এসরাজের সঙ্গে কথোপকথন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুভায়ু সেন মজুমদার l ছবি: খালেদ সরকার
শুভায়ু সেন মজুমদার l ছবি: খালেদ সরকার

‘এসরাজ কথা বলতে পারে’—কথাটি গতকাল শনিবার আমরা যখন ভারতের উদীয়মান এসরাজশিল্পী শুভায়ু সেন মজুমদারের মুখে শুনছিলাম, হজম করতে রীতিমতো বেগ পেতে হলো প্রথমে। তবে তা মেনে নিতে নিতে এরপর আমাদের ফিরে তাকাতে হলো শুভায়ুর জীবনে। কেননা, ঢাকার একটি হোটেলে বসে প্রথম আলোর সঙ্গে অন্তরঙ্গ আলাপচারিতায় তিনি বেশ জোরের সঙ্গেই বলছিলেন নিজের জীবনের কথা, ‘আমি বেড়ে উঠেছি বিশ্বভারতীতে, বলতে পারেন সংগীত পরিবারেই আমার জন্ম। আমাদের বাড়ি কিন্তু এই বাংলার ময়মনসিংহে, আরও নির্দিষ্ট করে বললে নেত্রকোনায়। অনেকবারই আমি এসেছি পৈতৃক ভিটেতে। আমার পাসপোর্টে যত দেশের সিল আছে, এর মধ্যে ৭০ শতাংশ সিলই বাংলাদেশের। আমার কাকাকে হয়তো আপনারা অনেকেই চিনবেন—শৈলজারঞ্জন মজুমদার, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘনিষ্ঠ শিষ্যদের একজন এবং রবীন্দ্রসংগীতের সঙ্গে যাঁর নাম জড়িয়ে আছে ওতপ্রোতভাবে।’
গত হেমন্তমাখা দুপুরে শুভায়ু যে মুহূর্তে শৈলজারঞ্জন মজুমদারের নাম নিচ্ছেন, আমাদের তখন মনে পড়ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের খ্যাতি যখন ততটা আকাশচুম্বী নয়, সেই সময় প্রত্যন্ত নেত্রকোনাতেই তো কবির জন্মবার্ষিকী পালিত হয়েছিল শৈলজারঞ্জনের পৌরোহিত্যে। তো, সেই শৈলজারঞ্জনের ভাইয়ের ছেলের কাছে স্বভাবতই আমাদের প্রশ্ন, রবীন্দ্রসংগীতশিল্পী না হয়ে এসরাজ নিয়ে মেতে থাকলেন কেন?
‘দেখুন, রবীন্দ্রনাথই তো এই উপমহাদেশে লুপ্তপ্রায় এসরাজকে আবার জনপ্রিয় করেছেন। আমার ঠাকুরদা, দাদু (মায়ের বাবা) ও বাবা এসরাজ বাজাতেন। সে সময় থেকেই এই যন্ত্রটি আকর্ষণ করত আমাকে। আর ছোটবেলায় যখন রবীন্দ্রসংগীত গাইতে চেষ্টা করতাম, সেই বয়সেই দেখতাম, রবীন্দ্রনাথের নানা অঙ্গের গানের সঙ্গেই এসরাজ খাপে খাপে মিলে যায়। এভাবেই একসময় অনুভব করলাম, এসরাজ কথা বলতে পারে। আমি আজও এসরাজের মুখে কথা বলানোর চেষ্টা করছি, যদিও এখনো তেমনভাবে সফল হতে পারিনি।’
শুভায়ুর বিনয়মাখা বচন আমাদের স্পর্শ করে বটে। সঙ্গে সঙ্গে আমরা এও ভাবি, সাত বছর বয়স থেকে অধ্যাপক বুদ্ধদেব দাসের কাছে এসরাজের নিবিড় তালিম নিয়েছেন যিনি, যাঁর স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনা এসরাজ নিয়ে এবং এখনো যিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন এসরাজ ও অন্যান্য বিষয়ে, তাঁর মুখে তো এমন কথাই মানায়, তিনিই তো বলতে পারেন ‘এসরাজ কথা বলতে পারে।’
হ্যাঁ, কাল যখন শুভায়ুর সঙ্গে কথা হচ্ছিল, তখনো সামনাসামনি তাঁর এসরাজবাদন শোনা হয়নি আমাদের, তবে লেখাটি যখন পড়া হচ্ছে, সে সময় তো সবার জানাই হয়ে গেছে এসরাজের সঙ্গে এই মানুষটির কথোপকথন কতটা নিবিড়।