>ঈদ মানেই চ্যানেলে চ্যানেলে তাঁর নাটক। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। প্রথম আলোর সঙ্গে আলাপে ইরেশ যাকের নিজের নাটক নিয়ে তো বললেনই, বললেন সহশিল্পীদের কাজ নিয়েও। বর্তমান ঈদের নাটকের প্রবণতা নিয়েও তাঁর মত উঠে এল।

ঈদ ব্যস্ততা নিয়ে বলুন...
এখন তো ছবিয়াল রি-ইউনিয়ন প্রকল্পে কাজ করছি। অফিস করতে হয় বলে সাধারণত ছয়-সাতটার বেশি কাজ করার সুযোগ পাই না। এবারও সাত-আটটার মতো কাজ করেছি।
এবারের কাজগুলোর বিশেষ দিক কী?
আসলে আপনিও জানেন, এখনকার নাটকের কোনো স্পেশালিটি নেই। ব্যক্তিগত কারণে এবার তেমন সময়ও দিতে পারিনি। আমি যতটুকু জানি, এবার একটু বড় পরিসরে কাজ হচ্ছে। প্রোডাকশন বাজেট বেশি এবং কাজগুলোর পেছনে সময় দেওয়া হচ্ছে বেশি। ছবিয়াল রি-ইউনিয়নের কাজগুলো করে মনে হচ্ছে, কিছুটা ব্যতিক্রম। এক দিনে যেমন নাটকের শুটিং হয়, সে রকম ছিল না।
ঈদে নিজের কাজ ছাড়া আর কার কাজ দেখবেন?
ঈদে আমি দেশে থাকব কি না, এখনো জানি না। আমি সাধারণত মোশাররফ করিম ভাইয়ের নাটক দেখতে পছন্দ করি। তাঁর কোনো না কোনো পারফরম্যান্স ভালো লাগবেই। চঞ্চল চৌধুরী ভাইয়ের কাজ দেখব। প্রিয় কো-আর্টিস্টদের কাজও দেখতে পছন্দ করি। বিশেষ করে যাঁরা একটু মেজর উদ্যোগ নিয়ে নেমেছেন, তাঁদের প্রোডাকশন একটা-দুইটা হলেও দেখতে চেষ্টা করব। যাঁরা এমন চেষ্টা করছেন, নিজের জায়গা থেকে তাঁদের সাপোর্ট দেওয়া উচিত। আর যদি দেশে না থাকা হয়, তাহলে পরে অনলাইনে দেখব।
ঈদে পরিচালকদের একসঙ্গে বড় প্রকল্পে কাজের প্রবণতা দেখা যাচ্ছে, এটা কীভাবে দেখছেন?
এটা ভালো, কিন্তু স্যাটিসফায়েড হওয়া আসলে কঠিন। আমরা যে প্রতিকূলতায় কাজ করি, তাতে পূর্ণ সন্তুষ্টি লাভ করা কঠিন। চেষ্টা করে যাচ্ছি। একদিন আমরা সবাই স্যাটিসফেকশনের জায়গায় যাব।
এবারের ঈদ বিনোদন নিয়ে দর্শকদের জন্য কিছু বলার আছে?
তাঁরা যদি আমার কাজ পছন্দ করেন, সেটাই হবে আমার কাছে অনেক বড় পাওয়া। আমি তো বলতে পারি না যে আপনারা দেখবেন, এটা আপনাদের কর্তব্য, এটা আপনাদের দেখতে হবে। তাঁদের কোনো কর্তব্য নেই। আমাদের কর্তব্য, তাঁদের সামনে ভালো কাজ এগিয়ে দেওয়া। যদি সেটা পারি, তাহলে তাঁরা দেখবেন।
সাক্ষাৎকার: শরীফ নাসরুল্লাহ