খণ্ডনাটকে কাজ করে আনন্দ বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>নতুন প্রজন্মের ব্যস্ত অভিনয়শিল্পীদের মধ্যে একজন নাঈম। নানা ধরনের বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে এরই মধ্যে তিনি নির্মাতাদের আস্থাভাজন হয়ে উঠেছেন। সামনে ভালোবাসা দিবসেও তাঁর কয়েকটি নাটক প্রচারিত হওয়ার কথা রয়েছে। ভালোবাসা দিবসের নাটক ও ব্যক্তিজীবন নিয়ে গতকাল রোববার প্রথম আলোর সঙ্গে কথা বলেন এই অভিনেতা।
নাঈম
নাঈম

ভালোবাসা দিবসের কতটি নাটকে অভিনয় করেছেন?
এখন পর্যন্ত চারটি নাটক প্রচার হওয়ার বিষয় চূড়ান্ত। এসব নাটকের নির্মাতারা হলেন ইফতেখার আহমেদ ফাহ্মি, চয়নিকা চৌধুরী, তানিম রহমান ও নাজমুল হুদা শাপলা। ভালোবাসা দিবসের কথা বলে আরও কয়েকজন নির্মাতা তাঁদের নাটকে অভিনয় করিয়ে নিয়েছেন। সেখান থেকেও দু-একটি নাটক প্রচারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
চারটি নাটকের মধ্যে আপনার বিচারে কোনটিকে এগিয়ে রাখবেন?
এটা বলা মুশকিল। অভিনয় দেখে দর্শকই এর উত্তর দিতে পারবেন। একটা কথা নিশ্চিত করে বলতে পারি, চারটি নাটকের গল্পে ভিন্নতা আছে। তবে চারটির মধ্যে ‘আউট অব দ্য বক্স’ মনে হয়েছে ফাহ্মি ভাইয়ের রুম নাম্বার ১১১। আমি মনে করি, তাঁর মতো নির্মাতার নিয়মিত কাজ করা উচিত।
আপনি কি ধারাবাহিক নাটকে কাজ করছেন?
ধারাবাহিক নাটকে আমার খুব একটা অভিনয় করা হয় না। খণ্ডনাটকেই বেশি কাজ করি। ধারাবাহিকে লম্বা সময় দিতে হয়। একটা সময় গল্প থেকে দর্শকের মনোযোগ ছুটে যায়। এক ঘণ্টার নাটকে বৈচিত্র্যপূর্ণ গল্প পাই। চরিত্র নিয়ে ভাবার সময়ও পাই। তাই খণ্ডনাটকে কাজ করে আনন্দ বেশি।
সামনে তো ভালোবাসা দিবস। আপনার কাছে ভালোবাসা মানে কী?
ভালোবাসা মানে বিশ্বাস।
ভালোবাসা দিবসে কোনো বিশেষ পরিকল্পনা আছে?
নিজের কোনো পরিকল্পনা নেই। আগে যেমন বাবা-মাকে সময় দিতাম, তেমনি সময় দেব। বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা, ঘোরাফেরা, খাওয়াদাওয়া ও হইহুল্লোড় করতাম। আর এখন তো ভালোবাসার মানুষ হয়ে এসেছে নাদিয়া (নাঈমের স্ত্রী ও অভিনয়শিল্পী)। সে যা পরিকল্পনা করবে, তা-ই করব।