
কর্ণাটিক শাস্ত্রীয় সংগীতের পুরোভাগের শিল্পী পদ্মশ্রী অরুণা সাইরাম। বেঙ্গল ফাউন্ডেশনের প্রথম উচ্চাঙ্গসংগীত উৎসবেই তামিল এই শিল্পীর অসাধারণ তালিমি কণ্ঠ দর্শক-শ্রোতাদের মোহাবিষ্ট করেছিল। এক বছর বিরতি দিয়ে এবারও এলেন তিনি...
ঢাকাতে গাইতে কেমন লাগে?
শিল্পীদের মধ্যে থাকতে হয় রাগদারি আর তবিয়তদারি। আর দর্শক-শ্রোতাদের মধ্যে থাকতে হয় সমঝদারি। এখানকার শ্রোতারা সত্যিই সমঝদার।
অভিযোগ আছে, এ প্রজন্মের তরুণেরা খাঁটি শাস্ত্রীয় সংগীতে আগ্রহবোধ করে না...
কথাটা ঠিক না, পারিবারিক যোগ না থাকলে শুরুতেই একজন মানুষের সঙ্গে শাস্ত্রীয় সংগীতের যোগ থাকে না। যখন সে একবার-দুবার মনোযোগ দিয়ে শুনবে, এরপর তাঁকে আর থামাতে পারবেন না।
কীভাবে অনুপ্রাণিত হলেন শাস্ত্রীয় সংগীতে?
বাবার চাকরির সুবাদে শিশু বয়স থেকে দীর্ঘ সময় মুম্বাইতে ছিলাম। কর্ণাটিক সংগীত গাইলেও আমার অনুপ্রেরণা ছিল হিন্দুস্তানি উচ্চাঙ্গসংগীত। অল্প বয়সেই আমাকে মন্ত্রমুগ্ধ করেছিলেন ওস্তাদ আমীর খাঁ, ওস্তাদ বড়ে গোলাম আলীরা।
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের সঙ্গে কীভাবে পরিচয়?
বিখ্যাত তামিল কবি চিন্নাস্বামী শুভ্রামানিয়া ভারতীর কবিতা আমার ভীষণ প্রিয়। তাঁর কবিতা পড়ে কখনো মনে হবে না তিনি বিশেষ ধর্মের অনুসারী। তাঁর কাছে প্রথম সত্য মানুষ। বাংলার কবি নজরুলও তাই। মানবতা ও প্রেমের ঊর্ধ্বে তিনি অন্য কিছুকে স্থান দেননি। সে জন্যই নজরুল আমার প্রিয়। অনেক কষ্ট করে তাঁর গান শিখি এবং গাই।
গুরুত্বপূর্ণ কোনটি, প্রাতিষ্ঠানিক নাকি গুরুমুখী বিদ্যা?
সংগীত সব সময় গুরুমুখী বিদ্যা। গুরু যা শেখাতে পারেন প্রতিষ্ঠান তা পারে না। প্রতিষ্ঠানের বিদ্যা সীমাবদ্ধ। সেখান থেকে বের হয়ে গুরুর কাছে না গেলে কিছুই শেখা হবে না।