ওগুলো গুজব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটক নিয়ে ব্যস্ততার শেষ নেই সজলের। পাশাপাশি চলছে সিনেমার কাজও। আলোচনায় আছেন নায়িকা মাহির সঙ্গে নির্মিতব্য হারজিৎ সিনেমা নিয়ে। আজ সন্ধ্যা সাড়ে সাতটায় মাছরাঙা টেলিভিশনে দেখানো হবে টেলিছবি আমি তুমি ও সে। নাহিদ বাবুর পরিচালনা ও মীর সামীর লেখা এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন সজল। টেলিছবিসহ অন্যান্য প্রসঙ্গে গতকাল বিকেলে প্রথম আলোর সঙ্গে কথা বলেন তিনি
সজল
সজল

আজ কোন নাটকের শুটিং করছেন?
নাটক বা টেলিছবি নয়, রিয়েলিটি শোর শুটিং করছি। মঙ্গলবার থেকে ‘আরটিভি-ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টার’ নামের এই প্রতিযোগিতা স্টুডিও অংশের শুটিং শুরু হয়েছে। বৃহস্পতিবারও (আজ) চলবে। এরপর বিরতি। শুক্রবার আমাকে যুক্তরাষ্ট্রের বিমান ধরতে হবে। সেখানে ঢালিউড অ্যাওয়ার্ডে পারফর্ম করব।
বিচারক হওয়ার অভিজ্ঞতা বুঝি এবারই প্রথম?
ঠিক তাই। এটা নতুন অভিজ্ঞতা। আমরা প্রায়ই দেখি, কেউ অভিনয়ে ভালো, কেউ আবার নাচে ভালো। কিন্তু একজন মানুষ একই সঙ্গে নাচ, গান ও অভিনয়ে সমান মেধাবী—এই ব্যাপারটা বিরল। আমরা ৪০ জন প্রতিযোগী নিয়ে কাজ করছি। তাঁরা সব ক্ষেত্রে পারদর্শী। আরও ভালো লাগার বিষয় হলো, তাঁরা সবাই নামকরা সব বিশ্ববিদ্যালয়ে ভালো বিষয়ে পড়েন। পড়ার চাপ সত্ত্বেও সবাই যে নাচ, গান ও অভিনয় এভাবে চালিয়ে যাচ্ছেন, এটা অনুপ্রেরণাদায়ক।
‘আমি তুমি ও সে’ নাটকটি নিয়ে কিছু বলুন।
যুক্তরাষ্ট্র থেকে মোনালিসা যখন ঢাকায় এসেছিল, তখন এই নাটকের শুটিং করেছি। এই নাটকের গল্প ভাবনায় ভিন্নতা আছে। একটা সহজ গল্পকে অন্য রকমভাবে উপস্থাপন করা হয়েছে। আমার চরিত্র খুব সাধারণ একটা ছেলের। যে কঠিন সব কথা খুব সহজে বলে। বাকিটা নাটক দেখলে বুঝতে পারবেন।
‘হারজিৎ’ সিনেমায় অভিনয় করছেন আপনি। সেটার কাজ কত দূর?
কয়েকটি দৃশ্য আর গানের কাজ বাকি। গানের কাজ দেশের বাইরে করা হচ্ছে, তাই শুটিং শেষ হতে দেরি হচ্ছে।
কিন্তু শুটিং বিলম্বের কারণ তো শোনা গিয়েছিল অন্য কিছু। খবর ছড়িয়েছে, সহশিল্পীর সঙ্গে নাকি সময় মেলাতে পারছিলেন না?
ওগুলো গুজব। ওসব নিয়ে ভাবতে চাই না। তবে সিনেমার জন্য নেগেটিভ প্রচারও কাজে আসে। তাই নেগেটিভ প্রচার উপভোগ করেছি।
সাক্ষাৎকার: মনজুর কাদের