>কলকাতার নান্দিরঙ্গ নাট্যোত্সবে মঞ্চস্থ হবে পালাকারের নারীগণ নাটকটি। অন্যদিকে ন্যাশনাল স্কুল অব ড্রামা আয়োজিত আন্তর্জাতিক নাট্যোত্সবে পরিবেশিত হবে প্রাক্তনী থিয়েটার স্কুলের নাটক প্রথম পার্থ। দুটি নাটকেই অভিনয় করছেন ছোট পর্দার অভিনয়শিল্পী তানিয়া হোসাইন। দুই উত্সবে যোগ দিতে দলের সঙ্গে আজ সকালে কলকাতার উদ্দেশে রওনা দিচ্ছেন তিনি।

নাটক দুটি কবে মঞ্চস্থ হবে?
৩ ফেব্রুয়ারি কলকাতার তপন মঞ্চে মঞ্চস্থ হবে পালাকারের নারীগণ নাটকটি। অন্যদিকে এনএসডির আন্তর্জাতিক নাট্যোত্সবে ৭ ফেব্রুয়ারি দিল্লিতে মঞ্চস্থ হবে নাটক প্রথম পার্থ। ৯ ফেব্রুয়ারি একই উত্সবে পাটনায় আরেকটি শো হবে প্রথম পার্থ নাটকের।
ন্যাশনাল স্কুল অব ড্রামা আয়োজিত আন্তর্জাতিক নাট্যোত্সবে ‘প্রথম পার্থ’ নাটকটির দুটি শো হবে। নাটকটির একজন শিল্পী হিসেবে কেমন লাগছে?
ন্যাশনাল স্কুল ড্রামা এই উপমহাদেশের মঞ্চনাটকের তীর্থস্থান। এই জায়গায় গিয়ে নাটক করা নতুন অভিজ্ঞতা হবে আমার। ১৫০টি দেশের নাটকের উত্সবে আমাদের নাটক অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। মঞ্চনাটকের এই মহাযজ্ঞে আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারছি। বিষয়টি আমার নাটকের দল এবং দলের একজন কর্মী হিসেবে গৌরবের।আন্তর্জাতিক এই নাট্যোত্সবে অংশ নেওয়ার সুযোগ হলো কীভাবে?
মঞ্চনাটক ভিডিও করে তাঁদের পাঠাতে হয়। যতটুকু শুনেছি, এবার ১৫০টি দেশ থেকে প্রায় এক হাজার নাটক জমা পড়েছিল। এনএসডির শিক্ষক ও নাট্যবোদ্ধাদের দ্বারা গঠিত নির্বাচক কমিটি যাচাই-বাছাই করে দেড় শ নাটক নির্বাচন করেছে। সেখানে আমাদের নাটকও উত্সবে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে। এটা আমাদের জন্য বড় পাওয়া।
নিজ দল নাগরিক নাট্যসম্প্রদায়ের নাটকে আপনাকে নিয়মিত দেখা যাচ্ছে না...
দলের যেসব নাটকে আমি অভিনয় করি, সেই নাটকগুলো এখন নিয়মিত মঞ্চস্থ হচ্ছে না। সবশেষ ঘাসিরাম কোতয়াল নাটকটি বছর চারেক আগে মঞ্চস্থ হয়েছে। এর মধ্যে দেওয়ান গাজীর কিস্সা নাটকটি আবার নতুন করে মঞ্চে এসেছে। তবে দেওয়ান গাজীর কিস্সা নাটকে আমি অভিনয় করিনি। এখন দলের বাইরে প্রথম পার্থ ও নারীগণ নাটক দুটি নিয়েই ব্যস্ততা যাচ্ছে।
সাক্ষাৎকার: শফিক আল মামুন