কখনো গানের সুর নকল করিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃদয় খান
হৃদয় খান
>
  • ভালোবাসা দিবস উপলক্ষে হৃদয় খান গাইলেন নতুন গান।
  • গানের শিরোনাম ‘প্রেমের সাগর’।
  • স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে বাড়িতে তুলে নিইনি।

ভালোবাসা দিবস উপলক্ষে সংগীতশিল্পী হৃদয় খান গাইলেন নতুন একটি গান। সেই গানের বিস্তারিত ও সমসাময়িক বেশ কিছু বিষয় নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।

ভালোবাসা দিবসে নতুন কী গাইলেন?
‘প্রেমের সাগর’ নামে একটি গান প্রস্তুত করেছি। গানের কথা লিখেছেন মিলন মাহমুদ। সুর ও সংগীতায়োজন আমার করা। এটা ভালোবাসা দিবস উপলক্ষে খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে।

গানের মিউজিক ভিডিও করেছেন?
হ্যাঁ, আমার প্রযোজনা প্রতিষ্ঠান এইচকে প্রোডাকশন থেকে করেছি। মিউজিক ভিডিওর পরিচালনাও আমার। আর মিউজিক ভিডিওতে আমার সহশিল্পী হিসেবে আছেন জান্নাতুল পিয়া। ঢাকা ও কক্সবাজারে শুটিং করেছি। বেশ ভালো হয়েছে মিউজিক ভিডিওটা।

কিছুদিন আগে বিয়ে করলেন। নতুন সংসার কেমন চলছে?
এখনো পুরোপুরি সংসার শুরু করিনি। আমার স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে আমার বাড়িতে তুলে নিইনি। খুব তাড়াতাড়ি আয়োজন করে তুলে নিয়ে যাব। এটার জন্য প্রস্তুতি নিচ্ছি।

কবে নাগাদ হতে পারে?
হয়ে যাবে। খুব তাড়াতাড়ি হবে। পারিবারিকভাবেই সবকিছু হচ্ছে তো।

গত বছর আপনি নাটকে অভিনয় করেছিলেন? এ বছর কোনো পরিকল্পনা আছে?
একেবারেই নেই। গত বছর সবার অনুরোধে এটা করেছিলাম। আর কোনো ইচ্ছা আপাতত নেই।

কিছুদিন আগে আপনার বিরুদ্ধে গানের সুর নকলের অভিযোগ শোনা গিয়েছিল। সত্যি?
প্রশ্নই ওঠে না। আমি কখনো শুনিনি এমন অভিযোগ। গানের সুরের ব্যাপারে আমি চ্যালেঞ্জ করতে পারি। আমি কখনো কোনো গানের সুর নকল করিনি।

হাবিব নাকি তাহসান, কার গান বেশি শোনেন?
হাবিব ভাইয়ের গান বেশি শোনা হয়। তাহসান ভাইয়ের গানও শুনি। আসলে এটা বলা কঠিন। সবার গানই শুনি।

এই সময়ে আপনার প্রতিদ্বন্দ্বী কাকে মনে করেন?
আমার প্রতিদ্বন্দ্বী কে? এটা বলা কঠিন। আমি যে ধরনের মিউজিক করি, সে ধরনের মিউজিক তো কেউ করেন না। সবারই আলাদা আলাদা ধরন আছে। আমি মনে করি, আমার কোনো প্রতিদ্বন্দ্বীই নেই।

সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক