
ডিসেম্বরের মধ্যে হাতে থাকা সব ছবি শেষ করে অবসর নেবেন বলেছিলেন। আপনার সিদ্ধান্ত কি এখনো তা-ই?
এর মধ্যে পাঁচটি ছবির ডাবিং শেষ করেছি—বাহাদুরি, মনে রেখো, পলকে পলকে তোমাকে চাই, পাংকু জামাই ও জান্নাত। তবে প্রেমের বাঁধন, মাতাল—এ দুটি ছবির কাজ শেষ হয়নি। আর ডিসেম্বরে সব কাজ শেষ করা যাচ্ছে না। আমি চাইলে তো আর হবে না। বিষয়টি ছবির প্রযোজক-পরিচালকের ওপর অনেকাংশেই নির্ভর করে।
আপনি নাকি এই ডিসেম্বরে বেশ কয়েকটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন?
আমি কিন্তু সে সময় বলেছি, ডিসেম্বরের মধ্যে সব কাজ শেষ করব। নতুন বছর থেকে শতভাগ পেশাদারি নিয়ে সিনেমায় আর কাজ করব না। মাঝেমধ্যে কিছু প্রিয় মানুষের কিছু ভালো কাজ করতে হবে। কারণ, না চাইলেও অনুরোধ ফেলতে পারব না। আবারও বলছি, ক্যামেরার সামনে একেবারে দাঁড়াবই না, এমনটি বলিনি।
এর মধ্যে কী কী কাজ হাতে নিলেন?
দু-এক দিনের মধ্যে অবতার ছবির শুটিং করতে হবে। এ ছাড়া দেশনায়ক: দ্য হিরো, আমার মা আমার বেহেশত, কানাগলি—এই ছবিগুলোর শুটিং ডিসেম্বর থেকে জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত করতে হবে।
প্রায় তিন মাস পেরিয়ে গেল, যৌথ প্রযোজনার নতুন নীতিমালা প্রকাশিত হচ্ছে না। কমিটির একজন সদস্য হিসেবে কী বলবেন?
নতুন নীতিমালা তৈরির জন্য আমাদের মতামত আগেই নেওয়া হয়েছে। এখন তথ্য মন্ত্রণালয় থেকে চূড়ান্ত নীতিমালা প্রকাশ করার কথা। নভেম্বর মাসের শেষের দিকে এটা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু সমস্যার কারণে হয়নি। এফডিসির বিভিন্ন সমিতি থেকে আমরা যারা এই কমিটির সদস্য, তারা প্রতিনিয়ত নতুন নীতিমালা প্রকাশ করতে তাগিদ দিচ্ছি।
শিল্পী সমিতির সভাপতি হিসেবে চলচ্চিত্রকে সামনে এগিয়ে নিয়ে যেতে কী করবেন এবার?
আমাদের এখানে ছবি নির্মাণ কমে গেছে। কম ছবির মধ্যেও বিক্ষিপ্তভাবে দু-একটি ভালো ছবি তৈরি হচ্ছে। কিন্তু তা দিয়ে তো সারা বছর একটি শিল্প টিকে থাকতে পারবে না। ছবি তৈরির বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। পাইরেসি, হলের খারাপ পরিবেশ, শিল্পী–সংকট, শিল্পীদের অসহযোগিতাসহ নানা কারণে প্রযোজকেরা ছবি নির্মাণ করছেন না। প্রবীণ গুণী পরিচালকেরাও অভিমান করে দূরে সরে গেছেন। এসব কারণে আমাদের চলচ্চিত্র নিয়ে ভালো কিছু দেখছি না।
বাইরে অনেক অভিনেতা একসময় চলচ্চিত্রে বিনিয়োগ করেন। আপনি প্রায় ৮০০ ছবিতে অভিনয় করেছেন। প্রযোজনায় আসবেন?
২০০৩ সালের দিকে প্রতিবাদী মাস্টার নামে একটি ছবি বানিয়েছিলাম। ক্ষতিগ্রস্ত হয়েছি। বর্তমান সময়ে ব্যবসা করা কঠিন। যেখান থেকে ছবিটির মুক্তির সব আয়োজন করা হয়, সেই কাকরাইল পাড়ায় বৈরী পরিবেশ বিরাজ করছে। সেখানে বুকিং এজেন্ট থেকে শুরু করে পদে পদে অসহযোগিতা পাই। তাই ছবি বানানোর কোনো উৎসাহ পাচ্ছি না।
অভিযোগ আছে, অনেক সময় শিল্পীদের জন্য ছবি বাধাগ্রস্ত হয়। শিল্পী সমিতির নেতা হিসেবে আপনি কী বলবেন?
বিষয়টি ঠিক। অনেক সময় দেখা যায়, শিডিউল সকালে, কোনো কোনো শিল্পী আসছেন বিকেলে। ছবির গল্প ধরে নায়ক-নায়িকার পোশাক তৈরি করা হয়। কিন্তু লোকেশনে গিয়ে দেখা গেল, শিল্পী সে পোশাক পরবেন না। চরিত্রের সঙ্গে যাক বা না যাক, নিজের ইচ্ছেমতো কিছু পরবেন। আউটডোর শুটিংয়ে শিল্পীর সঙ্গে পাঁচ-ছয়জন মানুষ লোকেশনে গিয়ে দিনের পর দিন থাকবেন। তাঁদের সব খরচ দিতে হবে প্রযোজককে। এমনকি লোকেশন থেকে শিল্পী ইচ্ছেমতো ছুটি নিয়ে নেন। এর মানে ছবিটা যে ভালো করা দরকার, সে দিকটায় তাঁর কোনো নজরই নেই। এসব ক্ষেত্রে পরিচালক-প্রযোজক অনেকটাই অসহায়। ছবি কমে যাওয়ার এটিও একটি কারণ।
সাক্ষাৎকার: শফিক আল মামুন