এবারের আয়োজন ভালো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিতা হক
মিতা হক

আজ থেকে শুরু হচ্ছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৩৪তম বার্ষিক অধিবেশন, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন ও প্রতিযোগিতা। ২৪ মে পর্যন্ত রাজধানীর ছায়ানট সংস্কৃতি-ভবনে হচ্ছে এ আয়োজন। এর উদ্বোধন হবে আজ সকাল সাড়ে নয়টায়। এ আয়োজন নিয়ে বললেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সহসভাপতি মিতা হক
সকাল থেকে ফোনে চেষ্টা করছি। খুব ব্যস্ত?
হ্যাঁ। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলনের একটি উল্লেখযোগ্য অংশ প্রতিযোগিতা। আজ (বৃহস্পতিবার) সারা দিন কিশোর বিভাগের চূড়ান্ত বাছাই হচ্ছে। ওরা সারা দেশ থেকে এসেছে। আমি এই কার্যক্রমের সঙ্গে জড়িত আছি। তা নিয়েই ব্যস্ত।
এবার কতজন প্রতিযোগী চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন?
কিশোর আর সাধারণ বিভাগে সব মিলিয়ে ৪০০ জন প্রতিযোগী।
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলনের সঙ্গে কত দিন জড়িত আছেন?
শুরু থেকে সব কটি সম্মেলনের সঙ্গেই আমি নানাভাবে আছি।
অন্যগুলোর সঙ্গে এবারের আয়োজনের কোনো পার্থক্য আছে?
তা প্রতিটি আয়োজনেই কিছু না কিছু থাকে। এবারের আয়োজন আমরা উৎসর্গ করেছি অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, সরদার ফজলুল করিম আর সালাউদ্দিন আহমেদের স্মৃতির উদ্দেশে। এ বছর রজনীকান্ত সেনের ১৫০তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হচ্ছে। প্রথম দিন সন্ধ্যায় থাকছে রজনীকান্ত সেনের গান নিয়ে একটি পর্ব। নজরুলজয়ন্তীর আগের দিন শেষ হচ্ছে উৎসব। তাই শেষ দিন সন্ধ্যায় থাকছে নজরুলের গান, আবৃত্তি আর গানের সঙ্গে নাচ। আর নিয়মিত বিভাগগুলো তো আছেই।
সারা দেশ থেকে কতজন শিল্পী অংশ নিচ্ছেন?
খুব বেশি না। সাধারণত ঢাকার আয়োজন নানা দিক থেকে বড় হয়। এ আয়োজনে অনেক কিছু থাকে। প্রতিযোগিতা এখানে একটি গুরুত্বপূর্ণ বিভাগ। তাই খুব বেশিসংখ্যক শিল্পীর অংশগ্রহণের সুযোগ থাকে না।
এ সম্মেলন তো বড় জায়গায় হয়?
হ্যাঁ, অন্তত বড় আঙিনা থাকা চাই। তাহলে সবার সঙ্গে সবার দেখা হয়, কথা হয়। এ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য হলো দেওয়া আর নেওয়া, সেটা হয়। খোলা জায়গা না থাকলে এর ব্যাঘাত ঘটে। ছায়ানট সংস্কৃতি-ভবনে আরও একবার এ আয়োজন হয়েছিল। তারপরও আশা করছি, এবারের আয়োজন ভালো হবে।