এবার রোমান্টিক গান বেশি করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>গায়ক ও সংগীত পরিচালক মিনার রহমানের নতুন গান ‘ঝুম’ সম্প্রতি প্রকাশিত হয়েছে। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এখন গানটির ভিডিও প্রচারিত হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও গানটি নিয়ে হচ্ছে আলোচনা। তবে এই একটি গানেই নয়, মিনার ব্যস্ত আরও বেশ কিছু কাজ নিয়ে। এসব জানতেই কথা হলো তাঁর সঙ্গে।
মিনার রহমান
মিনার রহমান

‘ঝুম’ গানটি সম্পর্কে কিছু বলুন।
‘ঝুম’ গানটির কাজ শুরু করেছিলাম আহারে অ্যালবাম প্রকাশের পরপরই। গানটির জন্য অনেক সময় নিয়েছি। এই গানের সংগীতায়োজন করেছে সাজিদ সরকার, সে আমার ভালো বন্ধু। তার সঙ্গে আমার বোঝাপড়াটা চমৎকার। পরিচিত-অপরিচিত সবাই গানটি নিয়ে তাঁদের ভালো লাগার কথা জানাচ্ছেন। এসব শুনে মনে হচ্ছে, আমাদের পরিশ্রম সার্থক হয়েছে।
ঈদে কি এই একটি গানই থাকছে?
শুরুতে ভাবনা তেমনই ছিল। কিন্তু ‘ঝুম’ নিয়ে প্রথম যখন গানচিল কর্তৃপক্ষের সঙ্গে আলাপ হয়, তখন একটি পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশের ব্যাপারে তারা আগ্রহ প্রকাশ করে। তাই নতুন আরও চারটি গান নিয়ে পুরো অ্যালবাম প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। এখন সেই কাজ করছি। সব সময়ের মতো এবারও অ্যালবামের সব কটি গানের কথা ও সুর আমার নিজের। সংগীতায়োজন করছেন শাকের রাজা, ফাইজান খান, ইফতেখারুল আনাম ও সাজিদ সরকার।
নতুন অ্যালবামের গানের কথায় কোন বিষয় প্রাধান্য পেয়েছে?
এবারের গানগুলোতে আমি আগের ধারা থেকে বেরিয়ে এসেছি। এবার রোমান্টিক গান বেশি করেছি। বন্ধুত্ব নিয়ে একটি গান আছে। এই গান ‘আহারে’ কিংবা ‘ঝুম’-এর মতো কিছু একটা হবে নিশ্চিত। তারুণ্যের চলার পথে যেমন সংকট থাকে, তেমনি সম্ভাবনাও থাকে। আমি আমার গানের কথার মধ্য দিয়ে তরুণদের উৎসাহ ও অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করি।
হাবিব ওয়াহিদের সঙ্গে নতুন গান করলেন?
হাবিব ভাই একদিন আমাকে ফেসবুকে নক করলেন। তিনি বললেন, ‘আমি একটা টিউন করেছি। আমি চাই সেখানে তোমার লেখা থাকুক।’ অদ্ভুত সুন্দর একটা সুর করেছেন হাবিব ভাই। তাঁর সঙ্গে কাজ করে ভালো লেগেছে। তাঁর সুরে আমার কথাগুলো বসিয়ে দেওয়ার পর অন্য রকম কিছু একটা তৈরি হয়েছে।
সাক্ষাৎকার: মনজুর কাদের