
আজ সোমবার কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়ছেন বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র তারকা শাকিব খান। সেখানে কয়েকটি শোতে অংশ নেবেন তিনি। ইদানীং ভারতের বিভিন্ন শহরে শো করছেন তিনি। এ নিয়েই কথা হলো তাঁর সঙ্গে।
ভারতের কোথায় কোথায় শো করছেন?
পশ্চিমবঙ্গের নদীয়ায় দুই দিন (সোম ও মঙ্গলবার) দুটি শোতে অংশ নেব। তা ছাড়া ২৯ জানুয়ারি আসাম, ৩০ জানুয়ারি কলকাতা ও ৩ ফেব্রুয়ারি মেদিনীপুরে একটি করে অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা চূড়ান্ত হয়েছে।
সেখানে আপনার ভক্ত কেমন?
আমি নিজেও বুঝতে পারিনি ওখানে আমার এত জনপ্রিয়তা! গত বছর কলকাতায় শিকারি ছবির শুটিং চলার সময় শহরের বাইরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। অনুষ্ঠানে অংশ নিয়ে সেদিন একদম বোকা হয়ে গিয়েছিলাম। ওখানে আমাদের কোনো ছবি চলে না, কোনো চ্যানেলও দেখে না। তারপরও এত মানুষ আমাকে চেনেন, জানা ছিল না! ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোতে আমার পরিচিতি বেশি। আর আসলে এখন তো অনলাইনের যুগ। জানতে পেরেছি, তাঁরা ইউটিউবে আমার ছবি দেখেছেন। এ ছাড়া যৌথ প্রযোজনার ছবি শিকারি মুক্তির পর পরিচিতির মাত্রাটা বেড়ে যায়।
এখন পর্যন্ত ভারতের কোথায় সাড়া বেশি পেয়েছেন?
সবচেয়ে বেশি সাড়া পেয়েছি আসামের বোকো ও গুয়াহাটিতে শো করতে গিয়ে। আমার কাছে মনে হয়েছে, আমি বাংলাদেশেই শো করছি। ‘শাকিব! শাকিব!’ বলে তাঁদের উল্লাস দেখে মুগ্ধ হয়েছি আমি।
বিষয়টি উপভোগ করেন?
এত দিন ভারতের শিল্পীরা আমাদের এখানে তারকা খ্যাতি পেয়েছেন। এখন বাংলাদেশের শিল্পীরাও ওই দেশে তেমনই পরিচিতি পাচ্ছেন, এটাই বড় বিষয়।