এসব সাহস পর্দার শিমুর কাছ থেকে পেয়েছি
চলছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শিমু। এর আগে নাম ছিল মেড ইন বাংলাদেশ। প্রধান চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী। ইতিমধ্যে তিনি বিদেশের সিনেমায়ও নাম লিখিয়েছেন। এ চলচ্চিত্রের সূত্রে কথা হলো তাঁর সঙ্গে।
প্রশ্ন :
‘শিমু’ নিয়ে আপনার আগ্রহের বড় কারণ কোনটি?
২০১৮ সালে যখন সিনেমার শুটিং শুরু হয়, তখন থেকেই আমরা আগ্রহী ছিলাম, কবে সিনেমাটি দেশে মুক্তি পাবে। এটা একান্তই আমাদের গল্প। সংগ্রামী নারীরা শিমুর সঙ্গে নিজেকে রিলেট করতে পারবেন। বিদেশের মাটিতে আমরা অভাবনীয় সাড়া পেয়েছি। অবশেষে দেশের দর্শকেরা সিনেমাটি দেখছেন, এটা আমার জন্য খুবই আনন্দের।
প্রশ্ন :
শিমু হয়ে উঠতে কী করতে হয়েছে?
শিমু হয়ে ওঠার জন্য আমাকে বদলে ফেলতে হয়েছে। এখন আমি সত্যিকারের শিমু হয়েছি। আগে আমি রাস্তায় চলাফেরা করতে ভয় পেতাম, অন্যায় কিছুর প্রতিবাদ করতে সাহস পেতাম না, একা লন্ডন যাব, কোনো দিন ভাবিনি—এসব সাহস পর্দার শিমুর কাছ থেকে পেয়েছি। শিখেছি, প্রতিকূলতার সঙ্গে ফাইট করে কীভাবে বাংলাদেশে মেয়ে হিসেবে এগিয়ে যাব। আমি পর্দার চরিত্র থেকে অনুপ্রাণিত।
প্রশ্ন :
উৎসবগুলোতে দর্শকেরা কী বলেছেন?
দেশ-বিদেশের অনেক উৎসবে প্রদর্শিত হয়েছে ও পুরস্কৃত হয়েছে। দুটি উৎসবে আমি অংশ নিয়েছিলাম। বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম আমি সিনেমা দেখি। বাংলাদেশের মেয়েদের সংগ্রাম দেখে অনেক দর্শক অবাক হয়েছেন ও প্রশংসা করেছেন। একটি ঘটনা আমি শেয়ার করতে চাই...
প্রশ্ন :
জি বলুন।
আমাদের সিনেমা শেষ হওয়ার পর অনেকেই তাঁদের পোশাকের ট্যাগ দেখছিলেন। ‘মেড ইন বাংলাদেশ’ দেখে তাঁরা চিৎকার করে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। তাঁরা বলছিলেন, ‘দিস ইজ ফ্রম বাংলাদেশ।’
প্রশ্ন :
ভারতীয় পরিচালক আদিত্য বিক্রমের ‘ওয়ানস আপন আ টাইম ইন কলকাতা’ ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করেছে। সিনেমাটির সঙ্গে যুক্ত হলেন কীভাবে?
পরিচালক আমাদের শিমু সিনেমাটি দেখেন। পরে তিনি আমাকে অডিশনের জন্য বলেন। আমি অনলাইনে অডিশনের ভিডিও পাঠিয়ে দিই। তাঁরা আমাকে পছন্দ করে সিনেমার জন্য চুক্তিবদ্ধ করেন। এই সিনেমায় আমাকে একজন বিউটিশিয়ানের ভূমিকায় দেখা যাবে। একাই শুটিংয়ে গিয়ে আমি নার্ভাস ছিলাম। পরে পরিচালক অনেক হেল্প করেছেন। মনে হলো, একজন দাদা পেয়ে গেছি। পরে পুরো টিমের সবাই আমাকে সহযোগিতা করেছেন। মনে হয়েছে, বাংলাদেশেই শুটিং করছি।
প্রশ্ন :
দীর্ঘ প্রায় এক যুগে অল্পসংখ্যক কাজে অভিনয় করেছেন। অভিনয় আপনার পেশা, নাকি শখ?
আমি সময় নিয়ে কাজ করতে পছন্দ করি। কোনো কাজের মধ্যে অন্য কাজ করি না। দুই বছর শুধু শিমুর শুটিং করেছি। পরে সময় নিয়ে বিক্রমদার সিনেমায় শুটিং করেছি। এর একটাই কারণ, অভিনয়ই আমার একমাত্র পেশা। আর আমি অন্য কিছু করি না। আজীবন অভিনয়টাই করে যাব। এটাই আমার সব।
প্রশ্ন :
কেন মনে হয়েছিল অভিনয় করবেন?
আমি কিছু না বুঝেই শৈশবে টোকাই নাট্যদলে যোগ দিই। তখন অভিনয়টা আমার ভালো লাগে। সৃষ্টিশীল কাজের মধ্য দিয়েও মানুষকে সচেতন করা যায়। পড়া ও চর্চা চালিয়ে যাওয়ার সময় মনে হয়েছিল, আমি দেশের একজন ভালো অভিনয়শিল্পী হতে চাই।
প্রশ্ন :
আপনার ব্যক্তিগত প্রসঙ্গে...
দুই ভাই-বোনের মধ্যে আমি বড়। পরিবারের সঙ্গে থাকি। আমি এখনো অবিবাহিত।
প্রশ্ন :
আপনার ব্যস্ততা কী নিয়ে?
একটি ওয়েব সিরিজ করছি। দেশ-বিদেশের দুটি চলচ্চিত্র নিয়ে কথা হচ্ছে। সব ঠিক থাকলে শিগগিরই সুখবর জানাতে পারব।