>

গতকাল শুক্রবার দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেয়েটি এখন কোথায় যাবে। ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে এই ছবির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাদের চৌধুরী। এর অন্যতম অভিনেতা মামুনুর রশীদ কথা বললেন ছবিটি নিয়ে। তা ছাড়া ১৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নির্বাচন। সেখানেও সভাপতি প্রার্থী হয়েছেন তিনি।
‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবিতে আপনার চরিত্রটি কেমন?
আমার চরিত্রের নাম সুবল বণিক। হিন্দু এক ব্যবসায়ী। নায়িকা কৃষ্ণকলির বাবা। সংখ্যালঘু সম্প্রদায়ের বলে তাঁর জীবনযাপনে অসহায়ত্বের একটা ব্যাপার আছে। একটা সময় মেয়ে কৃষ্ণকলি অপহৃত হয়। সে কাউকে বলতেও পারে না, আবার সহ্যও করতে পারে না। একদিকে সংখ্যালঘু, অন্যদিকে রক্ষণশীল।
সাহিত্যনির্ভর ছবি এখন আর ঢাকার চলচ্চিত্রে তেমনটা দেখা যায় না। এতে করে কি আমাদের চলচ্চিত্রের ক্ষতি হচ্ছে?
অবশ্যই হচ্ছে। একসময় এ দেশে সাহিত্যনির্ভর ছবি নিয়মিতই তৈরি হতো। এখন হয় না। সাহিত্যনির্ভর ছবি বানানো থেকে দূরে থাকার কারণেই আমাদের চলচ্চিত্রে বর্তমান এই দুর্দশা।
প্রথমবারের মতো সরাসরি ভোটের মাধ্যমে টেলিভিশন প্রযোজকদের সংগঠনের নির্বাচন হতে যাচ্ছে। বিষয়টিকে কীভাবে দেখছেন?
এটি আমাদের গণতন্ত্রে ইতিবাচক একটি দিক। এর আগে সিলেকশনের মাধ্যমে কমিটি হয়েছে। এবারই প্রথম এ ধরনের প্রক্রিয়ায় নির্বাচন হতে যাচ্ছে। প্রযোজকদের ভোট প্রয়োগের সুযোগ হচ্ছে এবার। এভাবে নির্বাচন হলে জবাবদিহির সুযোগ থাকে।
আপনার দল আরণ্যকের খবর কী?
এখন তিনটি প্রযোজনার নিয়মিত মঞ্চায়ন হচ্ছে। নাটকগুলো হলো দ্য জুবলী হোটেল, ভঙ্গবঙ্গ ও রাঢ়াঙ। মূর্খ লোকের মূর্খ কথা পথনাটকটিও নিয়মিত মঞ্চস্থ হয়।
সাক্ষাৎকার: শফিক আল মামুন