
‘আয়নাবাজি’ সিনেমা মুক্তির পর ‘বৃষ্টিদের বাড়ি’ ধারাবাহিকে শুটিং করেছিলেন। আজ শেষ হচ্ছে ধারাবাহিকটি।
এই ধারাবাহিকটি অন্য দশটা ধারাবাহিক থেকে আলাদা ছিল। এখন তো বেশির ভাগ ধারাবাহিকের গল্প ঠিক থাকে না। সুড়সুড়ি আর ভাঁড়ামো দিয়ে ভরা থাকে। বৃষ্টিদের বাড়ি ও রকম ছিল না। একটা সিরিয়াস গল্পের নাটক ছিল।
আপনি নিজে অভিনয় করে কি তৃপ্ত? সাড়া পেয়েছেন কেমন?
আসলে তৃপ্ত হওয়ার তো কোনো শেষ নেই। এখন যে ধরনের নাটক হয়, তার বিপরীতমুখী নাটক ছিল এটি। সেই হিসেবে আমি তৃপ্ত। এখনকার নাটক তো নানা জটিলতার মধ্য দিয়ে যায়। ভালো গল্প যেমন থাকে না, তেমনি সঠিক পাত্র-পাত্রী নির্বাচন হয় না। আর হবেই বা কীভাবে, নাটকের চিত্রনাট্য বা পরিচালক নির্ধারিত হওয়ার আগে কাকে কাকে নিতে হবে, সেটা চ্যানেল থেকে বলে দেওয়া হয়। তখন চরিত্র অনুযায়ী অভিনয়শিল্পী নির্বাচন করা হয় না। ফলে গল্প পরিবর্তন, পরিবর্ধন করে যেনতেনভাবে নির্মাণ করা হয়। তবে আমি বৃষ্টিদের বাড়ি করে বেশ ভালোই সাড়া পেয়েছি।
নাটকের এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় নেই?
সুখের খবর হলো এই, নাটকে কিছুটা পরিবর্তন এসেছে। ভাঁড়ামি বাদ দিয়ে এখন গল্প, বিশেষ করে সিরিয়াস গল্পের দিকে নজর দিয়েছেন নির্মাতারা। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, সিরিয়াস গল্পটা যেন আবার এত বেশি করা না হয় যে উদ্দেশ্যই থাকবে দর্শককে কাঁদানো। গল্পকে গল্পের মতো চলতে দেওয়াই ভালো।
নতুন ধারাবাহিকে কাজ শুরু করেছেন?
বৃন্দাবন দাসের লেখা দুটি ধারাবাহিকে অভিনয় শুরু করেছি। এর মধ্যে অষ্টধাতু নাটকটি পরিচালনা করছেন সাইদুর রহমান এবং মজনু একজন পাগল নয় নাটকটি পরিচালনা করছেন সঞ্জীব সরকার। বৃন্দাবন দাসের নাটকের একটা স্টাইল তো আছেই। পাশাপাশি মাসুদ সেজান ও সাগর জাহানের দুটি ধারাবাহিকে কাজ শুরু করেছি।
নতুন ছবিতে অভিনয় করবেন?
প্রতিদিনই নতুন সিনেমায় অভিনয়ের অফার আসছে। কিন্তু দেবী মুক্তি না পাওয়া পর্যন্ত নতুন ছবিতে অভিনয় শুরু করব না। দেবীর পরে চরিত্র দেখে চিন্তাভাবনা করব।
সামনে দুর্গাপূজা। কোথায় কাটাবেন?
সবার আগে আমার ভক্ত, দর্শক, শুভাকাঙ্ক্ষীসহ সবাইকে আগাম দুর্গাপূজার শুভেচ্ছা। আমি দুর্গাপূজা পাবনায় পালন করব। ওখানে আমার বাবা-মা আছেন। তাঁদের সঙ্গেই কাটানোর ইচ্ছা। দুই-তিন দিন থাকব পাবনায়।
সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক