খুব যে চাপে আছি তা নয়: ওমর সানি
>

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানি। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল ছবি। মাঝে চলচ্চিত্র থেকে বেশ খানিকটা দূরেই সরে ছিলেন। ইদানীং আবারও চলচ্চিত্রে নিয়মিত হয়েছেন তিনি। এই ঈদে মুক্তি পেয়েছে তাঁর ‘রাজা বাবু’ ছবিটি। আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে একসঙ্গে দুটি সিনেমা। ছবি দুটিসহ আরও নানা প্রসঙ্গে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন তিনি। পাঠকদের জন্য তা তুলে ধরেছেন মনজুর কাদের।
এই শুক্রবার যে ছবি দুটি মুক্তি পাচ্ছে দুই ছবিতেই অভিনয় করেছেন আপনি। কেমন লাগছে?
একই দিনে একজন অভিনেতার দুটি ছবি মুক্তির বিষয়টিকে আমি কোনোভাবেই সমর্থন করি না। ভবিষ্যতেও করব না। আর বিশেষ করে, কেউ যদি নায়ক হিসেবে এক নম্বর পজিশনে থাকেন তাঁর ক্ষেত্রে একই দিনে দুই ছবি মুক্তি দেওয়ার বিষয়টা কোনোভাবেই ঠিক নয়। আমার মনে হয়, তখন দর্শক ভাগ হয়ে যায়। আমি যখন এক নম্বর পজিশনে ছিলাম তখনো একই দিনে দুটি ছবি মুক্তির বিষয়টিকে সমর্থন করতাম না।

কত বছর পর এক সপ্তাহে আপনার দুটি ছবি মুক্তি পাচ্ছে?
অভিনয়জীবনে আমার দুইটা ছবি একবারই একসঙ্গে মুক্তি পেয়েছিল। তা প্রায় ষোলো-সতেরো বছর তো হবেই। আবারও বলছি, এটা মোটেও ভালো না। তবে খুব একটা যে চাপের মধ্যে আছি তাও বলব না। একরকম আনন্দই লাগছে। ফেসবুকেও দারুণ সাড়া পাচ্ছি।
কিন্তু ছবি মুক্তির এই ব্যাপারটা তো শিল্পীর হাতে থাকে না...
তা ঠিক আছে। এক নম্বর অবস্থানে থাকা নায়ক কিন্তু এ ব্যাপারে তাঁর মতামত প্রযোজক, পরিচালককে জানাতে পারেন। ছবি মুক্তির ক্ষেত্রে নায়কের মতামতেরও কিন্তু গুরুত্ব থাকে। আর প্রযোজক-পরিচালকদের এ ব্যাপারে আরও বেশি সচেতন থাকতে হবে।
এই ছবি দুটিতে আপনার কী ধরনের চরিত্র?
দুটি ছবিতেই আমি ইতিবাচক চরিত্রে অভিনয় করেছি। কাজ করে সবচেয়ে বেশি শান্তি পেয়েছি ‘রানআউট’ ছবিতে অভিনয় করে। আর ‘আজব প্রেম’ নিয়ে ততটা সন্তুষ্ট নই। যে ছবিতেই কাজ করি না কেন, সেটিকে প্রথম কাজ মনে করি। অনেকটা আমার সন্তানের মতোও বলতে পারেন। আর সন্তানকে ঠিকঠাকভাবে লালন পালনের দায়-দায়িত্ব কিন্তু আমারই। আমার মনে হয়েছে, রানআউট ছবিটা প্রযুক্তিগত ও পরিচালকের মুনশিয়ানার দিক দিয়ে নিঃসন্দেহে অনেক ভালো হয়েছে। শাহীন-সুমন যে ধরনের ছবি বানান, ‘আজব প্রেম’ ঠিক তেমন। গল্পের ধরনে কমেডি আছে। কিছুটা মজা পেয়েছি। তবে ‘রানআউট’ ছবির কাজ করতে গিয়ে আমাকে অনেক বেশি মনোযোগ দিতে হয়েছে। গল্প এতটাই শক্তিশালী ছিল যে, আমি মনোযোগ দিতে বাধ্য হয়েছি। এখন ছবি চলা না চলা ভাগ্যের ব্যাপার।
এখন কোন ছবির কাজ করছেন?
সরকারি অনুদানে নির্মিত মুশফিকুর রহমান গুলজারের ‘লাল সবুজের সুর’ ছবির কাজ করছি। এ ছাড়াও, কাজ করছি উত্তম আকাশের ‘রাজা ৪২০’, সোহানুর রহমান সোহানের ‘ওয়াও বেবি ওয়াও’ এবং বন্ধন বিশ্বাসের ‘শূন্য’ ছবিতে।