এখনই বিয়ে? নাহ্!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহিয়া মাহি
মাহিয়া মাহি

শুরু হয়েছে সানি সানোয়ারের লেখা গল্প নিয়ে দীপংকর দীপন পরিচালিত ঢাকা অ্যাটাক ছবির শুটিং। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এই ছবির মহরতের আয়োজন করা হয়। এই ছবিতে চৈতি নামের এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন মাহিয়া মাহি। মহরত অনুষ্ঠানের ফাঁকে কথা হয় মাহির সঙ্গে।
নিশ্চয়ই বলবেন এই ছবিতে আপনার চরিত্রটি একেবারেই অন্য রকম?
হা হা হা! সত্যি বলতে কি, এই ছবির গল্প পড়ে আমার চরিত্রটি চ্যালেঞ্জিং মনে হয়েছে। এর আগে দেশা–দ্য লিডার ও ওয়ার্নিং ছবিতে সাংবাদিক চরিত্রেই অভিনয় করেছি। কিন্তু দুটি ছবিতেই একধরনের গৎবাঁধা অভিনয়ের ব্যাপার ছিল। এবার পরিচালকের পরিকল্পনা দেখে আমার মনে হয়েছে ‘চৈতি’ চরিত্রটি নিয়ে বিশেষ কিছু করার সুযোগ পাব।
শুনেছি, এই ছবির চরিত্রের জন্য আপনার সাজ-পোশাকে পরিবর্তন আনছেন?
দুই বছর ধরে গবেষণা করে পরিচালক ছবির কাজটি শুরু করছেন। আমার চরিত্রের পোশাক থেকে শুরু করে ক্যামেরার সামনে আমাকে উপস্থাপনার ঢং—সবকিছুতেই ভিন্নতা আনার পরিকল্পনা রয়েছে তাঁর। আমি সেই অনুযায়ী কাজ করতে সম্মত হয়েছি।
এ বছরে আপনাকে ঘিরে বেশ আলোচনা ছিল। বিশেষ করে আপনার অনলাইন বুটিকের ব্যবসা, নিজের প্রযোজনা প্রতিষ্ঠান, জাজ-এর সঙ্গে থাকা না-থাকা। আগামী বছর এসবের সঙ্গে নতুন কিছু সংযোজন হবে কি?
জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যে বোঝাপড়ার সমস্যা ছিল, তা ঠিক হয়ে গেছে। ২০১৬ সালের শেষে গিয়ে তাদের নতুন ছবিতে কাজ করার কথা আছে। আমার প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম ছবি মায়ার বাঁধন-এর কাজ মার্চ থেকে শুরু করব বলে আশা করছি। আসলে ২০১৫ সালে কিছু পরিকল্পনা হাতে নিয়েছিলাম, ২০১৬ সালজুড়ে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করব। এর সঙ্গে নতুন কিছু যোগ হলেও হতে পারে।
কিছুদিন আগে আপনার বিয়ের গুঞ্জন ছড়ায়। ২০১৬ সালে কি সেই গুঞ্জন সত্যি হতে পারে?
এখনই বিয়ে? নাহ্! সত্যি বলতে কি, বিয়ের বিষয়ে আমার কাছে ২০১৫ বা ২০১৬ বলে কোনো কথা নেই। বিয়েটা আমার ইচ্ছার ওপর নির্ভর করে। যখন ইচ্ছা হবে, তখনই বিয়ে করে ফেলতে পারি। এটা হুট করেই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে! তবে এতটুকু আশ্বস্ত করতে পারি, আপাতত বিয়ের ভাবনা নেই আমার। এখন শুধু অভিনয় নিয়েই ভাবছি।