এমনটি কোনো দিনই ভাবিনি: সিয়াম
আজ ২৯ মার্চ চিত্রনায়ক সিয়াম আহমেদের জন্মদিন। অন্যান্য বছরের জন্মদিনের চেয়ে এই বছর তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। এই বছর জাতীয় স্বীকৃতিসহ বেশ কিছু পুরস্কার তাঁর ঘরে এসেছে। তা ছাড়া এ বছরই সন্তানের বাবা হতে চলেছেন সিয়াম। সব মিলিয়ে বেশ আনন্দঘন সময়ের মধ্য দিয়ে পার হচ্ছে তাঁর জন্মদিনটা। এসব নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন সিয়াম।
প্রশ্ন :
কীভাবে শুরু হলো দিনটি?
দিন তো সেই রাত ১২টা ১ মিনিটেই শুরু হয়েছে। প্রথমে পরিবারের সদস্যরা উইশ করেছেন। অবন্তী আমাকে না বলে আমার স্কুলবন্ধুদের নিয়ে বাসার ছাদে একটা ছোট্ট জন্মদিনের পার্টির আয়োজন করেছিল, আমি আগে জানতাম না। দেখি একে একে সব স্কুলবন্ধু এসে হাজির। সবাই মিলে আমরা কেক কাটলাম। রাত আড়াইটা-তিনটা পর্যন্ত ভালোই হইচই করেছি, মজা করেছি। অবন্তীর শরীরের কথা বিবেচনা করে আজকের দিনটিতে বিশেষ কোনো আয়োজন রাখিনি। হয়তো রাতে আমাদের দুই পরিবার মিলে বাইরে কোথাও খেতে যেতে পারি। তবে এই দিনে সবচেয়ে বেশি খুশি হয়েছি জন্মদিনে আমার প্রিয় ফ্যানদের আয়োজন নিয়ে।
প্রশ্ন :
কেমন?
আমার ফ্যান ক্লাবের সদস্যদের কাছ থেকে উইশ পাচ্ছি। ভালোবেসে আমার বার্থডে অন্যজন উদ্যাপন করবেন, আমার নামে কেক কাটবেন, সেখানে আমি থাকব না, এমনটি কোনো দিনই ভাবিনি। লাইটিংয়ে সাজিয়ে ফ্যানরা বিভিন্ন জায়গায় জন্মদিন অনুষ্ঠান করে উদ্যাপন করছেন, সেসব ছবি পাঠাচ্ছেন। একজীবনে এসব ভালোবাসা সেরা প্রাপ্তি, সেরা অর্জন। জীবনে আর কী লাগে!
প্রশ্ন :
এ বছর অনেকগুলো খুশির খবর আপনার। মেরিল–প্রথম আলো পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। বাবাও হতে চলেছেন সামনে...।
ওপরওয়ালা আমার সন্তানকে যেন সুন্দর, সুস্থ করে পৃথিবীতে আনে। এটি শুধু আমার এ বছরের জন্যই নয়, গোটা জীবনের সেরা আনন্দের। তা ছাড়া এ বছর অনেক ঘটনাই সুখের ও আনন্দের, যার সব কটিই ইতিবাচক। এই বছর যা যা হয়েছে, যা যা হতে যাচ্ছে—সবকিছুই সুন্দর, সুখের। ভাবলেও ভালো লাগছে। জীবনের লম্বা একটি জার্নির মধ্যে কিছু কিছু সময় থাকে, যা অনেক সুইট ও ইভেন্টফুল। পেছন ফিরে তাকালে এই জার্নি ক্লিয়ারলি দেখতে পারি। কোনো এক সময় আমি যখন পেছনে তাকাব, এই ২০২১ সাল, ২০২২ সালের সময়গুলো আমার কাছে জ্বলজ্বল করবে। সুন্দর সুন্দর জিনিস আমি এই বছর পেয়েছি, পেতে যাচ্ছি।
প্রশ্ন :
ঘোষণা এসেছে ‘শান’ ও ‘পাপ–পুণ্য’ নামে আপনার দুটি সিনেমা পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাবে। এমনিতে দর্শকখরা, তার মধ্যে দুটি ছবিতে আপনার দর্শক ভাগাভাগি হয়ে যাবে। নিজেই নিজের প্রতিযোগিতার মুখে পড়বেন কি না?
আলাদা করে আমার দর্শক যাঁরা আছেন, সিনেমাপ্রেমী দর্শক যাঁরা আছেন, আমি আশা করব, পর্যায়ক্রমে সময় নিয়ে যেন দুটি ছবিই তাঁরা দেখেন। কারণ, দুই ছবিতে দুই রকমের সিয়ামকে তাঁরা দেখতে পাবেন। আমি বিশ্বাস করি, তাঁদের কাছে দুটি চরিত্রই আকর্ষণীয় হবে। দুটি চরিত্রের আলাদা আলাদা স্বাদ পাবেন তাঁরা। খারাপ লাগবে না।
প্রশ্ন :
করোনা–পরবর্তী গত দুই মাসে অনেকগুলো ছবি মুক্তি পেল। কোনো ছবিই হলে দর্শক টানতে পারেনি। সেই জায়গা থেকে মনে হয় না আগামী ঈদের সিনেমাগুলোও দর্শকঝুঁকিতে পড়তে পারে?
পড়তেই পারে। কেননা, ছবি মুক্তির খবর যদি ঠিকঠাকমতো দর্শকের দোরগোড়ায় না পৌঁছায়, তাহলে তো দর্শক ছবির খবর জানবেনও না, হলে আসবেনও না। আমরা অনেক টাকা দিয়ে সিনেমা নির্মাণ করছি, অথচ মুক্তির আগে প্রচার-প্রচারণার জন্য সামান্যতম বাজেটও রাখছি না। অথচ এই জায়গা সিনেমার জন্য গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। কোটি টাকা খরচ করে সিনেমা বানালাম, দর্শক জানলও না, দেখলও না। সত্যি কথা কী, উপযুক্তভাবে আমাদের সিনেমা হলে পৌঁছাচ্ছে না। আমাদের সিনেমায় এই সমস্যাই বেশি। তাই অস্বীকার করব না, ঈদে ঝুঁকির শঙ্কা থাকতেই পারি।
প্রশ্ন :
নতুন কাজের খবর কী?
নতুন কাজ তো হাতে নিচ্ছি না। আমি তো আগেই বলেছিলাম, সন্তান পৃথিবীতে আসার পর নতুন কাজে যুক্ত হবো। আপাতত অবন্তীর পাশে থেকে সময়টা দিচ্ছি। সবকিছু ঠিকঠাক থাকলে আশা করছি, এক মাসের কিছু সময় পর বাচ্চার বাবা হবো। এ ছাড়া এই মুহূর্তে আগের কাজ ‘অন্তরালে’-এর কিছু শুটিং বাকি আছে। ‘দামাল’ ছবির ডাবিং করছি। আগামী ঈদের দুটি ছাড়াও ‘অপারেশন সুন্দরবন’ ও ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবি দুটি মুক্তির জন্য প্রস্তুত আছে।