এটা আমার ভুল হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>আজ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিছবি অংশবিশেষ। এতে অভিনয় করেছেন এ প্রজন্মের অভিনয়শিল্পী শবনম ফারিয়া। টেলিছবিটিসহ অন্যান্য বিষয়ে গতকাল ফারিয়ার সঙ্গে যখন কথা হয়, তখন তিনি ব্যাংককের পাতায়ায়।
শবনম ফারিয়া l ছবি: প্রথম আলো
শবনম ফারিয়া l ছবি: প্রথম আলো

ব্যাংককে কিসের শুটিং করছেন?
হিংটিংছট নামের একটি ধারাবাহিক নাটকের শুটিং করতে ব্যাংককে এসেছি। ২৮ অক্টোবর দেশে ফিরব।
দেশে শুটিং করা যেত না?
এই নাটকের গল্প একটি রিসোর্টকে ঘিরে। যে ধরনের রিসোর্টে আমরা কাজ করেছি, এমনটা বাংলাদেশে নেই। বাধ্য হয়ে ব্যাংককে আসতে হয়েছে।
কষ্ট করে কাজ করেন, তারপরও তো এখনকার নাটক নিয়ে আলোচনা হয় না।
আলোচনা তো হওয়ার কথাই না। কারণ, এখন অনেকেই নাটক দেখেন না। আসলে নাটকের মতো নাটক নির্মাণ হয় না। সবচেয়ে বড় সমস্যা বাজেট। চ্যানেল বেশি হওয়াতেও নাটকের মান পড়ে গেছে। তা ছাড়া বিজ্ঞাপনের আধিক্যের ব্যাপারটিও তো আছে। 
বিরতিহীন নাটকও তো কেউ দেখছেন না...
বাজেট কম হওয়ায় ভালো গল্প সত্ত্বেও ঠিকভাবে শুটিং করা সম্ভব হয় না। চিত্রনাট্যে যা থাকে, শুটিং সেটে গিয়ে বদলেও ফেলতে হয়। গোঁজামিল করে মিলিয়ে দেওয়া হয়।
এ রকম কোনো ঘটনা কি আপনার ক্ষেত্রেও ঘটেছে?
অনেকবারই ঘটেছে। এই তো রোজার ঈদে বয়স যখন একুশ নাটকের শুটিং করার প্ল্যান ছিল চার দিনে। তিন দিন পর বাজেট প্রায় শেষ। চতুর্থ দিনের পরিকল্পনা পুরোপুরি বদলে ফেলতে হয়। 
আজ রাতে ‘অংশবিশেষ’ নামের একটি টেলিছবিতে আপনাকে দেখা যাবে...
এই প্রজন্মের তরুণদের সঙ্গে বাবা-মা, পরিবার, বন্ধু এবং ভালোবাসার মানুষের সঙ্গে সম্পর্কে জটিলতার ব্যাপারটি তুলে ধরা হয়েছে গল্পে।
কিছুদিন আগে আপনি নাকি একটি নাটকের সেট থেকে শুটিং ফেলে চলে এসেছিলেন?
সেদিন সকাল থেকে মাথাব্যথা করছিল। শুটিংয়ে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়ি। দুই ঘণ্টা বসে থাকার পর যখন আর পারছিলাম না, তখন চিত্রগ্রাহককে এসএমএস পাঠিয়ে চলে আসি। বিষয়টা মোটেও আমার ঠিক হয়নি। এটা আমার ভুল হয়েছে।
ভুলের কথা পরিচালককে জানিয়েছেন?

না, জানানো হয়নি।
সাক্ষাৎকার: মনজুর কাদের