাবন্তী কর। নাটকটির নাম মানুষ/অমানুষ। পরিচালনা করেছেন কচি খন্দকার। ঈদে প্রচারের কথা নাটকটি। নাটক ও সাম্প্রতিক নানা কাজ নিয়ে কথা হলো সাবেক এই লাক্স তারকার সঙ্গে
ঊর্মিলা শ্রাবন্তী কর
ঊর্মিলা শ্রাবন্তী কর

কারাতে শিক্ষকের চরিত্রটি কেমন?
একটি স্কুলের শিশুদের কারাতে প্রশিক্ষণ দেন এই শিক্ষক। তাঁর সঙ্গে এমন একটি ছেলের প্রেম হয়, যে কথায় কথায় কাঁদে। কারাতে জানে বলে বিপদ-আপদে মেয়েটি নিজেকে এবং তাঁর প্রেমিককে রক্ষা করেন। বাকিটা বলব না। তাহলে নাটকের মজা নষ্ট হয়ে যাবে।
কারাতে জানতেন আপনি?
ছোটবেলায় শিখেছিলাম। ক্লাস সিক্সে পড়াকালীন ডানা আপা ও ঝুমু আপার কাছে প্রশিক্ষণ নিয়েছি। সে সময় তাঁরা দুজনই জাতীয় পর্যায়ের কারাতে। এখন তো সব ভুলে গেছি। এই নাটকের শুটিংয়ের আগে একটি কারাতে স্কুলে দিনভর প্রশিক্ষণ নিয়েছি।
ঈদের জন্য কী কী কাজ করেছেন?
বেশ কয়েকটি নাটকের শুটিং শেষ হয়েছে। শিহাব শাহিনের জ্যাকশন বিল্লাল, ইফতেখার ফাহমির যেমন খুশি তেমন সাজো, অনন্য ইমনের ব্লু বার্ড। এ ছাড়া আয়নাবাজির সাত পর্বের ধারাবাহিকের এক পর্বে কাজ করব। পরিচালনা করবেন তানিম রহমান। এ ছাড়া কৌশিক শংকর দাস, গৌতম কৈরি ও আবু হায়াত মাহমুদের সঙ্গে ঈদের একটি করে নাটকের কাজ চূড়ান্ত হয়েছে। ঈদের তো এখনো অনেক দেরি। আশা করছি এবারের ঈদে ১০ থেকে ১২টি নাটকে দেখা যাবে আমাকে।
‘আড়াল’ নামে একটি স্বল্পদৈর্ঘ্যে কাজ করেছিলেন? আর কিছু করছেন?
না, এখন আর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করছি না। এ ধরনের কাজ বুঝতে আমার একটু কষ্ট হয়। একটু গান, একটু সংলাপ আর কিছু টুকরো মুহূর্ত দিয়েই এ ধরনের চলচ্চিত্র হয়ে যায়। আমার কাছে এগুলো সহজ মনে হয় না।
সাক্ষাৎকার: শফিক আল মামুন