
প্রথমবার যখন উপস্থাপকের আসনে বসেছিলেন, তখন বেশ হাসিয়েছিলেন দর্শকদের। এবারও ইরেশ যাকের বোধ হয় সেই লক্ষ্য নিয়েই কোমর বেঁধে মাঠে নেমেছেন। প্রতি সোমবার এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে তাঁর উপস্থাপনায় নতুন একটি স্যাটায়ার টিভি অনুষ্ঠান, নাম ‘কি অবস্থা!’ নতুন এ অনুষ্ঠানের অবস্থা নিয়েই কথা হলো ইরেশের সঙ্গে
নতুন টিভি শো নিয়ে কেমন সাড়া পাচ্ছেন?
মাত্র তো কয়েকটা পর্ব প্রচারিত হলো। আস্তে আস্তে সবাই এর ব্যাপারে জানতে শুরু করেছে। এটা অনেকটা আমার আগের টিভি অনুষ্ঠান ‘দেশ-ই গল্প’র ধাঁচেই তৈরি। এবারের অনুষ্ঠানের পরিধি আগেরটার চেয়ে বিস্তৃত। আগে শুধু সেটে বসে কাল্পনিক চরিত্র বানিয়ে তাঁদের সাক্ষাৎকার নিতাম। এবারের অনুষ্ঠানে এর পাশাপাশি নতুন কিছু বিভাগও যুক্ত করেছি।
নতুন বিভাগগুলো কী?
এই যেমন ‘নগদ খবর’ বলে একটা বিভাগ আছে। এতে অভিনেত্রী শবনম ফারিয়াকে দেখা যাবে সংবাদ পাঠিকার চরিত্রে। প্রতীকী চরিত্রের মাধ্যমে আমরা কিছু খবরকে হাস্যরসাত্মকভাবে এ বিভাগে তুলে ধরি। আরেকটা অংশে আমরা ‘স্যাটায়ার প্রতিবেদন’ প্রচার করি। এতে আনন্দ খালেদকে সাংবাদিক হিসেবে দেখানো হয়।
সংবেদনশীল বিষয় নিয়ে কৌতুক করা অনেক ঝুঁকিপূর্ণ। ভয় করে না?
আমি যে একেবারে নির্ভীক, তা বলব না। কিছুটা ভয় তো আছেই। সবচেয়ে কষ্ট লাগে যখন মানুষ কটূক্তি করে। সেটাকেই ভয় করি। আমাদের স্যাটায়ার একেবারে মৌলিক নাগরিক সমস্যাগুলো নিয়ে। স্পর্শকাতর বিষয় নিয়ে ব্যঙ্গ করি না। এই যেমন কিছুদিন আগে যানজট নিয়ে একটি পর্ব করলাম। এমন বিষয়গুলোই আলোচনা করে অনুষ্ঠানের জন্য বেছে নিই।
বিষয়গুলো বাছাই করেন কীভাবে? আপনাদের গবেষণা বিভাগ নিশ্চয়ই অনেক শক্তিশালী?
আমাদের ‘কি অবস্থা’র টিমে আপাতত আছি আমি, পরিচালক রেদওয়ান রনি এবং স্ক্রিপ্টরাইটার মারুফ রেহ্মান। আমরা তিনজনই আলাপ-আলোচনা করে বিষয় নির্বাচন করি। যেহেতু আমাদের অনুষ্ঠানের পরিধি বেড়েছে, তাই কিছু রিসার্চ ইন্টার্ন আমাদের দলে যোগ করার পরিকল্পনা করছি।
এবার বলুন ব্যক্তি ইরেশের কী অবস্থা?
অবস্থা খুব ভালো। ঈদের কাজ শুরু হয়েছে। আসছে বাংলাদেশ-ভারত ক্রিকেট সিরিজে রেডিওতে ধারাভাষ্য দেওয়ার পরিকল্পনা আছে। পাশাপাশি চলচ্চিত্র নিয়েও ভাবনা আছে। ছুঁয়ে দিলে মন ছবি থেকে ভালো সাড়া পাওয়ার পর চলচ্চিত্র নিয়ে আলাদা করে ভাবছি।