এখন নাটক–সিনেমায় মজা দেওয়াটাই মুখ্য হয়ে গেছে

৬০ বছরের বেশি সময় ধরে বিনোদন অঙ্গনের সঙ্গে আছেন আবুল হায়াত। শুরুতে শখ ও ভালোবাসা থেকে করলেও একটা সময় অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন তিনি। মঞ্চ ও টেলিভিশন নাটকের পাশাপাশি অনেক চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। বিতর্কিত কয়েকটি কর্মকাণ্ডের কারণে কয়েক দিন ধরে বিনোদন অঙ্গন নিয়ে আলোচনার শেষ নেই। এসব কেন হচ্ছে, উত্তরণের উপায়ই-বা কী—এসব নিয়েই গতকাল শুক্রবার রাতে বিনোদন বিভাগের সঙ্গে কথা বললেন এই বর্ষীয়ান অভিনেতা

আবুল হায়াতসংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন :

কেমন আছেন?

এই তো, চলে যাচ্ছে আরকি।

প্রশ্ন :

বাসা থেকে তো একেবারেই বের হন না মনে হয়?

ঈদের আগে একটি নাটক ও চলচ্চিত্রের শুটিং করেছিলাম। এরপর তো করোনা পরিস্থিতির অবনতি হয়ে গেল।

প্রশ্ন :

হঠাৎ করেই চলচ্চিত্র ও নাটকের অঙ্গন নিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছে, সমালোচনা হচ্ছে। কেন এমন অবস্থা হলো?

১০ বছর বয়সে যখন অভিনয় শুরু করি, কোনো দিন ভাবিনি পেশাদার অভিনয়শিল্পী হব। একসময় অভিনয়কে প্যাশন হিসেবে নিলাম, চাকরিবাকরি করব, মঞ্চনাটক আর টেলিভিশনে কিছু কাজ করব। এরপর তো সিনেমায়ও নামলাম। একটা সময় এসে পেশাদার অভিনেতা হলাম। শিল্পাঙ্গনের সবই ঠিক ছিল, সুন্দর ছিল, গোল্ডেন টাইম ছিল; কিন্তু ব্যবসাটা তখন একটু দূরে ছিল। শিল্পকে প্রাধান্য দিয়ে ব্যবসা করা হতো। এখন শিল্পটাকে টোটালি সরিয়ে ব্যবসাকে মুখ্য করা হয়েছে। যেখানে ব্যবসা প্রধান হয়ে যায়, সেখানে মানুষের প্রবণতা হয়, কীভাবে আরও বেশি ব্যবসায়িক সাফল্য পাওয়া যায় এবং বেশি অর্থ উপার্জন করা যায়। আর শিল্পাঙ্গনের মানুষের সেটাই যদি মুখ্য উদ্দেশ্য হয়ে যায়, তখন এদিক-ওদিক করার একটা ইচ্ছা তাদের মধ্যে জেগেই ওঠে। সেগুলোরই প্রতিফলন এখন সবাই দেখছি আরকি। আগে যে ধরনের বন্ধনগুলো ছিল, সামাজিক বন্ধন, মূল্যবোধ—সেগুলো ক্রমেই হারিয়ে যাচ্ছে। এখন তো নাটক-সিনেমায় মজা দেওয়াটাই মুখ্য ব্যাপার হয়ে গেছে। এসবের কারণে নাটক-চলচ্চিত্রের মান পড়ছে, রুচির পতন ঘটছে।

আবুল হায়াত

প্রশ্ন :

নাটকের মান পড়ার অন্য আর কী কারণ?

একটা নাটকের যে বাজেট দেওয়া হয়, তাতে কোনোভাবেই ভালো নাটক বানানোর সম্ভাবনা দেখি না। ভালো নাট্যকার, ভালো মানের শিল্পী, সুন্দর লোকেশন, দক্ষ ক্যামেরাম্যান, আধুনিক ক্যামেরা, ভালো মিউজিশিয়ান দরকার হলে ভালো বাজেট দরকার। ভালো টাকাই যদি প্রযোজক না দেন, সবকিছু ভালো কীভাবে আশা করতে পারি। টাকার অভাবে জেনুইন নাট্যকার দিয়ে যদি নাটক লেখাতে না পারি, তাহলে নাটক লিখছে কে? হয় আমি লিখব, নাহয় আমার শালা লিখবে, নাহয় আমার ভাই লিখবে, নাহয় বোন আর বন্ধু লিখবে। বলবে, এই দেখ, এ রকম একটা গল্প আছে, বানাতে পারিস কি না দেখ। এখন এমনটাই হচ্ছে আরকি। বেশির ভাগ নাটকে উদ্দেশ্যহীন সংলাপ বলা হচ্ছে। পরিচালক, অভিনয়শিল্পী কোনো কারণ জানে না। কেন লাফাচ্ছে, কেন চেঁচাচ্ছে—বেশির ভাগ নাটকেই তো তা-ই হচ্ছে। দিনে কতটুকু শুটিং করা গেল, সেটাই যদি মূল উদ্দেশ্য হয়, তাহলে তো আর কোয়ালিটি থাকে না। এটার জন্য যদি কাউকে দোষ দিতে হয় বা দোষ না দিয়ে আমি যদি বলি যে দায়দায়িত্ব চ্যানেলের। কারণ, কোয়ালিটি কন্ট্রোল তো ওই একটা জায়গাতে। অন্য কোনো জায়গায় কোয়ালিটি কন্ট্রোল সিস্টেমই তো নেই। তারাই প্রচার করে যেহেতু, তাদেরই ভাবতে হবে। যদি খারাপ নাটক তারা পয়সা দিয়ে কিনতে পারে, তাহলে তো বলার কথাই নেই।

প্রশ্ন :

এই প্রবণতা কবে থেকে শুরু হয়েছে?

বছর দশকে আগে থেকে এমনটা শুরু হয়েছে মনে হয়।

আবুল হায়াত
সংগৃহীত

প্রশ্ন :

একটা সময় ছিল সংস্কৃতি অঙ্গনের মানুষের সঙ্গে অন্য পেশার প্রভাবশালীরা পরিচিত হতে পারলেই গর্ব বোধ করতেন। কয়েক বছর ধরে চিত্রটা উল্টে গেল কেন?

যাঁরা এসব করে থাকেন, এটা তাঁদের ক্ষমতার প্রতি একধরনের আকাঙ্ক্ষা। আমি ক্ষমতাবানের সঙ্গে থাকব, হয়তো ভবিষ্যতে রাজনীতি করব বা আরও কম কষ্ট করে আর্থিকভাবে বেশি লাভবান হব—এসব কারণেই হয়তো তাঁরা ক্ষমতাবানদের সঙ্গে থাকতে চান। শিল্পের ক্ষমতা যে অপরিসীম, তাঁদের কাছে তা মনে হয় না। শিল্প সব সময়ের জন্য, আজীবনের জন্য, এটা তাঁরা ভুলে যান। আমি যদি বলি গোলাম মুস্তাফা, সৈয়দ হাসান ইমাম, সিরাজুল ইসলাম, আবুল খায়ের ভাই—তাঁদের নাম উচ্চারণ করলে আমরা আজও শিহরিত হই, আনন্দিত হই। তাঁদের কাছ থেকে আমরা শিখেছি। তাঁরা আমাদের গুরু। তাঁরাই আমাদের পথপ্রদর্শক। এখন তো সেই সময় নেই, গুরুভক্তিও ওভাবে নেই। সিনিয়রদের প্রতি শ্রদ্ধা-ভক্তিও অনেকাংশে কমে গেছে। সবকিছুর পেছনে হয়তো অর্থ, ক্ষমতা মুখ্য ব্যাপার হয়ে গেছে।

প্রশ্ন :

আমরা কি সংস্কৃতি অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের জাতির সামনে সঠিকভাবে ব্র্যান্ডিং করতে পারছি না?

সেটা হচ্ছে না, হয়ওনি। কলকাতাতেও দেখি, জ্যেষ্ঠ শিল্পীদের কতটা শ্রদ্ধা করা হয়। আমাদের দেশে তো অনেকে এমনও ধারণা পোষণ করেন, আমি ডেইলি এক লাখ টাকা কামাই, ইনি (শিল্পী) তো ডেইলি ১০ হাজার টাকা কামান—আমি তাঁর চেয়ে অনেক বড়। অর্থ যাঁরা বিনিয়োগ করবেন, তাঁরা তো অন্য চিন্তা করেন। ইউটিউবে ভিউ বাড়িয়ে কীভাবে আরও বেশি টাকা রোজগার করা যায়, এসব নিয়েই তো তাঁরা অস্থির। জ্যেষ্ঠ শিল্পীদের নিয়ে তাঁদের ভাববার সময় কই। আমরা তো দেখলাম, সৌমিত্রকে নিয়ে শেষ দিন পর্যন্ত চিন্তাভাবনা করা হয়েছে। চরিত্র সৃষ্টি করা হয়েছে। নাটক বানানো হয়েছে। সিনেমা বানানো হয়েছে। তাঁকে নানাভাবে এক্সপোজ করা হয়েছে—হয়তো তারা বলতে চেয়েছে, সৌমিত্র সারা জীবন যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, সেটা দেখেন আপনারা (দর্শক)।

প্রশ্ন :

আমাদের এখানেও তো পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ও ব্যক্তি আছে। কিন্তু তাহলে এটা রুচির সমস্যা নাকি আন্তরিকতার?

এটা তো বলা মুশকিল। এককজনের একেক রকম মানসিকতা। সবকিছুর পেছনে অর্থটাই দৌড়াদৌড়ি করছে আরকি। অর্থ তো আমারও প্রয়োজন। এই পেশাটা কেন গ্রহণ করেছি, অভিনয়কে যেহেতু ভালোবাসি, এটা করেই জীবন ধারণ করব আরকি। যে নাটকটা বানাচ্ছে বা প্রডিউস করছে, সে তো ভালোবেসে করছে না। বেশির ভাগ ক্ষেত্রে আমরা এটাই দেখছি। বেশির ভাগ ক্ষেত্রে টাকা ভালোবেসে এটা-ওটা করছি, শিল্পকে ভালোবাসছি না। নাটকের কোয়ালিটির সঙ্গে ভাষাও নষ্ট হয়ে গেছে। এখন তো ডেলিবারেটলি নাটকের ভাষা নষ্ট করা হচ্ছে।

আবুল হায়াত

প্রশ্ন :

যাঁরা এই কাজটা করছেন, গ্রুপটা কি অনেক বড়?

অনেক বড়ই নিশ্চয়, নাহলে প্রায় টেলিভিশনের বেশির ভাগ নাটকে তো দেখতাম না। চিরকাল আমরা প্রমিত বাংলায় অভিনয় করেছি। গ্রামের নাটকে অভিনয় করতে গিয়ে গ্রামের ভাষাতেই কথা বলেছি। ঢাকাইয়া কুট্টি যখন করেছি, কুট্টি ভাষাতেই কথা বলেছি। কই, আমাদের তো কখনো কোনো অসুবিধা হয়নি। এখন কেন হচ্ছে! কোটি টাকার ড্রয়িংরুমে বসে, আম্মা আমার খিদা লাগছে—এই কথাটা তো কোনো দিন বলিনি, কাউকে বলতে শুনিওনি; এখন শুনছি। বিশেষ করে বিজ্ঞাপনচিত্রে এখন এসব বেশি ব্যবহৃত হচ্ছে। নাটক-সিনেমায় তো হচ্ছে। এসব দিয়েই মানুষের কাছে সস্তা জিনিস উপস্থাপনের প্রবণতা তৈরি হয়েছে।

প্রশ্ন :

তার মানে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের কথামতো বলতে হয়, খারাপেরা সংঘবদ্ধ কিন্তু ভালোরা বিচ্ছিন্ন?

এটা অনেকটা মানতেই হয়। এই সময়ে অনেকটা সত্যি কথা। আমরা কেন জানি সংঘবদ্ধ হতে পারি না আরকি।

প্রশ্ন :

সংঘবদ্ধ হতে না পারার সমস্যা কোথায়?

আমাদের ইগো সমস্যা হতে পারে মনে হয়।

প্রশ্ন :

ইগোকে পাশ কাটানো যায় না?

কঠিন কিছু না। সেই ধরনের সংগঠক দরকার, নেতৃত্বও দরকার। সেটা হয়তো নেই। আমাদের এখনকার যে সংগঠনগুলো আছে, সেগুলোও যে খুব কার্যকর, তা-ও বলা যায় না। খুব যে কাজ তারা করছে, তা বলা যায় না। তাদেরও বাধ্যবাধকতা রয়েছে। অনেক বাধার সম্মুখীন হয়ে তারপর কাজ করে যাচ্ছে। চেষ্টা করছে তারা, আমি যতটুকু বুঝি আরকি। সহজভাবে যে সবকিছু করছে, তা মনে হয় না। ওই যে বললে, যারা অর্থ প্রদান করে, তারা কলকাঠি নাড়তে পারে—তাদের যে ক্ষমতাটা রয়েছে।

একটি নাটকে আবুল হায়াত ও বিপাশা হায়াত। ছবি: সংগৃহীত

প্রশ্ন :

অর্থের কথা বলছিলেন। সম্প্রতি ‘ঘটনা সত্য’ নাটকে যা ঘটেছে, তা কি অর্থের সমস্যা, নাকি শিক্ষার সমস্যা?

একটা বিশৃঙ্খল পরিবেশে যে আমরা কাজ করছি, কে স্ক্রিপ্ট লিখছে, কেন লিখছেন—তা যে জানি না, সেটারই বহিঃপ্রকাশ। আমরা তো এখন অনেক সময় আগে থেকে স্ক্রিপ্টই পাই না। শুটিংয়ে গেলে ধরিয়ে দিয়ে বলা হয়, এই যে স্ক্রিপ্ট। কে লিখেছে, পরিচালকের নাম দেখি। সংলাপ ভালো লাগছে না বললে বলা হয়, বদলায়ে দেন। আপনার ইচ্ছেমতো দিয়ে দেন। এভাবেই চলছে।

প্রশ্ন :

যখন কোনো সংলাপ শিল্পীর মুখ থেকে যায়, তখন...

এটা তো অবশ্যই শিল্পীকে দায় নিতেই হবে। হয়তো সেই মুহূর্তে খেয়াল করেনি। সচেতনভাবে করেছে, এটা বলতে পারব না। অনেক সময় তাড়াহুড়োর মধ্যে বলা হয়, এটা বলে দেন, বলে দিলাম—এমনটা। তবে ঘটনা সত্য, নাটকে যেটা বলা হয়েছে, সেটা অনুচিত।

‘ক্ল্যাভিগো’ নাটকের দৃশ্যে নাজমা আনোয়ার, আবুল হায়াত ও আজমেরি জামান

প্রশ্ন :

টেলিভিশন চ্যানেলের কথা বলছিলেন...

টেলিভিশন পুরোপুরি ব্যর্থ, তার কোয়ালিটি কন্ট্রোলে। কেননা, প্রচারের দায়িত্বে আছে টেলিভিশন। কিন্তু প্রচারের আগে টেলিভিশনের দায়িত্ব তো প্রিভিউ করা। আগে একুশে টেলিভিশনেও আমরা নাটক করতাম, টেলিভিশনে স্ক্রিপ্ট জমা দিতাম। ৭-১০ দিন পর হয়তো লিখে দিত, নট অ্যালাউড, নয়তো সংশোধন করে পাঠাতে বলত। আবার সংশোধন করে পাঠালে, অ্যাপ্রুভড লিখে দিত। এরপর শিল্পীর তালিকা নিয়ে বসতাম। অ্যাপ্রুভড হতো। শুটিংয়ের দিনক্ষণ ঠিক করতাম। তারা বাজেট নিয়ে আলোচনা করে টাকা দিয়ে দিত। ৫-১০ লাখ টাকার নিচে কোনো নাটক তৈরি হতো না। এখন সেই মানের নাটক কখনো ২ লাখ, কখনো ১ লাখ ৯০ বা ১ লাখ ৫০ হাজার টাকায় করতে হচ্ছে! যেখানে সবকিছু বাড়ছে, নাটকের বাজেটই কমছে।

প্রশ্ন :

আমরা কি এসব থেকে বেরিয়ে আসত পারব?

বেরিয়ে আসতে না পারার কোনো কারণ নেই। আমাদের চতুর্দিকে সম্ভাবনা আছে। আমাদের ভালো লেখক, অভিনয়শিল্পী, পরিচালক, টেকনিশিয়ান, ক্যামেরাম্যান, মিউজিশিয়ান—সবই আছে। শুধু সংগঠিত হতে হবে। সংগঠিত হয়ে যদি খারাপকে ‘না’ বলি, তাহলেই হবে। আমরা ‘না’ বলতে পারি না, এটা আমাদের সমস্যা। একটু না বলতে শিখতে পারলে, তখন দেখা যাবে যে সম্ভাবনার দিকগুলো আস্তে আস্তে বেরিয়ে আসবে। নতুন দিগন্ত উন্মোচিত হবে। ভালো দিন আসবে, আমি নিশ্চিত।

আবুল হায়াত ও দিলারা জামান
ছবি : সংগৃহীত

প্রশ্ন :

আপনার এখনকার সময় কাটছে কীভাবে?

বাসায় থাকি, সিনেমা দেখি, নাটক দেখি, লেখালেখি করি। আমি আর আমার বেগম সাহেব গল্প করি, আড্ডা দিই। পড়াশোনায় অবশ্য খুব একটা মন বসাতে পারি না, খুব অস্থির লাগে। এই অস্থিরতায় লেখালেখিও খুব বেশি করতে পারি না।