এফডিসিতে বরাদ্দ এসে ফিরে যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এফডিসিতে শুটিংয়ের ফাঁকে পাওয়া গেল শাকিব খানকে। চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে কথা হলো তাঁর সঙ্গে

শাকিব খান
শাকিব খান

আপনি ঘোষণা দিয়েছিলেন, বছরে চারটির বেশি ছবিতে অভিনয় করবেন না...
আমি তো পারলে বছরে দুটি সিনেমায় অভিনয় করতে চাই। কিন্তু সিনেমা হল-সংশ্লিষ্টদের অনেকেই অনুরোধ করেছেন, আমার ছবির কারণে তাঁরা ব্যবসায়িক আস্থাটা ফিরে পান। চলচ্চিত্র-সংশ্লিষ্টদের অনুরোধ, আমি যেন নিয়মিত কাজ করি।
ঘোষণা কি শুধুই ঘোষণায় সীমাবদ্ধ থাকবে?
আমি চারটি ছবির যে ঘোষণা দিয়েছিলাম, তা হয়তো ঠিক রাখা সম্ভব হবে না। ভালো মানের এবং বড় বাজেটের ছবির প্রস্তাব যেভাবে পাচ্ছি, তাতে দেখা যাচ্ছে বছরে আমার ছবির সংখ্যা ছয় কিংবা আট হয়ে যেতে পারে।
প্রযোজক শাকিব খানের খবর কী?
প্রযোজক শাকিব খান বছরে দুটি না হলেও একটি ছবিতে বিনিয়োগ করবে।
একটা কথা প্রায়ই শোনা যায়, এফডিসিতে এখন আর চলচ্চিত্রের শুটিং সেভাবে হয় না...
কেনই বা হবে? এফডিসিতে ভালো কোনো এডিটিং ও ডাবিং থিয়েটার নেই। ক্যামেরার কথা তো বাদই দিলাম। এখানে বরাদ্দ এসে ফেরত যায়! কথাটা বলতে হয়তো খারাপ শোনা যাবে, তার পরও বলি, আপনার অনেক বড় একটা দোকান আছে অথচ আপনার সেই দোকানে মালামালই নেই। তাহলে ক্রেতারা কেন আপনার দোকানে যাবে, বলেন তো?
ইদানীং নকল ছবি হচ্ছে। এ ব্যাপারে আপনার মতামত কী?
পুরো গল্প নকল করা অন্যায়। বাইরের কোনো ছবির কোনো একটা দৃশ্য যদি ভালো লাগে, তা আমার ছবিতে আমার মতো করে যোগ করতেই পারি। তবে সেটা অবশ্যই আমার দেশের প্রেক্ষাপটে হতে হবে। উপস্থাপনায় নিজস্বতা বলতে কিছু থাকতে হবে। সাম্প্রতিক সময়ে হৃতিক রোশনের ব্যাং ব্যাং ছবিটিও কিন্তু নকলের অভিযোগে অভিযুক্ত। মুম্বাই সিনেমা এশিয়ান মার্কেটে প্রতিনিধিত্ব করছে, অথচ তারা তামিল ছবি কপি করেই যাচ্ছে। আমার মনে হয়, নির্দিষ্ট কিছু নিয়মকানুনের মধ্যে ফেলে দিয়ে ভালো ছবি নির্মাণে বাধা না দিয়ে এগিয়ে গেলে হয়।