এখন মানুষ নাটক কম দেখছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল ডাবল সেঞ্চুরি পার করেছে মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক চলিতেছে সার্কাস। আজ রাতে নাটকটির ২০১তম পর্ব প্রচারিত হবে। এই ধারাবাহিকে অভিনয় করছেন মিশু সাব্বির। ধারাবাহিক এ নাটকসহ বিভিন্ন বিষয়ে কথা হলো তাঁর সঙ্গে।

মিশু সাব্বির
মিশু সাব্বির

আপনি কততম পর্ব থেকে ‘চলিতেছে সার্কাস’-এ অভিনয় শুরু করলেন?
১০০ পর্বের পর থেকে আমি এই ধারাবাহিকে অভিনয় করছি। এখন পর্যন্ত ঠিকঠাক আছি। দেখা যাক...
কেমন সাড়া পাচ্ছেন?
সত্যি কথা বলতে কী এখন মানুষ নাটক কম দেখছে। কিন্তু এই ধারাবাহিক একটু ব্যতিক্রম। আমি সব ধরনের দর্শকের কাছ থেকে সাড়া পাই। ধারাবাহিকটি মানুষ পছন্দ করে, এটা আগে থেকেই জানতাম। অভিনয়ের পরে নিজে বুঝলাম। আর মানুষ পছন্দ করলে বা দেখলে কাজটি করতেও ভালো লাগে।
এই যে বললেন, মানুষ নাটক কম দেখছে। কারণ কী?
অনেক কারণই আছে। এখনকার ধারাবাহিকগুলোতে গল্প খুঁজে পাওয়া যায় না। সীমিত বাজেট আর গল্প না থাকার কারণে মানুষের আগ্রহ কমেছে। আমাদের এই ধারা থেকে বের হতে হবে। না হলে সামনে সমস্যা দেখা দেবে।
নতুন কাজের খবর কী?
বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করছি। আর খণ্ড নাটক তো আছেই। তবে মজার ব্যাপার হলো, এখনই ঈদের কাজের শিডিউল নেওয়া শুরু করেছেন অনেক নির্মাতা।
আর চলচ্চিত্র?
কদিন আগে তো ভালোবাসা এমনই হয় চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল। চলচ্চিত্রটি মানুষ পছন্দ করেছে। সবাই বেশ প্রশংসা করেছে।
সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক