‘এত বড় রকস্টার বাংলাদেশে কখনো জন্মায়নি’
আজ রাত ১১টায় এবিসি রেডিওতে প্রচারিত হবে ‘ট্রিবিউট টু জেমস, সুলতানা বিবিয়ানা’। জেমসের জন্মদিন উপলক্ষে আয়োজিত বিশেষ এই অনুষ্ঠানে গাইবেন ‘পাওয়ার ভয়েস ২০১২’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সজল। অনুষ্ঠানসহ অন্যান্য প্রসঙ্গে গতকাল শুক্রবার সন্ধ্যায় কথা হলো তাঁর সঙ্গে।
প্রশ্ন :
‘ট্রিবিউট টু জেমস, সুলতানা বিবিয়ানা’ অনুষ্ঠানে কোন গানগুলো গাইবেন?
গতানুগতিক গানগুলো তো সব সময় স্টেজে গাই, তাই এই অনুষ্ঠানে জেমস ভাইয়ের গাওয়া পুরোনো গানগুলোই গাইব। অনুষ্ঠানটি যেহেতু জেমস ভাইয়ের জন্মদিন উপলক্ষে, তাই তাঁরই পছন্দের গানগুলো করার চেষ্টা করব।
প্রশ্ন :
কোন গানগুলো জেমস ভাইয়ের পছন্দের, তা আপনি কীভাবে বুঝলেন?
আমরা তো তাঁর পাগলা ভক্ত, একনিষ্ঠ ভক্ত। জেমস বাংলাদেশের সংগীতের একটা বড় অধ্যায়। আমার মতে, এত বড় রকস্টার বাংলাদেশে কখনো জন্মায়নি। আজম খানের গানগুলো যেমন দর্শন, তেমনি জেমস ভাইয়ের গানগুলোও দর্শন। তবে তাঁর সব গান কিন্তু দর্শন নয়, যেমন ‘পাগলা হাওয়া’ শুধুই একটা পপুলার ট্র্যাক। কিন্তু ব্যান্ড সং, যেগুলো জেমস ভাইয়েরা সাধনা করে তৈরি করতেন, ওই গানগুলো তো অবশ্যই তাঁর পছন্দের গান। এই যেমন ‘দুখিনী দুঃখ কোরো না’, ‘তারায় তারায় রটিয়ে দেব’, ‘হতে পারে এ দেখা শেষ দেখা’, ‘যেদিন বন্ধু চলে যাব’ এসব গানে তাঁর নিজের মেধা ও শ্রম ছিল। যেখানে মানুষের শ্রম থাকে, সেগুলো তো তাঁর অবশ্যই পছন্দের।
প্রশ্ন :
জেমসের সঙ্গে কখনো দেখা হয়েছে, কথা হয়েছে?
রিয়েলিটি শো শেষে আমার প্রথম ইউএসএ ট্যুর নগরবাউলের চুক্তিতে। সেই ট্যুরে নগরবাউলের সঙ্গে একসঙ্গে হোটেল রুম শেয়ার ও ঘোরাঘুরি করছি। আমার জীবনের সবচেয়ে বড় অর্জন আসলে পাওয়ার ভয়েস উইনিং মনে করি না, আমি যাকে ফলো করি, আইডিওলাইজ করি, তাঁর সঙ্গে ট্যুর করতে পারা, একই মঞ্চে গাইতে পারা—স্বপ্নের মানুষের সঙ্গে বিদেশ সফর সত্যিই রোমাঞ্চকর।
প্রশ্ন :
এবার আপনার প্রসঙ্গ। রিয়েলিটি শো শেষে আপনার গানের সংখ্যা কম বলে অভিযোগ অনেকের।
পারিবারিক কারণ একটা বড় ব্যাপার। আরেকটা ব্যাপার, আমাদের এখানে নিজের গান গেয়ে জনপ্রিয় হতে হয়। আমি জেমস ভাইয়ের বা তাঁর প্যাটার্নের গান বেশি গাওয়াতে কনসার্টের সংখ্যা বেশি। হাটে–ঘাটে–মাঠে চাহিদা বেশি। কনসার্টে গাইতে গিয়েই নিজের গানের প্রতি সুবিচার করতে পারিনি। আমি নিজে থেকে পরিকল্পনা করে কোনো গান করি না। তবে এত কিছুর পরও ২০–২১টা চলচ্চিত্রে প্লেব্যাক করেছি। সিঙ্গেল করছি। কিন্তু নিজের গান প্রমোট যে করব, সেই আগ্রহ পাচ্ছি না।
প্রশ্ন :
কেন?
সংগীত এখনো শিখছি। মনমতোও তো হতে হবে। দর্শকেরা আমাকে দেখলেও অবশ্য জেমস ভাইয়ের গানটাই শুনতে চায়। আমার মা–ও বলেন, ‘নিজের গান করো।’ তবে জেমস ভাইয়ের গান গাওয়াটা স্বপ্নের মতো। কারণ, দর্শক আমার কাছ থেকেও জেমস ভাইয়ের গান শুনতে চায়। একই রিঅ্যাকশন পাচ্ছি। কনসার্টে আমরা যে চেষ্টা করি, সফল হয় তখন, যখন দর্শক হাততালি দেয়।
প্রশ্ন :
নিজের গান করতে না পারার দুঃখবোধ আছে?
এটা আমাকে পোড়ায়। আমার নিজের ও বন্ধুদের লেখা ও সুর করা অনেকগুলো গান রয়েছে। এই গানগুলো করব। আমি আসলে একটু আলসে টাইপের। প্রচারবিমুখ। জেমস ভাইকে অনুসরণ করতে গিয়ে তাঁর জীবনের অনেক কিছুও আমার মধ্যে ভর করেছে। তবে আমি এটাও ভাবি, আমার তো মাত্র শুরু। এবারের আরটিভি মিউজিক অ্যাওয়ার্ডে বেস্ট প্রমিজিং শিল্পীর মনোনয়ন পেয়েছি। তাই আমি মনে করি, এখনো নবাগত।
প্রশ্ন :
আপনার সংগীতজীবন নিয়ে স্বপ্ন কী?
খুব বেশি দৌড়াদৌড়ি না করা। নিজের গান করা। ভালো গান করা, যেটা বাণী বহন করে। আমরা যেমন জেমস ভাইয়ের গান শুনে মোহিত হয়েছি, তেমনি পরের প্রজন্মও আমাদের গানগুলো শুনে যেন মোহিত হয়।