
‘রানা প্লাজা’ মুক্তিতে বাধা নেই। খবরটি নিশ্চয়ই আপনার জন্য বেশ আনন্দের?
বিষয়টি আমি রোববার রাতেই জেনেছি। রানা প্লাজা মুক্তিতে যখন নিষেধাজ্ঞা আসে, তখন পরিচালক নজরুল ইসলাম খান আমাকে বলেছিলেন, ‘আদালত থেকে ছবিটি মুক্ত করে আনার পরই তোমাকে ফোন করব। এর আগে নয়।’ এরপর অনেক দিন আমাদের কথা হয়নি। হঠাৎ রোববার রাতে আমাকে ফোন করেন তিনি। ফোনটি ধরব কি ধরব না, এ নিয়ে চিন্তা করছিলাম। ভয় হচ্ছিল। ছবিটির ব্যাপারে আবার কি–না–কি খবর দেন! শেষে পাঁচবারের মাথায় পরিচালকের ফোন ধরি। ওপাশ থেকে পরিচালক বললেন, ‘তুমি এখন মুক্ত। তোমাকে আদালত থেকে ছাড়িয়ে এনেছি।’ এটা শুনেই আমি চিত্কার করে উঠি। খবরটি শুনে মনটা ভালো হয়ে গেল।
এই ছবির কাজ কত আগে করেছিলেন? চরিত্রটির জন্য নিজেকে কীভাবে প্রস্তুত করেছিলেন?
যত দূর মনে পড়ে, ২০১৪ সালের শেষের দিকে শুটিং করেছিলাম। ওই সময় আমার বাসা ছিল বনানী ২ নম্বর রোডে। পাশেই ছিল পোশাক তৈরির কারখানা। আমি বাসা থেকে পোশাকশ্রমিকদের সকালে অফিসে যাওয়া, দুপুরে দল বেঁধে খাওয়া, ছুটির পর দল বেঁধে বের হওয়া দেখতাম। তাঁদের অভিব্যক্তি দেখে শেখার চেষ্টা করতাম। এফডিসিতে রানা প্লাজার সেট করা হয়েছিল। আউটডোর শুটিংয়ে গিয়েছিলাম গোপালগঞ্জের মুকসুদপুরে। তখন খুব শীতের মধ্যে কষ্ট করে কাজ করেছিলাম।
ছবিটি নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে অনেক আলোচনা হয়েছে। খবরগুলো আপনি পড়েছেন?
আন্তর্জাতিক সব গণমাধ্যমেই ছবির ওপর নিষেধাজ্ঞার খবরটি বেরিয়েছে, এটা শুরু থেকেই জানি। আমি শুধু বাংলাদেশের গণমাধ্যমের খবরগুলো দেখেছি। কিন্তু বাইরের দেশের গণমাধ্যমে প্রকাশিত খবর দেখা কিংবা পড়া হয়নি। অন্যের মুখ থেকে শুনেছি যে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে।
সাক্ষাৎকার: শফিক আল মামুন