>

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণদিবস। এ উপলক্ষে আজ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে দেখানো হবে সংগীতশিল্পী ফেরদৌস আরার চারটি গানের ভিডিও নিয়ে অনুষ্ঠান ‘আমার আপনার চেয়ে আপন যে জন’। এ ছাড়া দিনভর বিভিন্ন চ্যানেলে দেখা যাবে এই শিল্পীর গান। বিশেষ এই দিনটি নিয়ে কথা হলো ফেরদৌস আরার সঙ্গে।
চার চলচ্চিত্র নির্মাতার আপনার গাওয়া নজরুলসংগীতের চারটি গানের ভিডিও বানানোর ভাবনা সম্পর্কে জানতে চাই?
এই ভাবনাটি ফরিদুর রেজা সাগরের। চার চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ, মতিন রহমান, সোহানুর রহমান সোহান ও সোহেল আরমানকে দিয়ে এ ধরনের ভিডিও বানানোর ব্যাপারটি আমার কাছে অভিনব মনে হয়েছে। তাঁরাও সবাই খুব যত্ন নিয়ে কাজটি করেছেন। এরই মধ্যে এ ব্যাপারটি আলোড়নও তুলেছে। আমি প্রচুর ফোন পাচ্ছি। সবাই অনুষ্ঠানটি দেখতে ভীষণভাবে উদ্গ্রীব হয়ে আছে। আমাদের জাতীয় কবি নজরুল ইসলামও কিন্তু সব সময় নতুনের সঙ্গে থাকার কথাই বলেছেন। সত্যি কথা বলতে, তা থেকেই এমনটা করা।
আজকাল তরুণ শিল্পীদের অনেকে নজরুলসংগীতকে আধুনিক যন্ত্রানুষঙ্গে উপস্থাপন করছেন। এ বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন?
পুরো ব্যাপারটিকে ইতিবাচকভাবে দেখছি। আমাদের কবিও কিন্তু নতুনের কথা, তারুণ্যের কথা, বৈচিত্র্যের কথা বলেছেন। বিকৃত না করে আধুনিক যন্ত্রানুষঙ্গে নজরুলের গানের উপস্থাপনা আমার কাছেও ভালো লাগে। আমরা সব সময়ই ভাত খাই। কোনো একদিন যখন একটা আকর্ষণীয় প্লেটে ওই ভাত খেতে দেওয়া হবে, তখন সেটা অন্য রকম লাগে। এ ব্যাপারগুলোও কিন্তু তাই।
কবিকে গান শোনানোর সুযোগ পেলে কোনটি শোনাতেন?
কবির সঙ্গে কিন্তু আমার দেখা হওয়ার সুযোগ হয়েছিল। তখন কবি নির্বাক ছিলেন। ১৯৭৫ সালের কোনো একদিন বাবা এ এইচ এম আবদুল হাইয়ের সঙ্গে আমি আর আমার বোন জান্নাত আরা কবিভবনে গিয়েছিলাম। আমরা তখন ছোট, স্কুলে পড়ি। কবিকে গান শোনানোর জায়গাটাতে বোনের সঙ্গে আমিও বসে পড়ি। সেদিন ‘নীলাম্বরি শাড়ি পরি নীল যমুনায়’ গানটি গেয়েছিলাম। একপর্যায়ে কবি ‘বাহ্’ বলে উঠলেন। আমরা দুই বোন তো ভয় পেয়ে দৌড় দিলাম। পরে শুনলাম, গান পছন্দ হলেই নাকি কবি ‘বাহ্’ বলে উঠতেন। আফসোস, কবির কথা শোনা হলো না।
সাক্ষাৎকার: মনজুর কাদের