কোনো কিছুতেই আপস করিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>২১ অক্টোবর দেশজুড়ে মুক্তি পাচ্ছে ইফতেখার চৌধুরীর ওয়ানওয়ে ছবিটি। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর একটি রেস্তোরাঁয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়। ছবিটি নিয়ে প্রথম আলোর সঙ্গে একান্তে কথা বলেন ছবির নায়িকা ববি।
ববি
ববি

দর্শকেরা কেন প্রেক্ষাগৃহে ‘ওয়ানওয়ে’ দেখতে যাবেন?
সুন্দর মৌলিক গল্পের ছবি এটি। ওয়ানওয়ে মানে একমুখী রাস্তা। এই রাস্তার জার্নিটা গল্পে যেভাবে এসেছে, আমার বিশ্বাস প্রেক্ষাগৃহে দেখতে বসে ছবি শেষ না করে দর্শকেরা উঠতে পারবেন না। বাইরের দেশের শিল্পীদের অংশগ্রহণে ছবিটির গানেও বৈচিত্র্য এসেছে।
মুক্তির আগে ছবিটির প্রচারণা নিয়ে কিছু বলুন।
প্রচার তো এখনই শুরু হয়ে গেছে। বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও পত্রিকার সাংবাদিকদের সঙ্গে ছবিটি নিয়ে কথা বলছি। আমরা যাঁরা এই ছবির সঙ্গে যুক্ত, তাঁরা সবাই-ই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবির বিভিন্ন সময়ের বিভিন্ন খবরাখবর দর্শকদের জানাচ্ছি। এভাবেই ছবিটির প্রচারণা চালিয়ে যাচ্ছি।
ছবি মুক্তির পর নিজে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখবেন?
ছবি মুক্তির পর সব সময়ই প্রেক্ষাগৃহে যাই আমি। রাজধানীর পুনম, স্টার সিনেপ্লেক্স কিংবা ব্লকবাস্টার সিনেমাসে এবং ঢাকার বাইরে টঙ্গীর চম্পাকলি হলে যাওয়া হতে পারে। ছবির নায়ক-নায়িকারা প্রেক্ষাগৃহে গিয়ে সবার পাশে বসে ছবি দেখলে দর্শকেরা উৎসাহিত হন।
‘বিজলী’ ছবির খবর কী?
বিজলী আমার স্বপ্নের প্রজেক্ট। আমার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ববস্টারের প্রথম ছবি এটি। ঢাকা, ভারত, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে শুটিং হয়েছে ছবিটির। প্রায় ৮০ ভাগ কাজ শেষ। এখন দুটি গান ও কিছু সংলাপের দৃশ্যধারণ বাকি।
বাকি কাজগুলো কবে শেষ হবে?
আগামী মাসের শুরুর দিকে থাইল্যান্ডে যাচ্ছি। সেখানে হবে বাকি অংশের দৃশ্যধারণ।
ছবিটি মুক্তি দেওয়ার চিন্তাভাবনা কবে?
আগামী বছরের ঈদে মুক্তি দিতে চাই ছবিটি। গল্পের প্রয়োজনে বিজলী ছবি নিয়ে কোনো কিছুতেই আপস করিনি আমি। এতে ছবিটি তৈরিতে প্রচুর খরচ হয়েছে, এখনো হচ্ছে। তাই ঈদের মতো বড় একটি উৎসবে মুক্তি না দিলে লোকসানে পড়ার আশঙ্কা আছে।

সাক্ষাৎকার
শফিক আল মামুন