
২০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গাড়িওয়ালা ছবিটি শিশুতোষ চলচ্চিত্র হিসেবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। উৎসব হবে ১০ থেকে ১৭ নভেম্বর। আশরাফ শিশিরের এই ছবিতে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী।
গাড়িওয়ালার এক টুকরো
গাড়িওয়ালা একটি শিশুতোষ চলচ্চিত্র। আশরাফ শিশির পরিচালিত এ ছবিতে আমি একজন কর্মজীবী নারী—চাতালে কাজ করি। হাবিল ও কাবিল নামে আট ও দশ বছরের দুই ছেলে আছে আমার। ঘটনার একপর্যায়ে চাতালের মালিকের হাতে নির্যাতিত হই। পুরো ছবিটি শিশুদের দৃষ্টিভঙ্গি থেকে। এর শুটিং হয়েছিল পাবনার একটি গ্রামে। যথেষ্ট খেটে পরিচালক এই ছবিটি নির্মাণ করেছেন। টিমওয়ার্কও ছিল ভালো।
ছবির খবর
কয়েক দিন আগেই তিনটি অনুদানের ছবিতে কাজ করলাম। তিনটি তিন রকম চলচ্চিত্র—মির্জা সাখাওয়াতের হরিজন, সারওয়ার তৌহিদের গাড়ি আছে ও আশরাফ শিশিরের গাড়িওয়ালা। কাজের মতো কাজ না হলে বেশি করে লাভ কী!
যা নিয়ে আছি
অভিনয়ের পাশাপাশি এখন আমি পরিচালনা নিয়ে ব্যস্ত। দূরত্ব নামে একুশে টেলিভিশনের জন্য ১০০ পর্বের একটি ধারাবাহিক বানাচ্ছি। এর ২৬ পর্বের শুটিং শেষ করলাম মাত্র। সেলাই পরিবার নামে আরেকটি ধারাবাহিক নাটকের ১৩ পর্বের শুটিংও শেষ। এ ছাড়া ‘তবুও বাঁধন’ ও ‘বাঙালি বিশ্বময়’ নামে দুটি অনুষ্ঠান উপস্থাপনা করছি। এভাবেই কেটে যাচ্ছে আমার দিনরাত্রি।
চলচ্চিত্র নিয়ে
চলচ্চিত্র বানাব—এটা আমার স্বপ্ন। একটা চিত্রনাট্যও ঠিক করে রেখেছি। কিন্তু ছবি তৈরির পর কোথায়, কীভাবে মুক্তি দেব—ব্যাপারগুলো নিয়ে ভাবতে ভাবতেই ছবির কাজ শুরু করতে দেরি হচ্ছে।