>গত শনিবার বঙ্গভবনে দেখানো হয় অমিতাভ রেজার চলচ্চিত্র আয়নাবাজি। ছবিটির এই বিশেষ প্রদর্শনীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন ছবির পরিচালক, প্রযোজকসহ আরও অনেকে। অভিনয়শিল্পীদের মধ্যে ছিলেন নাবিলা।
কেমন লাগল রাষ্ট্রপতির বাসায় বসে নিজের সিনেমা দেখতে—এ নিয়ে তাঁর সঙ্গে আলাপ হলো মুঠোফোনে।

‘আয়নাবাজি’ দেখে কী বললেন রাষ্ট্রপতি?
তিনি ছবি শেষ হওয়া পর্যন্ত বসে ছিলেন। তিনি ও তাঁর পরিবারের সদস্যরা ছবিটি দেখে খুব প্রশংসা করেছেন। যত দূর জানি, তাঁর পুত্রবধূর আগ্রহেই এই প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। তিনিও অনেক দিন পর সিনেমা দেখলেন। শেষবার প্রেক্ষাগৃহে গিয়ে মনের মানুষ ছবিটা দেখেছেন। রাষ্ট্রপতি মহোদয় আমাকে অনেক আশীর্বাদ করেছেন। এটা আমার জীবনের অনেক বড় একটি অভিজ্ঞতা।
রাতের খাবারের অভিজ্ঞতা কেমন ছিল? কী কী খেলেন?
দেশের সবাই তো জানেনই তিনি খুব মজার মানুষ। খুব মজা করে কথা বলছিলেন। বলেছেন, ‘মাঝে মাঝে বেড়াতে চলে এসো।’ রাতের খাবারের তালিকায় কাচ্চি বিরিয়ানি, কাবাব, রোস্ট, দই, মিষ্টি সবই ছিল। আমি বসেছিলাম রাষ্ট্রপতির স্ত্রী ও পরিবারের নারী সদস্যদের সঙ্গে। ছবি চলাকালে পপকর্ন, চিপস, চা ও স্ন্যাকসের ব্যবস্থা ছিল। আমরা রাত প্রায় সাড়ে ১১টা পর্যন্ত ছিলাম সেখানে। আমার খুব মনে থাকবে এই ঘটনা।
এক ছবিতে এত প্রাপ্তি! আপনার মায়ের অনুভূতি কী?
আসলেই। একটা ছবিতে অভিনয় করেই এত জায়গা থেকে এত সম্মান পাচ্ছি। মা খুব খুশি। আমি সত্যিই সৌভাগ্যবান। এ ছবির জন্য আমার কত যে অভিজ্ঞতা হচ্ছে। শুরু থেকে দর্শকদের ভালোবাসা পেয়েছি, জীবনের প্রথম ছবির জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়েছি, বঙ্গভবনে বিশেষ প্রদর্শনীতে গেলাম...এর সবই ইতিহাস। জীবনে নিশ্চয়ই ভালো কোনো কাজ করেছিলাম, সে জন্যই এত প্রাপ্তি।
কী ভালো কাজ করেছিলেন বলেন দেখি?
ঠিক জানি না। পরিবারের দায়িত্ব নিয়েছিলাম। অনেক ছোটবেলায় বাবাকে হারিয়েছিলাম বলে পরিবারকে আগলে রাখার চেষ্টা করেছি। অবশ্য এটা কোনো ভালো কাজের মধ্যে পড়ে না, এটা দায়িত্ব। তবে সবকিছুর পেছনে আছে আমার মা–বাবার দোয়া।
সাক্ষাৎকার: রাসেল মাহ্মুদ