ছোট পর্দার অভিনয়শিল্পী নওশীন। শুরুতে ছিলেন কথাবন্ধু। ২০০৯ সালে কথাবন্ধুর কাজ থেকে বিদায় নেন। ছয় বছর বিরতির পর আবারও শ্রোতাদের কাছে ফিরছেন তিনি। ফেরার গল্প ও অন্যান্য প্রসঙ্গে প্রথম আলোর সঙ্গে কথা বলেন তিনি

আবার কথাবন্ধুর কাজে ফিরছেন?
শোবিজে আমার শুরুটা কথাবন্ধুর কাজ দিয়ে। এই কাজটার প্রতি আমার ভালোবাসা অনেক বেশি। বেশ কিছুদিন ধরে কথাবন্ধুর কাজে ফেরার তাগিদ অনুভব করছিলাম। অনেক এফএম রেডিও থেকে প্রস্তাবও পেয়েছি। কিন্তু সবকিছু ব্যাটে-বলে না মেলার কারণে ফেরা হয়নি। সম্প্রতি ঢাকা এফএম থেকে অনুষ্ঠানের পূর্ণাঙ্গ স্বাধীনতা ও সম্মানজনক সম্মানী পাওয়ায় কাজটি শুরু করছি। জুন মাসের প্রথম সপ্তাহ থেকে রেডিওর শ্রোতারা আমার কণ্ঠ শুনতে পাবেন।
আপনি তো আরও অনেক কাজ করছেন। রেডিওর কাজ ম্যানেজ করবেন কীভাবে?
কর্তৃপক্ষের সঙ্গে আমার সেভাবেই কথা হয়েছে। আমি সপ্তাহে দুটি শো করব। তিন ঘণ্টার এই দুটি শো প্রচারিত হবে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে ১০টা আর রোববার রাত ১০টা থেকে ১টা পর্যন্ত। ভিন্নধর্মী ভাবনা নিয়ে অনুষ্ঠান দুটির পরিকল্পনা করা হয়েছে।
সম্প্রতি আপনার একটি গানের ভিডিও প্রচার শুরু হয়েছে। নতুন এই ভিডিও নিয়ে কেমন সাড়া পাচ্ছেন?
এবারই প্রথম কোনো গানে মডেল হলাম। ইতিবাচক সাড়া পেয়েছি। আমার স্বামী হিল্লোল অবশ্য বলেছে ভিন্ন কথা। তার মতে, এই ভিডিওতে আমাকে নাকি একটু বেশিই সাহসী মনে হয়েছে। গানের ভিডিওটি প্রচারের পর অনেকেই যোগাযোগ করেছেন আমি আরও কাজ করব কি না। অনেক দিনের ইচ্ছা ছিল গানের ভিডিওতে কাজ করার। তা হয়েছে। আপাতত আর এ নিয়ে ভাবতে চাই না।
আপনি তো চলচ্চিত্রেও অভিনয় করেছেন...
চলচ্চিত্র নিয়ে কথা বলতে চাই না। আমার কাজ ছিল অভিনয় করা, করেছি। এখন মুক্তির দায়িত্ব প্রযোজক-পরিচালকের। আমার এখন আবার মনে হয়, ভুল সময়ে চলচ্চিত্রে নাম লিখিয়েছি। আরও আগে যদি আসতাম, তাহলে হয়তো এই সমস্যাগুলো হতো না।
সাক্ষাৎকার: মনজুর কাদের