এখানে তরুণ অভিনেতাদের অর্থনৈতিকভাবে শোষণ করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীফ সিরাজ
ছবি: ফেসবুক থেকে
চরকিতে মুক্তি পাওয়া ইউটিউমার ছবিতে ‘জ্যাকসন ভাই’ চরিত্রের জন্য প্রশংসিত হয়েছেন শরীফ সিরাজ। বেশ কিছু মঞ্চনাটক ছাড়াও হাওয়া ও বঙ্গবন্ধু ছবিতে কাজ করেছেন এ অভিনেতা।

প্রশ্ন :

জ্যাকসন ভাইকে মানুষ পছন্দ করেছে। কেমন লাগছে?

চাপ বোধ করছি। এমন সব মানুষ ডেকে প্রশংসা করেছেন যে আরেকটা ভালো কাজ না করা পর্যন্ত মনে হবে, আমি ওই চরিত্রেই আটকে আছি।

‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ নাটকের দৃশ্যে শরীফ সিরাজ
ছবি: ফেসবুক থেকে

প্রশ্ন :

অভিনয়জীবনের শুরুতেই শ্যাম বেনেগাল, সৈয়দ সালাহউদ্দিন জাকী, সৈয়দ জামিল আহমেদের মতো মেধাবী নির্দেশক!

আমি সত্যিই সৌভাগ্যবান। তিনজন মানুষের কাছে আমি কৃতজ্ঞ—নির্দেশক সৈয়দ জামিল আহমেদ, স্নেহের ছোট ভাই জোবায়দুর রহমান ও অভিনেত্রী জয়া আহসান। আমাকে সবচেয়ে বড় ব্রেক দিয়েছেন জামিল স্যার, জীবন ও রাজনৈতিক বাস্তবতায়। আমি ভালো অভিনয় করি, সেটা প্রথম স্যোশাল মিডিয়ায় লিখেছিল জোবায়দুর। আর জয়া আহসান নাটকটা দেখে ইনসিস্ট করেছিলেন, আমি যেন নিয়মিত কাজ করে যাই। বড় শিল্পীর এ ব্যবহারে আমি মুগ্ধ।

প্রশ্ন :

আপনি মঞ্চের লোক। ছোট পর্দায় কাজ করতে অসুবিধা হচ্ছে না?

ইউটিউমার-এ আমার ভূমিকাটা ছিল সামান্য। পরিচালক দেখলেন, জিনিসটা ভালো হচ্ছে, আমার উপস্থিতি বাড়ানো হলো। পরে দেখা গেল চরিত্রটা রীতিমতো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটা পরিচালকের সঙ্গে শিল্পীর বোঝাপড়ার ব্যাপার। আমাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া, প্রতিভা খুঁড়ে বের করে আনা পরিচালকের কাজ। সেটা মঞ্চে হোক বা ওটিটি—আমার কাজ অভিনয় করা। আমার দায় চরিত্রের প্রতি সৎ থাকা। সামাজিক দায়, রাজনৈতিক দায়, সেসব ভিন্ন আলাপ।

‘আলেয়া টুইস্ট’ নাটকের একটি দৃশ্যে সহশিল্পীদের সঙ্গে শরীফ সিরাজ
ছবি: সংগৃহীত

প্রশ্ন :

আপনি তো শিক্ষক। পাশাপাশি অভিনয়ও করছেন।

করোনার কারণে গত দুই বছর বসেই কাটাতে হচ্ছিল। তবে পড়াশোনাটা চালিয়ে নিচ্ছি। চলচ্চিত্র নিয়ে গবেষণার পরিকল্পনা আছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পিএইচডিতে ভর্তি হব।

প্রশ্ন :

ইন্ডাস্ট্রির নবীন সদস্য হিসেবে পর্যবেক্ষণ কী?

ইন্ডাস্ট্রিতে অর্থনৈতিক ও অন্যান্য নিরাপত্তা ঠিক করা গেলে একজন অভিনেতা নিজেকে একই চেহারায় বারবার দেখানোকে ‘না’ বলতে পারবেন। একটা লুকে কেউ জনপ্রিয় হলে বারবার তাঁকে একই লুকে উপস্থাপন বন্ধ হওয়া উচিত। অভিনয় করেই সংসার চালাতে হয় বলে অনেকে সেটা করতে বাধ্য হন। আমাকে অনেকে নক করছেন। যখন শুনছে ‘জ্যাকসন ভাই’ লুকের চুল কেটে ফেলেছি, হতাশ হচ্ছেন। এটা আমার খুব খারাপ লাগছে।

শরীফ সিরাজ
ছবি: ফেসবুক থেকে

প্রশ্ন :

আর অর্থনৈতিক বিষয়?

অর্থনৈতিক স্বচ্ছতাও দরকার। তরুণ অভিনেতার জন্য একটা সম্মানজনক পারিশ্রমিক নির্ধারণ করে আলাপ শুরু করা উচিত। এখানে তরুণ অভিনেতাদের অর্থনৈতিকভাবে শোষণ করা হয়।

প্রশ্ন :

যত দূর জানি, ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’র মতো কাজগুলো আর মঞ্চায়ন হবে না। সেগুলো কি অনলাইনে আসবে?

কেউ যদি মনে করে মঞ্চনাটককে প্রদর্শনযোগ্য করে অনলাইনে আনতে পারবে, তাহলে হয়তো আসবে। রিজওয়ান, জীবন ও রাজনৈতিক বাস্তবতা, মন্ত্রাস ৪.৪৮ ভিডিও করা আছে। বিক্রয়যোগ্য করে উপস্থাপন করলেই হয়! তার আগে অবশ্য জামিল স্যারকে রাজি করাতে হবে।