ওরা সবাইকে নিয়ে ভাবত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
ঢালী আল মামুন l ছবি: সৌরভ দাশ
ঢালী আল মামুন l ছবি: সৌরভ দাশ
আজ ১৩ আগস্ট। চার বছর আগে এই দিনে নির্মাতা তারেক মাসুদ এবং মিশুক মুনীর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন। সেদিন তাঁদের সঙ্গে একই মাইক্রোবাসে ছিলেন ঢালী আল মামুনও। ভয়াবহ সেই দুর্ঘটনার স্মৃতি ঝাপসা হয়ে এলেও দুর্ঘটনায় হারানো কাছের মানুষগুলো যেন এখনো জীবন্ত তাঁর কাছে। হারিয়ে যাওয়া দুই বন্ধুকে নিয়ে কথা বললেন তিনি

সে্দিনটির কথা কিছু বলবেন?
আমার জন্য আবার সেগুলো মনে করা খুব কষ্টের। এমনকি অনেক স্মৃতিও আমি হারিয়েছি।
টিএসসির খুব কাছে দুর্ঘটনার গাড়িটিকে নিয়ে করেছেন সড়ক দুর্ঘটনা স্মৃতিস্থাপনা।
খুব কষ্ট করে এটা করতে হয়েছে। আমার জন্য এটা ছিল একটা চ্যালেঞ্জ। এটা তো শুধু ‘আর্ট ওয়ার্ক’ ছিল না। এমন একটা ঘটনা, যার সঙ্গে আমি নিজেও জড়িত ছিলাম। তারেক, মিশুক—আমার ঘনিষ্ঠ দুই বন্ধু এতে মারা গেছে। এটা একই সঙ্গে স্মৃতিচিহ্ন, স্মৃতিস্তম্ভ ও জাদুঘর। চলচ্চিত্রের ভাষায়, এটি একই সঙ্গে প্রামাণ্য ও কাহিনিচিত্র। স্মৃতিস্তম্ভ সাধারণত জনসাধারণের জন্য উন্মুক্ত স্থানে হয় না, একটু দূরে হয়। কিন্তু এ স্মৃতিস্থাপনাটি মানুষের খুব কাছাকাছি। গাড়িটার ভেতরে-বাইরে কতগুলো হাত দিয়েছি, যাতে একটা ন্যারেশন তৈরি হয়। তবে কোনো অর্থ চাপানো হয়নি, মানুষ নিজের মতো করে অর্থ করে নিতে পারে। গাড়ির চেয়ারগুলো এখানে অনেকটা মনুমেন্টের মতো।
এ রকম একটি উন্মুক্ত জায়গায় স্থাপনাটি রাখা নিয়ে কোনো সংশয় ছিল?
প্রথমে তো শঙ্কা ছিল। টিএসসির মতো একটি জায়গার কাছে এটি স্থাপিত হয়েছে। কিন্তু এক বছর পর বলতে পারি, মানুষ এটাকে গ্রহণ করেছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটাকে তাঁদের নিজের জিনিস মনে করেছে।
সামনে আপনার কোনো কাজ আসছে?
জানুয়ারিতে আমার একটা প্রদর্শনী আছে ঢাকায়। এটি একটি ভিজ্যুয়াল আর্ট এক্সিবিশন। এখন সেটার প্রস্তুতি চলছে।
বন্ধুদের কথা কিছু বলুন।
বন্ধুদের এখনো অনেক মনে পড়ে। ক্যাথরিন মাসুদের (তারেক মাসুদের স্ত্রী) সঙ্গে এর মধ্যে দেখা হলো। সে বলল, তুমি তারেকের বইয়ের সংগ্রহ থেকে কিছু বই স্মৃতি হিসেবে নিতে পারো। তারেক নিউইয়র্কের ম্যানহাটনে স্ট্র্যান্ড বুক স্টোরে কাজ করত। সে সেখান থেকে কিছু বই কিনেছিল। তারেক, মিশুক—ওদের মধ্যে কিছু গুণ ছিল। নিজের কথা চিন্তা না করে ওরা সবাইকে নিয়ে ভাবত। সব সময় চেষ্টা করেছে সমাজ, রাষ্ট্রের জন্য কিছু করতে।