কমেডি আর ভাঁড়ামোর পার্থক্য অনেকেই বোঝেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>আজ বাংলাভিশনে প্রচারিত হবে ধারাবাহিক নাটক চলিতেছে সার্কাস। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন এজাজুল ইসলাম। নাটকটির বিভিন্ন বিষয় নিয়ে গতকাল কথা হলো এই অভিনেতার সঙ্গে।
এজাজুল ইসলাম l ছবি: প্রথম আলো
এজাজুল ইসলাম l ছবি: প্রথম আলো

ঈদের নাটকের শুটিং করছেন মনে হয়?
না। আজ (গতকাল) শুটিং নেই। গতকাল রাত ১২টায় শুটিং ক্যানসেল হয়েছে। একটা অনুযোগ করি, এই যে নির্মাতারা শুটিংয়ের আগের দিন তা বাতিল করেন, কিন্তু আমরা যদি কোনো দিন সমস্যার কারণে আসতে না পারি, তাহলে তাঁর নাকি বিরাট ক্ষতি হয়। সব শেষ হয়ে যায়। কেন এমন দ্বিমুখী আচরণ, বলেন তো? আজকের দিনটা তো আমি অন্য কোনো পরিচালককে দিতে পারতাম। অনেক নির্মাতাই শিডিউল চেয়েছেন, দিতে পারিনি।
ব্যাপারটি দুঃখজনক। কিন্তু এ রকম কি সব নির্মাতার ক্ষেত্রেই হয়?
সবাই না। অল্প কিছু নির্মাতা আছেন, তাঁরা এ ধরনের ঝামেলা করেন না। যেমন মাসুদ সেজান। এত মনোযোগী পরিচালক আমি কম দেখেছি। একটি ফ্রেম বা একটি শট অপ্রয়োজনে নেন না। আসলে উনি জানেন, তিনি কী করবেন। একটা পেশাদার মনোভাব তাঁর মধ্যে আছে। কিন্তু এখনকার অনেক পরিচালকের মধ্যেই পেশাদারির খুব অভাব।
মাসুদ সেজান পরিচালিত ‘চলিতেছে সার্কাস’ নাটকটির ১৫০তম পর্ব প্রচারিত হবে আজ।
মজার ঘটনা কি জানেন, এখন এমন নাটক আছে, ১০৪ পর্ব প্রচার হওয়ার পরও কেউ বলেন না, ভাই আপনাকে ওই নাটকে দেখেছি। সে ক্ষেত্রে চলিতেছে সার্কাস নাটকটি ব্যতিক্রম। অনেক দিন পর একটি লম্বা ধারাবাহিকে অভিনয় করে ভালো লাগছে। পরিচালক যেমন পেশাদার, তেমনি নাটকটি দর্শকেরাও ভালোভাবে নিয়েছেন।
আপনি তো চলচ্চিত্রেও অভিনয় করেছেন?
এখন পর্যন্ত ৩৪টি ছবিতে অভিনয় করেছি। সমস্যা হলো, চলচ্চিত্রে তাঁরা আমাকে দিয়ে ভাঁড়ামো করাতে চান। কমেডি আর ভাঁড়ামোর পার্থক্য অনেকেই বোঝেন না। সত্যি কথা হলো, আমাকে কেউ কমেডিয়ান বললে গর্ববোধ করি।
এই সময়ের অনেক তারকার স্বপ্ন হুমায়ূন আহমেদের গল্পের নাটকে বা চলচ্চিত্রে অভিনয় করা। আপনি তো তাঁর সঙ্গে অনেক দিন কাজ করেছেন।
আমার অভিনয়জীবন শুরু হয়েছিল স্যারের হাত ধরে এবং শেষ তাঁর মৃত্যুর মধ্য দিয়ে। এখন যেটা করি, সেটা আসলে ঠিক অভিনয় না। স্যার অভিনয়ের যে নেশাটা ধরিয়ে দিয়ে গেছেন, সেটা ছাড়তে পারি না বলে করে যাই।
সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক