এমন করে 'শ্যামা' মঞ্চস্থ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ার্দা রিহাব ছবি: প্রথম আলো
ওয়ার্দা রিহাব ছবি: প্রথম আলো

কাল বুধবার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে রবীন্দ্রনাথের নৃত্যনাট্য শ্যামা। প্রযোজনাটির নৃত্য পরিচালক ওয়ার্দা রিহাব। দুই দিন আগে একই প্রযোজনা নিয়ে তিনি ঘুরে এসেছেন কলকাতা থেকে।
কথা হলো এসব নিয়ে
‘শ্যামা’ কলকাতায় কেমন সাড়া ফেলল?
অনেক ভালো। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে রবীন্দ্রসদনে ‘কবিপক্ষ’ নামে পক্ষকালব্যাপী একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল ভারতের তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং পশ্চিমবঙ্গ সরকার। সেখানেই মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথের নৃত্যনাট্য শ্যামা। দর্শক বেশ উপভোগ করেছেন প্রযোজনাটি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, শো শেষ করার পর হলভর্তি দর্শক দাঁড়িয়ে আমাদের সম্মান জানিয়েছেন। এটা ভারতে সচরাচর দেখা যায় না। শো শেষ করার পর অনেকেই জানিয়েছেন, এর আগে ভারতে এমন করে শ্যামা মঞ্চস্থ হয়নি।
কাল তো ঢাকায় শো?
ঢাকার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে আগামীকাল সন্ধ্যা সাতটায় শুরু হবে অনুষ্ঠানটি। এখানে আমার সঙ্গে শ্যামা নিয়ে মঞ্চে আসবে ওই কেন্দ্রেরই শিক্ষার্থীরা, যারা আমার কাছে মণিপুরি নৃত্য শিখেছে। তারা সবাই খুব ভালো করবে, এইটুকু বলতে পারি।
‘শ্যামা’ নিয়ে কত দূর যেতে চান?
আসলে শ্যামা প্রযোজনাটি বেশ জটিল। তাই এই কাজ করতে গিয়ে শুরুতে বেশ ভয়ে ছিলাম। এখন আমার কাছে শ্যামা সহজ হয়েছে। এখন পর্যন্ত ঢাকা ও কলকাতা মিলিয়ে শ্যামার তিনটি শো হয়েছে। তাই আমার ইচ্ছা সামনে অনেক দূর যাওয়ার।
এখনকার ব্যস্ততা কী নিয়ে?
জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজন করা হয়েছে ‘বঙ্গমেলা’ নামের একটি অনুষ্ঠান। সেখানে আমরা আলোর পথযাত্রী নামে একটি প্রযোজনা মঞ্চে আনব। এটি আসলে ৪০ জন নৃত্যশিল্পীর ৪৫ মিনিটের একটি পরিবেশনা। এর কোরিওগ্রাফি আমি করছি। তা নিয়ে বেশ ব্যস্ত আছি। আর নিয়মিত কাজগুলো তো আছেই। ইচ্ছা আছে আলোর পথযাত্রী বাংলাদেশেও মঞ্চস্থ করার।