এবারের উৎসব ৫ দিনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুভা নাহিদ চৌধুরী
লুভা নাহিদ চৌধুরী

বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে ২৭ নভেম্বর শুরু হচ্ছে ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উত্সব-২০১৪’। এ আয়োজনের নানা দিক নিয়ে কথা বলেছেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী
এবারের বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উত্সব কীভাবে আলাদা?
২০১২ সালে ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উত্সব’ নামে আমরা প্রথমবারের মতো আয়োজনটি শুরু করেছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল ভালো গানের রুচি ও ভালো শ্রোতা তৈরি করা। বিগত দুই উত্সবের মাধ্যমে আমরা সে পথেই হেঁটেছি। তারই ধারাবাহিকতায় ঢাকার আর্মি স্টেডিয়ামে ২৭ নভেম্বর সন্ধ্যা ছয়টায় আবারও শুরু হচ্ছে ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উত্সব-২০১৪’। এটি চলবে ১ ডিসেম্বর ভোর পাঁচটা পর্যন্ত। এবার এই তৃতীয় উত্সবটি আমরা উত্সর্গ করেছি কবি জসীমউদ্দীনকে। গত দুই উত্সব থেকে এই উত্সবের ভিন্নতা হলো, সময় বাড়ানো হয়েছে এক দিন। এবার উত্সবটি হবে পাঁচ দিনব্যাপী।
কারা আসছেন উত্সবে?

প্রথমবারের মতো এই উত্সবে আসছেন কিশোরী আমানকর, মালবিকা সাররুকাই, কুড়াইকুড়ি মানি, মঞ্জুষা পাতিল, কুশল দাস, গণেশ রাজগোপালান প্রমুখ শিল্পী। এ ছাড়া দুই ছেলে আমান ও আয়ানসহ আসছেন আমজাদ আলী খান। আর গত দুই উত্সবে যেসব শিল্পী এসেছিলেন—হরিপ্রসাদ চৌরাসিয়া, গিরিজা দেবী, শিবকুমার শর্মা, অজয় চক্রবর্তী, উল্লাস কাসালকার প্রমুখ তো থাকছেনই। এবারের উত্সবে বাংলাদেশের ১৮ জন শিল্পী মূল অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন এবং তাঁদের সঙ্গে সংগত করবেন আরও ১৮ জন। উত্সবের প্রথম ও শেষ দিনের অধিবেশনে ৪০ জন প্রথিতযশা বাংলাদেশি শিল্পী সম্মিলিত কণ্ঠে পরিবেশন করবেন বাংলা গান।
এবারের উত্সবে সাড়া কেমন?
আমরা ব্যাপক সাড়া পেয়েছি। ১৪ নভেম্বর শেষ হয়েছে নিবন্ধন। উত্সবে যোগ দেওয়ার জন্য এবার নিবন্ধন করেছেন প্রায় ৬০ হাজার মানুষ।
উত্সব প্রাঙ্গণে আসা-যাওয়ার জন্য এবারও কি বাসের ব্যবস্থা থাকছে?
হ্যাঁ, সবাই যাতে স্বাচ্ছন্দে৵ অনুষ্ঠানে আসতে পারেন এবং ফিরতে পারেন, এ জন্য রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান থেকে এবারও থাকবে বাসের ব্যবস্থা। এবার বাসের সংখ্যা আরও বাড়ানো হয়েছে।
সাক্ষাৎকার: আলতাফ শাহনেওয়াজ