>

বিজয়ের মাস ডিসেম্বর। চ্যানেল আই এ মাসটি ঘিরে দেশের গানের বিশেষ আয়োজন করেছে। আজ বেলা ২টা ৪৫ মিনিটে প্রচারিত সরাসরি গানের অনুষ্ঠান ‘ওয়ালটন ঘরে ঘরে গানের উৎসব’-এ বরেণ্য শিল্পী সৈয়দ আব্দুল হাদী গাইবেন দেশের গান। অনুষ্ঠান ঘিরে কথা হয় ৭৫ বছর বয়সী গুণী এই শিল্পীর সঙ্গে।
দীর্ঘদিন পর সরাসরি গান গাইতে দেখা যাবে আপনাকে। এ সম্পর্কে জানতে চাই।
আসলে আমি সরাসরি অনুষ্ঠানে তেমন একটা গান করি না। না করার প্রথম কারণ, লাইভ অনুষ্ঠানগুলো অনেক রাতে হয়। আমি অধিক রাতে গান করি না। কয়েকটি কারণে রাজি হয়েছি। প্রথমত এই অনুষ্ঠানটা দিনের বেলা হচ্ছে, দ্বিতীয়ত বিজয়ের মাস; দায়বদ্ধতার জায়গা এবং তৃতীয়ত চ্যানেল আইয়ের অনুরোধে করছি।
সব তো দেশের গানই গাইবেন।
অবশ্যই। আমার গাওয়া অসংখ্য দেশের গান রয়েছে। সেখান থেকে কিছু গান নির্বাচন করেছি। সেগুলোই গাইব। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি’, ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে’, ‘এই মাটি আমার মা’, ‘আমার যা আছে সবই তোমায় দেব’, ‘প্রথম ভোরে ঘাসের ফাঁকে’। এর বাইরে কিছু গান করব, যে গানগুলো এই সময়ের শ্রোতার কাছে অনেকটাই অপরিচিত।
দেশ স্বাধীন করার ক্ষেত্রে গানও বিশাল ভূমিকা রাখতে পারে, সেটা আমরা দেখেছি। একজন কণ্ঠসৈনিক হিসেবে আপনি কী মনে করেন?
গান দিয়ে অনেক কিছু সম্ভব। গানের শক্তি টের পেয়েছি অনেকবার। বঙ্গবন্ধু যখন অসহযোগ আন্দোলনের ডাক দিলেন, তখন আমরা ‘বিক্ষুব্ধ শিল্পী সমাজ’ গঠন করি। ওই সময়ের সব শিল্পী, অভিনয়শিল্পী সবাই এর সঙ্গে ছিলেন। আমি ছিলাম এই সংগঠনের সাধারণ সম্পাদক। গানের মাধ্যমে আমরা এই আন্দোলনকে বেগবান করেছিলাম। আর মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জুগিয়েছে।
সর্বশেষ আপনার একটি রবীন্দ্রসংগীতের অ্যালবাম শ্রোতারা পেয়েছিল। এরপর আর কোনো অ্যালবাম নেই। নতুন কোনো অ্যালবামের পরিকল্পনা আছে?
একটি কাজ প্রায় শেষের দিকে। অ্যালবামটিতে আমার গাওয়া দেশের গান, আধুনিক গান, চলচ্চিত্রের গান থাকবে।
সাক্ষাৎকার: কবির বকুল