>এবার একটু অন্য রকম পরিবেশে উদ্যাপিত হচ্ছে পয়লা বৈশাখ। বিকেল পাঁচটার মধ্যে শেষ করে ফেলতে বলা হয়েছে সব আয়োজন। উৎসবপ্রিয় মানুষের জন্য এ এক বিড়ম্বনা। এই পরিস্থিতি নিয়েই কথা হলো ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসার সঙ্গে।

ছায়ানটের বর্ষবরণের ৫০ বছর হচ্ছে এ বছর। সন্জীদা খাতুনরা ৫০ বছর আগে যে বৈরিতার মুখে আয়োজনটা শুরু করেছিলেন, আজকের সময়ে এসে সেটা কীভাবে পাচ্ছেন?
তখন কিন্তু ছিল পাকিস্তানি বৈরী পরিবেশ। তাদের সঙ্গে আমাদের ভাষা, সংস্কৃতির পার্থক্য ছিল। এখন তো ঘরের ভেতরেই শত্রু। এরা তাদেরই উত্তরসূরি, যারা চায়নি বাংলাদেশ হোক। এই শক্তিটাই তো এখন মাথাচাড়া দিয়ে উঠছে।
ছায়ানট এ রকম এক পরিস্থিতিতে কীভাবে নিজেকে সংহত করে সামনের দিনগুলোতে এগোবে? আপনাদের ভাবনা বা পরিকল্পনা কী?
আমার যেটা মনে হয়, এখন আমরা যারা শিক্ষা ও সংস্কৃতিকর্মী আছি, তারা যদি সবাই মিলে সারা দেশে ছড়িয়ে সত্যি সত্যি মানুষের কাছে যেতে পারি, তাহলে এ পরিস্থিতি থেকে রক্ষা পেতে পারি। তৃণমূল পর্যায় থেকে মানুষকে আলোকিত ও সচেতন করার বিষয়ে যদি কাজ না করি, এই অন্ধকার কিন্তু আমাদের গ্রাস করবে। আমাদের অস্তিত্ব নিয়েও প্রশ্ন জাগবে। পাকিস্তান আমলে যেমন সবাইকে আলোড়িত করার ক্ষেত্রে সংস্কৃতিকর্মীদের একটা ভূমিকা ছিল; এখনো ঠিক এমন একটা অবস্থা। এই যে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠান করার পর আর কিছু হবে না, এটা কি মানা যায়? এটা তো হতে পারে না।
এ ক্ষেত্রে আপনার মত কী?
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ভাই গতকাল (বুধবার) যা বলেছেন, তার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। বাণিজ্য মেলা যদি রাত ১১টা পর্যন্ত চলতে পারে, বইমেলা যদি এতক্ষণ চলতে পারে, সেখানে কেন পয়লা বৈশাখে এত বিধিনিষেধ? কেন বলা হচ্ছে, ‘গুটিয়ে নাও’? এই পদ্ধতি তো ঠিক নয়। এত ভয় পাওয়ার কী আছে? আমরা যদি ভয় না পেয়ে শুরু করে দিতাম, তাহলে মানুষের শক্তি বোঝা যেত।
তরুণ প্রজন্মের ভূমিকা এখন কী হওয়া উচিত?
আমাদের অভিভাবকেরা আর আমরা যদি সাহস করি, তাহলে তরুণ প্রজন্মও এগিয়ে আসবে। নিরাপত্তার দায়িত্ব পুলিশ যদি অন্য জায়গায় নিতে পারে, তাহলে এখানেও নিতে হবে। আমাদের যদি অনুষ্ঠান বন্ধ করতে বলে দেওয়া হয়, তবে অন্ধকারের শক্তিরাই লাভবান হবে। সেটা তো হতে দেওয়া উচিত নয়। আমরা উল্টো দিকে হাঁটব না, এটা যদি আমাদের লক্ষ্য হয়, তাহলে এই মুহূর্তে তরুণদের আহ্বান করে তাদের সংঘবদ্ধ করার কাজটা শুরু করা দরকার। নিশ্চয়ই তারা এগিয়ে আসবে। এটা এখন খুব জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এ অবস্থায় আপনারা কী করবেন?
এটা নিয়ে আমাদের অবশ্যই কঠোর একটা অবস্থানে যাওয়া দরকার। এটা একদমই ঠিক হয়নি। কোথাও যাওয়ার জায়গা পাচ্ছে না বাঙালি। সকালের এই রোদটার পরে বাড়িতে কিছু খাওয়াদাওয়া করে বিকেলে যে বের হবে, সেই জায়গাটা বন্ধ করে দেওয়া হলো। এভাবে চলতে পারে না।
সাক্ষাৎকার: জাহীদ রেজা নূর