গল্পই 'প্রার্থনা'র প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
জয়
জয়
দেড় যুগের অভিনয়জীবন তাঁর। এই দীর্ঘ সময়ে তিনি অভিনয় করেছেন অসংখ্য টিভি নাটকে। শাহরিয়ার নাজিম জয় করেছেন নাটক পরিচালনাও। ঈদ উপলক্ষে আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে তাঁর পরিচালনায় নির্মিত প্রথম চলচ্চিত্র প্রার্থনা। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবিতে প্রেক্ষাগৃহের পাশাপাশি টিভির দর্শকেরাও দেখতে পাবেন। আজ বুধবার দুপুরে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে আয়োজন করা হয়েছে এর উদ্বোধনী প্রদর্শনীর। সেই ছবির সূত্র ধরেই আরও অনেক বিষয়ে কথা বললেন জয়।


চলচ্চিত্রের পরিচালক হলেন। কেমন লাগছে?
ছবিটি বানাতে আমাকে অনেক বন্ধুর পথ পাড়ি দিতে হয়েছে। আমি বিশ্বাস করি, অসাধারণ একটি গল্পের ছবি প্রার্থনা। গল্পই যে একটি ছবির আসল প্রাণ, তা আমি এই ছবির মাধ্যমে নতুনভাবে বলার চেষ্টা করেছি।
ছবি মুক্তির আগে গল্প নিয়ে অনেক পরিচালক ও অভিনয়শিল্পীই তো এমন কথা বলে থাকেন। কিন্তু প্রেক্ষাগৃহে বেশির ভাগ ছবির ক্ষেত্রে দর্শক হতাশ হন। আপনার ছবিটিতে দর্শকের হতাশ হওয়ার শঙ্কা নেই তো?
আমার গল্প নিয়ে যদি কেউ হতাশ হন, তা হলে আমি কোনো দিন কোনো কিছুই বানাব না। গল্পের জায়গায় শতভাগ আত্মবিশ্বাসী। শুরু থেকেই আমি গল্পের ওপর জোর দিয়েছি। জোর গলায় বলতে চাই, গল্পই হচ্ছে প্রার্থনা ছবির প্রাণ।
‘প্রার্থনা’ ছবির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনার পাশাপাশি আপনি এতে অভিনয়ও করেছেন...
আমি নিজেকে কমপ্লিট প্যাকেজ ভাবতে পছন্দ করি। বর্তমান সময়ে একজন মানুষের কমপ্লিট প্যাকেজ না হলে টিকে থাকা অসম্ভব।
ছবি পরিচালনায় আপনাকে নিয়মিত পাওয়া যাবে কি?
ইচ্ছা আছে। আমার আরেকটি ছবির কাজ পুরোপুরি ঠিক হয়ে আছে। নাম রেখেছি নাদিয়ার বিয়ে ও ১৪৪ ধারা।
সাক্ষাৎকার: মনজুর কাদের