খুব ভালো একজন অভিনেত্রী হতে চাই: আঁচল

আঁচল এ প্রজন্মের অভিনেত্রী। ঈদে মুক্তি পাওয়া কিস্তিমাত চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। বর্তমানে কাপ্তাইয়ে ‘আজব প্রেম’ চলচ্চিত্রের গানের শুটিং করছেন এই তারকা। গানের শুটিংয়ের অভিজ্ঞতাসহ আরও নানা বিষয় নিয়ে তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে।
কেমন হচ্ছে আজব প্রেম ছবির গানের শুটিং?
খুব ভালো। আমরা এখন কাপ্তাইয়ে শুটিং করছি। শুটিংয়ের ফাঁকে অনেক মজা করছি, ঘুরছি। ছবিটিতে আমার সহশিল্পী বাপ্পি। ছবির কাজ শেষ। এখন আমরা গানের শুটিং করছি। এই কাজ শেষ হলে ২৫ অক্টোবর থেকে ‘আড়াল’ ছবির গানের শুটিং শুরু করব।
নাচ, গান নাকি অভিনয়, কোনটা বেশি ভালো লাগে?
সবকিছুই ভালো লাগে। আর ভালো নাচতে হলেও কিন্তু অভিনয় জানতে হয়। আমি নাচ আর অভিনয় পারলেও গান কখনও গাইতে পারব না। আমি মূলত নৃত্যশিল্পী। ছোটবেলা থেকে নাচ শিখেছি। নতুন কুঁড়ি প্রতিযোগিতায় নাচে অংশ নিয়েছিলাম। এ ছাড়া নাচের ওপর অনেক প্রাতিষ্ঠানিক শিক্ষা আমি নিয়েছি।
কিস্তিমাত ছবিটি কি হলে গিয়ে দেখেছেন?
ঈদে আত্মীয়স্বজনকে সময় দিয়েছি। একটু দেরি করে হলেও ছবিটি আমি হলে বসে দেখেছি। আমার অনেক ভালো লেগেছে। দর্শকদের অনেক সাড়া পেয়েছি। এই ছবিটি আমার ক্যারিয়ারে জন্য টার্নিং পয়েন্ট। এই ছবিতে সুযোগ দেয়ার জন্য পরিচালক আশিকুর রহমানকে অনেক ধন্যবাদ দিতে চাই।
কার অভিনয় ভালো লাগে?
শাবনূর আমার প্রিয় নায়িকা। তাঁর অভিনয় আমার খুব ভালো লাগে। এ ছাড়া শাবানার অভিনয়ও আমার ভালো লাগে।
১০ বছর পর নিজেকে কোন অবস্থানে দেখতে চান?
খুব ভালো একজন অভিনেত্রী হতে চাই। নিজের অবস্থান যেন অনেক উজ্জ্বল হয়। আর পরবর্তী প্রজন্মের কেউ যেন বলে, ‘আমি আঁচলের মতো নায়িকা হতে চাই।’ ১০ বছর পর এই জায়গাটাতেই নিজেকে দেখতে চাই।