এবারের বিজয়ের আনন্দ অন্য কারণে
পরপর দুবার অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আহসান হাবীব নাসিম। এবার জয়ে হ্যাটট্রিক করলেন। সংগঠন ও কর্মপরিকল্পনা নিয়ে কথা হলো সদ্য বিজয়ী সভাপতির সঙ্গে।
প্রশ্ন :
শুভকামনা, হ্যাটট্রিক বিজয়ের অনুভূতি কেমন?
যেকোনো বিজয়ই আনন্দের। কিন্তু এবারের বিজয়ের আনন্দ অন্য কারণে। বাংলাদেশের অভিনয়শিল্পকে দেশে জনপ্রিয় করেছেন, দর্শকদের কাছে গ্রহণযোগ্য করেছেন, এমন সিনিয়র অভিনয়শিল্পীদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর। এবারের নির্বাচনে প্রতিটা জেনারেশনের প্রতিনিধিত্ব করেছেন, এমন মানুষগুলো আমাদের উৎসাহিত করেছেন।
প্রশ্ন :
সভাপতি হবেন, কতটা আত্মবিশ্বাস ছিল?
আত্মবিশ্বাস ছিল। এ জন্যই সভাপতি পদে নির্বাচন করেছি। মনে করেছি, এ কমিটির প্রতি সিনিয়র-জুনিয়রসহ সর্বস্তরের শিল্পীদের সমর্থন ছিল।
প্রশ্ন :
দুবার সাধারণ সম্পাদক ছিলেন। সভাপতি হিসেবে সংগঠনকে কী দিতে চান?
সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্বে পার্থক্য রয়েছে। সাধারণ সম্পাদক নির্বাহী দায়িত্ব পালন করবেন, সভাপতি এক্সিকিউশনগুলোর ফলোআপ রাখবেন। পাশাপাশি সংগঠনের বিস্তৃতি ঘটানো, সব সংগঠনের আস্থা অর্জনসহ অন্যান্য আন্তসংগঠনের সঙ্গে সম্পর্ক জোরদার করে সভাপতি হিসেবে আমি শতভাগ শ্রম দিয়ে কাজ করব।
প্রশ্ন :
নাটকে নিম্নমান, দক্ষ অভিনয়শিল্পী তৈরি হচ্ছেন না—এসব নিয়ে প্রায়ই কথা শোনা যায়। এখানে শিল্পী সংঘ একা কী ভূমিকা রাখতে পারবে?
নাটকের সামগ্রিক পরিবেশ পরিবর্তনের জন্য নাটকসংশ্লিষ্ট সব পেশার মানুষের ঐক্যবদ্ধতা দরকার। আন্তসংগঠনের সঙ্গে সম্পর্কটা জোরদার করব। তাহলেই সামগ্রিক পরিবর্তন সম্ভব। আমাদের সিনিয়র ও সব জেনারেশনের শিল্পীদের অংশগ্রহণ নিশ্চিত করেই আমরা কাজ করব। আমি সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে চাই।
প্রশ্ন :
একটা জেনারেশন অভিনয় থেকে দূরে আছে। চাহিদা থাকার পরও তাঁরা অভিনয় থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, তাঁদের...
আমাদের দেশের একসময়ের সুপারস্টার অনেকেই এখন নিয়মিত অভিনয় করতে চান না। আমরা চাইব, সবাই কাজ করে নাট্যাঙ্গনকে আরও বেশি সম্প্রসারিত করব, সাংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাব।
প্রশ্ন :
আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে কথা হয়েছে? তাঁর কাছে কোনো চাওয়া আছে?
শুভেচ্ছা বিনিময় হয়েছে। তাঁর কাছেও আমরা পরিকল্পনা চাইব।
প্রশ্ন :
কীভাবে শিল্পী সংঘ একটি আদর্শ সংগঠন হতে পারে?
আদর্শ সংগঠন হওয়া খুবই কঠিন। আমাদের লক্ষ্য-উদ্দেশ্য শিল্পীদের কল্যাণ করা। অভিনয়শিল্পীদের পেশাকে নিশ্চিত করা। যখন একজন শিল্পী নির্বিঘ্ন, নির্ভয়ে এ পেশায় আসতে উদ্বুদ্ধ হবেন এবং যেকোনো বিপদে মনে করবেন, অভিনয়শিল্পী সংঘের ওপর শতভাগ আস্থা রয়েছে, তখনই আমাদের সার্থকতা।
প্রশ্ন :
কোন কাজগুলো দিয়ে নতুন সাংগঠনিক দায়িত্ব পালন করতে চান?
যে ৪৮ জন নির্বাচনে অংশ নিয়েছিলেন, তাঁদের সবার কাছ থেকে কর্মপরিকল্পনা চাইব। তারপর নির্বাচিত ইসির ২১ সদস্যের কর্মপরিকল্পনা নেব। সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্যের সঙ্গে যায়, এমন গুরুত্বপূর্ণ কাজ আগে করব। এটা অব্যাহতভাবে চলতে থাকবে।