এটা টেলিভিশনের জন্য আমার প্রথম কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামার আহমাদ সাইমন l ছবি: প্রথম আলো
কামার আহমাদ সাইমন l ছবি: প্রথম আলো

নির্মাতা কামার আহমাদ সাইমন তৈরি করেছেন একটি সুতার জবানবন্দি নামে নতুন তথ্যচিত্র। বাংলাদেশের পোশাকশ্রমিকদের জীবনচিত্রের নানা দিক উঠে এসেছে এতে। দুই বছর আগে ঘটে যাওয়া রানা প্লাজার ঘটনার ছায়া রয়েছে এই তথ্যচিত্রে। কামার তাঁর নতুন এই কাজ নিয়ে কথা বললেন এবার

শুনলাম, রানা প্লাজার ট্র্যাজেডি নিয়ে কাজ করছেন
আমাদের দেশে পোশাকশিল্পের মতো এমন বড় একটি ক্ষেত্র নিয়ে কিছু করার তাগিদ সব সময়ই আমার ভেতরে কাজ করেছে। ২০১৩ সালে গিয়ে সেই ভাবনা আরও বিস্তৃত হয়।সে বছর ‘এশিয়ান পিচ’ অনুষ্ঠানে একটি সুতার জবানবন্দির পিচ করি। এরপর তথ্যচিত্রটি নিয়ে কাজ শুরু করি। ৫০ মিনিটের এই তথ্যচিত্রের সম্পাদনার কাজ শেষ হয়েছে। কিছু কারিগরি কাজ বাকি। মাস খানেকের মধ্যে পুরোপুরি তৈরি হয়ে যাবে। 

খুব শিগগির এটা সবার সামনে আসছে?

এবারের তথ্যচিত্রটি বাংলাদেশে প্রচারের ব্যাপারে আপাতত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। একটি সুতার জবানবন্দি তৈরি হয়েছে চারটি ভিনদেশি টেলিভিশন চ্যানেলে প্রচারের জন্য। জাপানের এনএইচকে, কোরিয়ার কেবিএস, সিঙ্গাপুরের মিডিয়া কোর এবং তাইওয়ানের পিটিএস চ্যানেলে দেখানো হবে এই তথ্যচিত্র। এটা টেলিভিশনের জন্য করা আমার প্রথম কাজ। 

ব্যস্ততা কি তাহলে শুধু ‘একটি সুতার জবানবন্দি’ নিয়ে? 

আরও কিছু কাজ করছি। এই পয়লা বৈশাখে আমার ছবি শুনতে কি পাও নিয়ে গিয়েছিলাম সুতারখালী গ্রামে। এই গ্রামেই তো তৈরি হয়েছে শুনতে কি পাও। নানা দেশ ঘুরে এবার সুতারখালীতে নিয়ে গেলাম ছবিটি। ধান কাটার পর বিস্তৃত ধানখেত খালি পড়ে ছিল। সেখানে খোলা আকাশের নিচে বসে, শ্যালো ইঞ্জিন দিয়ে জেনারেটর চালিয়ে বড় স্ক্রিনে ছবিটি গ্রামবাসীকে দেখিয়েছি আমরা। 

জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিশ্চয় দায়িত্বটা বাড়িয়ে দিল। এরপর তাহলে কী করতে যাচ্ছেন?

প্রথম ছবির জন্য জাতীয় পুরস্কার অর্জনের পর একটা চাপের মধ্য দিয়ে যাচ্ছি। এখন ভালো কাজ চালিয়ে যাওয়ার একটা তাড়া কাজ করছে। খুব শিগগির একটি ডিভিডি প্রকাশ করব, মেকিং অব শুনতে কি পাও। এতে থাকবে শুনতে কি পাও-এর পেছনের সব কথা। এরপর ব্যস্ত হয়ে পড়ব শঙ্খধ্বনি নিয়ে। ইচ্ছা আছে এ বছরের শেষ নাগাদ ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু করার। 

সাক্ষাৎকার: আদর রহমান