>গত শুক্রবার কলকাতার ৮৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাকির হোসেন রাজু পরিচালিত চলচ্চিত্র নিয়তি। যৌথ প্রযোজনার এই ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী জলি। বাংলাদেশের আগেই ভারতে ছবি মুক্তি এবং এই ছবি নিয়ে নানা প্রত্যাশার কথা জানালেন ছবির নায়িকা জলি।

‘অঙ্গার’ দুই বাংলায় তেমন ব্যবসাসফল হয়নি। ‘নিয়তি’ নিয়ে কতটা আশা আছে?
এই ছবিটি নিয়েই আমার যত আশা। নিয়তি শুধু ছবি নয়, এটি আমার নিয়তি। ছবিটির শুটিং শুরুর পর থেকে এই কথাটিই বলে আসছি। চলচ্চিত্রে আমার স্বপ্ন দেখা, আমার শ্রম, কষ্ট—সবকিছুই এই নিয়তিকে ঘিরে।
কলকাতা থেকে কোনো সুসংবাদ পাচ্ছেন কি?
অপ্রত্যাশিত সব খবর পাচ্ছি। এত ভালো সাড়া পাব আশা করিনি। কলকাতায় আমার পরিচিত যাঁরা আছেন, তাঁদের অনেকেই ছবিটি দেখেছেন। আমাকে ফেসবুক, মুঠোফোনে এসএমএস করেছেন তাঁরা। লিখেছেন, অঙ্গার-এর চেয়ে এই ছবিতে আমার কাজ সাবলীল হয়েছে। ছবিটি দেখতে বসে অনেকের চোখেই নাকি পানি চলে এসেছে।
কলকাতায় ছবিটির প্রচারণায় শুভ গিয়েছিলেন, আপনি গেলেন না কেন?
এমন একটা সময়ে আমাকে যেতে বলা হয়েছিল, যখন ভিসা ছিল না। ভিসা করার মতো সময়ও ছিল না। দু-এক দিনের মধ্যে কলকাতায় যাচ্ছি। সেখানকার প্রেক্ষাগৃহে বসে নিজের ছবিটি দেখতে চাই।
দেখা যায়, যৌথ প্রযোজনার ছবি দুই বাংলায় একই সঙ্গে মুক্তি পায়। এবার কলকাতায় আগে পেল কেন?
ছবিটির প্রধান দুজন শিল্পীই বাংলাদেশের। সুতরাং একসঙ্গে দুই জায়গায় মুক্তি পেলে ভালো হতো। আমি বেশি খুশি হতাম ছবিটি যদি আগে বাংলাদেশে মুক্তি পেত। কিন্তু কী কারণে কলকাতায় আগে মুক্তি পেল, তা আমার জানা নেই।
বাংলাদেশের দর্শকেরা কবে ‘নিয়তি’ দেখবেন?
শুনেছি, দুই ঈদের মাঝামাঝি সময়টাতে বাংলাদেশে মুক্তি পেতে পারে।
সাক্ষাৎকার: শফিক আল মামুন