কমপক্ষে পাঁচ-ছয়বার প্রতিটি দৃশ্যের মহড়া করি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌটুসী বিশ্বাস l ছবি: প্রথম আলো
মৌটুসী বিশ্বাস l ছবি: প্রথম আলো

বাংলাভিশনে প্রচারিত হচ্ছে মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় এক ঘণ্টার ধারাবাহিক চলিতেছে সার্কাস। আজ নাটকটির ৫০তম পর্ব প্রচারিত হবে। এতে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস। অভিনয়সহ বিভিন্ন বিষয়ে কথা হলো তাঁর সঙ্গে।
‘চলিতেছে সার্কাস’ থেকে কেমন সাড়া পাচ্ছেন?
অনেক ভালো। এই ধারাবাহিকে আমার চরিত্রের নাম ‘কুমকুম’। বাইরে বের হলেই অনেকে কুমকুমের কথা জানতে চান। কুমকুম এখন কী করবে? কোথায় যাবে? এ ধরনের প্রশ্ন। তবে বড় ব্যাপার হলো, এখনো যে নাটকের একটি চরিত্র মানুষকে এভাবে ভাবাবে, এটা চিন্তা করিনি। আমি বেশ তৃপ্ত কাজটি করে। আজ নাটকের ৫০তম পর্ব প্রচারিত হচ্ছে। অন্যান্য ধারাবাহিকের সঙ্গে তুলনা করলে ১০০ পর্ব হওয়ার কথা। কারণ, এর প্রতি পর্ব এক ঘণ্টা সময় ধরে প্রচারিত হয়।
তা হলে তো অভিজ্ঞতা বেশ ভালো?
হ্যাঁ। কারণ, পরিচালক মাসুদ সেজান নাটকের গল্পটি অন্য রকমভাবে দেখিয়েছেন। আমাদের চারপাশে অনেক সার্কাসের চরিত্র ঘুরে বেড়ায়; যা আমরা খুব স্বাভাবিকভাবে দেখি। নাটকটি ভালো হওয়ার আরও একটি কারণ হলো, আমরা ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে কমপক্ষে পাঁচ-ছয়বার প্রতিটি দৃশ্যের মহড়া করি। মহড়া করতে করতে হেসে কুটি কুটি হই। কারণ, এর প্রতিটি দৃশ্য ও সংলাপ দারুণ মজার। আমার ধারণা, দর্শকও অনেক আনন্দ নিয়ে উপভোগ করেন।
এখন তো ঈদের কাজ নিয়ে ব্যস্ত?
হ্যাঁ, আশা করছি, আগামী ঈদে বেশ কয়েকটি নাটকে আমাকে দেখা যাবে। এর মধ্যে কিছুদিন আগে জাহিদ হাসানের সঙ্গে একটা কাজ শেষ করলাম। সামনে মৌ আপুর সঙ্গে প্রথমবারের মতো একটা নাটকে কাজ করার কথা চলছে।
মাঝে আপনাকে চলচ্চিত্রেও দেখা গিয়েছিল। নতুন কোনো ছবিতে কি আবারও দেখা যাবে?
সম্প্রতি একটা ছবিতে অভিনয়ের ব্যাপারে কথা হয়েছে। সেটা আর্টফিল্ম ঘরানার। আমি কাজ করতে আগ্রহী। কিন্তু ঢাকার বাইরে গিয়ে শুটিং করতে হবে। আমার বাচ্চাটা ছোট হওয়ায় এখন সম্ভব হচ্ছে না। পরিচালক শুটিং পিছিয়ে দিয়েছেন।