খুব ভালো সাড়া পাচ্ছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণ-অর্থায়নে ছবি বানাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা আবু সাইয়ীদ। গত ৭ অক্টোবর সংবাদ সম্মেলন করে জানিয়েছেন তাঁর এই উদ্যোগের কথা। ছবির জন্য বিকল্প এই তহবিল সংগ্রহপদ্ধতি এবং এর অগ্রগতি নিয়ে কথা হয় তাঁর সঙ্গে।
আবু সাইয়ীদ
আবু সাইয়ীদ

গণ-অর্থায়নের বিষয়টা কী? দেশে এর আগে গণ-অর্থায়নে ছবি হয়নি?
ক্রাউড ফান্ডিং বা গণ-অর্থায়ন হচ্ছে ছবির অগ্রিম টিকিট কিনে নিয়ে ছবি নির্মাণে দর্শকদের অংশীদার হওয়া। এতে একজন বা দুজন প্রযোজকের বদলে হাজার হাজার মানুষ হন ছবির প্রযোজক। সংযোগ পূর্ণাঙ্গ গণ-অর্থায়নের ছবি। এর আগেও বাংলাদেশে এ ধরনের অর্থায়নে ছবি হয়েছে। তবে সেটা আংশিক গণ-অর্থায়ন। গণ-অর্থায়নের কিছু আন্তর্জাতিক নিয়ম আছে। সেসব মেনেই আমি এগোচ্ছি। নব্বই দশক থেকে যুক্তরাষ্ট্রে এই পদ্ধতিতে ছবির জন্য অর্থায়ন শুরু হয়।
হঠাৎ এই পদ্ধতিতে এগোচ্ছেন কেন?
আমাদের ছবির বাজার এবং বাণিজ্যিক অবস্থা ভালো না। এই পদ্ধতিতে যদি কিছু ছবি তৈরি হয়, সেটা খারাপ হয় না। আমি কোনো ছবি দীর্ঘদিন ধরে করি না। তবে এটা নিয়ে ভেবেই পার করেছি পাঁচ বছর।
অনেকে মনে করছেন প্রযোজক না পেয়েই আপনি এই পথ ধরেছেন? আসলে কী?
আমার মূল উদ্দেশ্য হচ্ছে দেশে নতুন একটি ধারণাকে প্রতিষ্ঠিত করা। চাইলেই প্রযোজক পেতাম। আমার মূল লক্ষ্য দর্শকদের সম্মিলিত অংশগ্রহণে একটি ছবি নির্মাণ। গণ-অর্থায়নে সারা বিশ্বে এ রকম হাজারো ছবি হয়েছে; বর্তমানে শুটিং চলছে শ খানেকের।
আনুষ্ঠানিক ঘোষণার পর মাস খানেক হয়ে গেল। কত টাকা উঠল?
টাকার অঙ্ক আগামীকাল (৬ নভেম্বর) সংবাদ সম্মেলনে জানাব। শুধু তা-ই নয়, কবে শুটিং হবে, কবে শেষ হবে, এমনকি ছবি মুক্তির তারিখও জানিয়ে দেব। যাঁরা আসবেন, সহযোগিতা করবেন, তাঁদের হাতে ছবির কাহিনি-সংক্ষেপও তুলে দেব।
সাড়া কেমন পেলেন?
গত জুন মাসে ফেসবুকে সংযোগ-এর একটা পাতা চালু করি। তখন থেকেই খুব ভালো সাড়া পাচ্ছি। ইতিমধ্যে অনেকে ব্যাংক হিসাবে কিংবা হাতে হাতে টাকা দিয়েছেন। ছবির সঙ্গে থাকার আগ্রহ প্রকাশ করে কানাডা, ইংল্যান্ড, আমেরিকা, টাঙ্গাইল, চট্টগ্রাম, পঞ্চগড় থেকে ফোন এসেছে। তাঁদের আবেগ আমাকে অভিভূত করেছে।
যদি ব্যর্থ হন?

ব্যর্থ হওয়ার কোনো আশঙ্কা নেই। ইতিমধ্যে অনেক মানুষের সম্পৃক্ততা তৈরি হয়ে গেছে। এরপরও ব্যর্থ হওয়াটা হবে দুর্ভাগ্যজনক। তরুণেরা বলছেন, এই উদ্যোগ সফল হলে তাঁদের সামনে একটি নতুন পথ খুলে যাবে।
কেমন হবে ‘সংযোগ’?
আমার অন্য ছবিগুলো থেকে আলাদা হবে। তবে আমি আমার নিজের ঘরানার ভেতরেই থাকব। বাণিজ্যিক ছবি আমি করব না। যেহেতু জনগণের অর্থায়নের ছবি, একটু সাবধানতা থাকবে। অভিনেতা-অভিনেত্রী হিসেবে নতুনদের নেওয়ার ইচ্ছে আছে। চাইলে তাঁরাও নিজেদের পারিশ্রমিকের অর্থ অনুদান হিসেবে দিতে পারবেন।