
বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে চীনে গিয়েছিলেন বাংলাদেশের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম। তিনি বিশ্বসুন্দরী হতে পারেননি বটে, কিন্তু চীনের ‘মিস ওয়ার্ল্ড ক্যাম্প’ থেকে গত রোববার ফিরেছেন নানা অভিজ্ঞতা নিয়ে। গতকাল মঙ্গলবার দুপুরে প্রথম আলোর সঙ্গে সেসব অভিজ্ঞতা ভাগাভাগি করে নেন তিনি।
আপনি কি এখন নতুন জেসিয়া?
একদম না, আমি সেই আগের মতোই আছি। তবে জীবনে কিছু পরিবর্তন এসেছে। একজন সাধারণ মেয়ে থেকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হওয়া, ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বিশ্বের সব সুন্দরীর সঙ্গে লড়াই করার মধ্য দিয়ে নতুন অনেক কিছু শিখেছি। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে মাসখানেক থাকতে পেরে আমার চিন্তাভাবনায় কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে।
ক্যাম্পে কোন কোন দেশের প্রতিযোগীদের সঙ্গে সখ্য হয়েছে?
অনেকের সঙ্গে। সবচেয়ে ভালো সম্পর্ক গড়ে উঠেছে কেনিয়া, নেপাল ও মিসরের প্রতিযোগীদের সঙ্গে। আর যিনি ‘মিস ওয়ার্ল্ড’ হয়েছেন, ভারতের মানুষী ছিল্লার সঙ্গেও অল্পবিস্তর আলাপ হয়েছে।
স্যুভেনির নিয়ে গিয়েছিলেন। সেসব দিয়েছেন?
বিমানবন্দরে তিনটি বাক্স নিয়ে গিয়েছিলাম। পরে সেই তিনটি ভেঙে দুটি বাক্স করতে হয়েছে। প্রয়োজনীয় কাপড়চোপড়ই নিতে পারিনি, আর স্যুভেনির! ওগুলো শেষ পর্যন্ত নেওয়া হয়নি।
ক্যাম্পে অভিজ্ঞতার কথা বলুন।
পুরো ভ্রমণটিই ছিল মজার ও আনন্দের। আমরা অনেক ঘুরেছি। অনেক কিছু চিনেছি, দেখেছি, জানতে পেরেছি।
প্রতিযোগীরা সেখানে নিজের দেশ ও সংস্কৃতিকে তুলে ধরেছেন। আপনার ভিডিওটি দেখে মনে হলো খুব তাড়াহুড়ো করে তৈরি।
হ্যাঁ, ভিডিওটি ভালো হয়নি। আমাকে বলা হয়নি যে এটা পরিচিতির ভিডিও। ওই ভিডিওটা ঢাকায় সংবাদ সম্মেলনের দিন করা হয়েছে। আমাকে বলা হলো, দুই মিনিটের একটা ভিডিও হবে। বললাম কিসের? বলল, এমনি। আমার ধারণা ছিল না, এটা পরিচিতির ভিডিও। পরে ভিডিওটি দেখে আমি স্টুপিড হয়ে যাই। সেটা দেখে সবাই বুঝেছেন, যথাযথ প্রস্তুতি না নিয়ে করা সেটি। আমি কতটা আপসেট ছিলাম, তা ভিডিও দেখে বুঝেছেন সবাই।
‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা থেকে কী শিখেছেন?
যেকোনো পরিস্থিতিতে নিজেকে শক্ত রাখতে শিখেছি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে যত প্রতিযোগী এসেছেন, তাঁদের সবার চেয়ে আমার প্রস্তুতি ছিল কম। সব প্রতিযোগীর আয়োজক দেশ তাঁদের যেভাবে সহযোগিতা করেছে, আমি তার কিছুই পাইনি। খুব মন খারাপ নিয়ে ঢাকা থেকে রওনা করেছিলাম। এই প্রতিযোগিতায় যা শিখেছি, তা পরে আমার কাজে লাগবে।
অভিনয়ের প্রস্তাব পাচ্ছেন?
কেবল তো ফিরলাম। এখনো তেমন কেউ যোগাযোগ করেননি। সবকিছু খুব তাড়াহুড়ো করে হয়ে গেল। এবার একটু বিশ্রাম নেব। অন্তর শোবিজের সঙ্গে দুই বছরের চুক্তি। এই দুই বছর কাজটাজ যা করার, তাদের মাধ্যমেই করতে হবে।