গল্পটা নিজেদের মতো করে বলা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>সামিনা লুৎফা। একাধারে নাট্যকার, অভিনেত্রী, শিক্ষক, অ্যাকটিভিস্ট ও সংগঠক। বটতলা নাট্যদলের বর্তমান প্রধান নির্বাহী। বেইলি রোডের মহিলা সমিতিতে শুরু হয়েছে দলটির নাট্যোৎসব ‘বটতলা রঙ্গমেলা ২০১৬’। উৎসব ও নাটকের বিভিন্ন দিক নিয়ে কথা বললেন প্রথম আলোর সঙ্গে।
সামিনা লুৎফা l ছবি: আবদুস সালাম
সামিনা লুৎফা l ছবি: আবদুস সালাম

১ ডিসেম্বর আপনাদের উৎসব শুরু হয়েছে। উৎসব নিয়ে বলুন।
আমরা দুই বছর পরপর ‘বটতলা রঙ্গমেলা’ উৎসব করি। এর আগে করেছিলাম ২০১৪ সালে। প্রতিবারের মতো এবারও নতুন নাটকগুলো নিয়ে উৎসব সাজানো হয়েছে। উৎসব নিয়ে বটতলা মনে করছে, চারদিকে যা চলছে, তার একটা প্রতিক্রিয়া প্রকাশ করা প্রয়োজন। এবারের উৎসবের স্লোগান ‘ধরিত্রী ও মানব হত্যার বিরুদ্ধে—মুক্তির উৎসবে’। শিল্পের মাধ্যমেই আমরা বলার চেষ্টা করি যে একে অপরকে চেনা, অন্যকে পর করে না দেওয়া। সেই জায়গা থেকে এই উৎসব।
অষ্টম শ্রেণিতে বায়না ধরেছিলেন, বৃত্তি পেলে নাটক করতে দিতে হবে। তারপর একেক করে হলেন নাট্যকার, অভিনেত্রী, শিক্ষক, অ্যাকটিভিস্ট ও সংগঠক। কোন নিত্রাকে আপনার ভালো লাগে?
এটা খুব কঠিন প্রশ্ন। আমার মনে হয়, সবকিছু মিলেই একজন মানুষ হয়। আমার হয়তো ভিন্ন ভিন্ন প্রকাশভঙ্গি আছে। একটি আরেকটির পরিপূরক। সব মিলিয়েই আমি।
বাংলাদেশের নাট্যাঙ্গনে দর্শকসংকট যেমন, তেমন নাট্যকারসংকট। বিষয়টি কীভাবে দেখছেন?এ জন্যই দর্শক কম। কারণ, আমরা আমাদের গল্পটা বলছি না। এখন আমি অনেক আশাবাদী। অনেকেই নিজেদের গল্পগুলো লেখার চেষ্টা করছেন। সাধনা আপা নাটক লিখছেন (সাধনা আহমেদ, নাট্যকার ‘মাতব্রিং’)।

নতুন যাঁরা নাটক লিখতে চান, তাঁদের জন্য আপনার পরামর্শ কী?
অনেক লেখা দরকার। লেখার জন্য পড়তে হবে। চারপাশটা দেখতে হবে। আমরা কাদের কথা বলছি? আমাদের প্রচুর ছেলেমেয়ে টিভি মিডিয়ায় লিখছে, কিন্তু তাদের লেখা দেখে মনে হয় না এরা ঠিক বাংলাদেশে বসে লিখছে। একই জিনিস সবাই ঘুরেফিরে লিখছে। সেটা থেকে বেরিয়ে আসতে হবে। গল্পটা নিজেদের মতো করে বলতে পারলেই হয়।

নতুন বছরে বটতলার পরিকল্পনা কী?
আপাতত নতুন নাটকটির প্রদর্শনী চলবে। আমাদের বিভিন্ন দিবস নিয়ে আয়োজন থাকে। অ্যাক্টর স্টুডিও আছে, সেখানে ট্রেনিংয়ের কাজ চলবে। এদিকে আরেকটু মনোযোগী হব। একটা পথনাটক করব।
সাক্ষাৎকার: শরীফ নাসরুল্লাহ