এটা খুবই স্পর্শকাতর বিষয়: নুসরাত ফারিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়া

সাম্প্রতিক সময়ের আলোচিত মুখ অভিনেত্রী নুসরাত ফারিয়া। ঈদে মুক্তি পেয়েছে তাঁর প্রথম সিনেমা ‘আশিকী’। মুক্তির আগে এ ছবি নিয়ে তুমুল আলোচনা হলেও পরবর্তীতে নানা কারণে দর্শকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ছবির প্রধান নায়িকা নুসরাত ফারিয়া সম্প্রতি মুখোমুখি হয়েছিলেন প্রথম আলোর। এ ছবি নিয়ে কথা বলার এক পর্যায়ে মৌসুমীর প্রসঙ্গ আসলে বিনীতভাবেই ফারিয়া জানিয়েছেন— ‘এটা খুবই স্পর্শকাতর বিষয়।’ পাঠকদের জন্য নুসরাত ফারিয়ার সাক্ষাৎকারটি নিয়েছেন মনজুর কাদের।

দেশের  প্রেক্ষাগৃহে আপনার প্রথম ছবি ‘আশিকী’ মুক্তি পেয়েছে। চলচ্চিত্রে আপনার অভিষেক কেমন হলো?
আমার কাছে তো অনেক ভালো মনে হয়েছে। এমনও শুনেছি, যাঁরা নাকি সিনেমা হলে যাওয়া ভুলে গিয়েছিলেন তাঁরাও ‘আশিকী’ ছবিটি দেখতে গেছেন। এ আমার জন্য অনেক বড় এক প্রাপ্তি। বাংলাদেশের অনেক বড় বড় মানুষও আমার ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে গেছেন।

নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়া

কারা সেই বড় বড় মানুষ?
আমি তাঁদের নাম উল্লেখ করতে চাই না। তবে এটুকু বলতে চাই, রাজনৈতিক ব্যক্তি, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি, এমনকি শিক্ষাক্ষেত্রের অনেকেই আমাকে ফোন করে বলেছেন যে, তাঁরা আমার সিনেমা দেখতে গেছেন। এতে করে আমার মনে হয়েছে, দেশের সিনেমা যে পর্যায়ে ছিল, সে পর্যায় থেকে আবারও ঘুরে যাচ্ছে। প্রথম ছবি হিসেবে সত্যিই অপ্রত্যাশিত দর্শক প্রতিক্রিয়া পাচ্ছি।
আপনি বলছেন সবাই আপনার প্রশংসা করছেন। এদিকে, অনেকেই বলছেন, মুক্তির আগে এ ছবি দেশে যতটা আওয়াজ তুলেছিল মুক্তির পর চিত্রটা বিপরীত? বুকিং এজেন্টরাও নাকি ছবি নিয়ে সন্তুষ্ট নন? কেন এমনটা হয়েছে?
সত্যি কথা বলতে, ছবি মুক্তির আগে আলোচনার পাশাপাশি সমালোচনাও ছিল অনেক। আমাকে যখন ‘প্রেমী ও প্রেমী’ (আশিকী ছবির প্রথম নাম) ছবির মহরতের দিন সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল, তখনো কথা উঠেছিল, অঙ্কুশ নাকি জানেনই না তাঁর সঙ্গে আমি অভিনয় করছি। এখন ছবি রিলিজের পরও সমালোচনা হচ্ছে। আমি সবচেয়ে বেশি ইতিবাচক বলব যে কারণটিকে; তা হচ্ছে— আলোচনা-সমালোচনার মধ্য দিয়েই ‘আশিকী’ কিন্তু নাম্বার ওয়ান। ছবি মুক্তির আগে ও পরে একই অবস্থা দেখছি। এটা সত্যিই খুবই ইতিবাচক দিক। ঈদে আরও অনেক ছবি মুক্তি পেলেও, মানুষ কিন্তু অন্য কোনো সিনেমা নিয়ে ‘আশিকী’র মতো এতটা কথাও তুলছে না। ভালো হোক; মন্দ হোক, আর কোনো ছবি নিয়ে তাঁরা কথা বলছেন না। সবাই এ ছবিকে নিয়ে নানা ধরনের স্ট্যাটাস দিচ্ছেন। আমি কিন্তু বিষয়টা বুঝছি না, কোন দৃষ্টিকোণ থেকে এটা বলা হচ্ছে।
ছবির শুরুতে হিন্দি সংলাপের বাহুল্যে বিরক্ত হয়েছেন দর্শকেরা। বাংলা এই ছবিতে দেশের প্রেক্ষাপটে হিন্দি সংলাপ কী এতটা জরুরি ছিল?
আমি মনে করি, সেখানে যদি একজন তুরস্কের লোক থাকত তাহলে তিনি অবশ্যই তুর্কি ভাষাতেই সংলাপ বলতেন। হিন্দি সংলাপের মাধ্যমে বোঝানো হয়েছে, লোকটি কোন চরিত্রের। ছবিতে কয়েকজন ব্রিটিশ লোকজনকেও হাঁটতে দেখা গেছে, তাঁরা তো ইংরেজিতেই কথা বলবেন, নাকি! সাব টাইটেলে যেতে পারে, ডাবিংও যেতে পারে। আপনি এটাও দেখবেন, ‘আশিকী’ ছবিতে যাঁরা বাংলা ভাষাভাষী তাঁরা কিন্তু কথা বলেছেন বাংলায়।
সে ক্ষেত্রে আপনি আর অঙ্কুশ কি বাংলা জানেন না?
আমরা তো পুরো ছবিতেই বাংলায় কথা বলেছি। যেখানে হিন্দিতে বলেছি, তা গল্পের প্রয়োজনেই বলেছি। আর এটা আসলে ‘ডিরেক্টরিয়াল লজিক’।
‘আশিকী’তে মৌসুমীর চরিত্রের শুরু আছে কিন্তু ছবিতে এ চরিত্রের কোনো পরিণতি নেই। ছবির প্রধান নায়িকা হিসেবে এ ব্যাপারে আপনার মন্তব্য কী?
সত্যি কথা বলতে এ বিষয়টা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমার কাছে মনে হয়েছে, মৌসুমী আপার চরিত্রটি অবশ্যই বিশেষ গুরুত্ব বহন করে। ওই চরিত্র উনি ছাড়া অন্য কেউ রূপদান করতেও পারতেন না। ছবিটি দেখতে গিয়ে এটা সবাই বুঝতে পেরেছেন। আমার মতো একজন ছোট মানুষের এটা নিয়ে কথা বলাটা মোটেও উচিত না। আমার কাছে মনে হয়, এটা খুবই স্পর্শকাতর বিষয়, এ নিয়ে বেশি কথা আমি বলতেও চাই না। মৌসুমী আপু অনেক সিনিয়র একজন মানুষ। তাঁর এই বিষয়টা নিয়ে আমি ঘাঁটাতে চাই না।
দর্শক হিসেবে আপনার কি মনে হয়েছে?

নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়া


আমি আসলে কোনোভাবেই এ নিয়ে কিছুই বলতে পারব না।
‘আশিকী’ ছবিতে ‘মেয়েদের মন বোঝা’ শিরোনামের একটি গান গেয়েছিলেন কণা। ইউটিউবে গানটির ট্রেলার ছাড়ার সময় পুরুষ কণ্ঠ ঠিক থাকলেও নারীকণ্ঠ নিয়ে জটিলতা তৈরি হয়। প্রেক্ষাগৃহে দর্শকেরা কিন্তু কণার কণ্ঠে গানটি শুনতেও পারেননি!
কথা ছিল, কলকাতার অংশে কলকাতার শিল্পী থাকবেন আর বাংলাদেশে মুক্তির সময় কণার গান থাকবে। যত দূর জানি, খুব তাড়াহুড়োর কারণে শেষ পর্যন্ত গানটি রাখা সম্ভব হয়নি। কলকাতায় যা সম্পাদনা করা হয়েছে বাংলাদেশে সেটাই প্রদর্শিত হয়েছে। আর এ ব্যাপারটি ছবি সংশ্লিষ্টরাই ভালো বলতে পারবেন। ছবির পুরো কাজটা খুব অল্প সময়ের মধ্যে করতে হয়েছে। যেমন এই ছবির একটা জায়গায় আমার একটি সংলাপ শেষ পর্যন্ত ঠিক করাই সম্ভব হয়নি।
তাহলে কী পরিকল্পনার অভাব ছিল?
নাহ্, তা বলতে চাচ্ছি না। ঈদ আসছে; ছবি মুক্তি দেওয়াটাই ছিল মুখ্য। এই হচ্ছে বড় চাপ। আর এসব কিন্তু বড় মানুষদের ব্যাপার-স্যাপার। আমি ছোট মানুষ, আমাকে যে তাঁরা পাত্তা দেন এটাই অনেক বড় ব্যাপার।
আপনার বলিউডের ছবিটি নিয়েও কথা উঠেছে। অনেকেই বলছেন, আদৌ আপনি বলিউডের কোনো ছবিতে কাজ করছেন কিনা!
‘আশিকী’ ছবিটি করার আগেও অনেকে আমাকে নিয়ে এমন ধরনের নানা কথাবার্তা বলেছেন। কাল আমি ব্যাংকক যাচ্ছি। দেশে ফিরে ৭ অক্টোবর সকালের ফ্লাইটে মুম্বাই যাব। তখনই ‘গাওয়াহ্: দ্য উইটনেস’ ছবির চূড়ান্ত আপডেট সবাইকে জানাতে পারব।