গানই আমার সবচেয়ে বড় শক্তি: কোনাল

সংগীতশিল্পী কোনাল। আজ ভারতীয় হাইকমিশনে এক অনুষ্ঠানে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে গান করবেন তিনি। আজকের গানের প্রস্তুতি এবং ব্যক্তিগত আরও কিছু বিষয় নিয়ে তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে।
আজ কী ধরনের গান করবেন?
আমার মৌলিক গান, আমার গাওয়া চলচ্চিত্রের গান এবং ‘জাদু’ অ্যালবামের ‘জাদু’ গানটি গাইব। এর বাইরে পুরোনো দিনের আধুনিক গান, ইংরেজি গান, ওপার বাংলার শ্রেয়া ঘোষাল ও শুভমিতার কিছু গান করব। যেহেতু দেড় ঘণ্টার গানের অনুষ্ঠান, তাই প্রাথমিকভাবে প্রস্তুতিটাও সেভাবেই নিয়েছি।
আপনি কখন গানের অনুশীলন করেন?
আমার নির্দিষ্ট কোনো সময় নেই। যখনই ইচ্ছা হয় তখনই রেওয়াজ করি। আমি অনেক সময় ক্যাম্পাসের ল্যাবে বসেও কানে হেডফোন লাগিয়ে ধীরে ধীরে রেওয়াজ করি। তবে ভোরবেলা রেওয়াজ করা সবচেয়ে ভালো। এই সময় রেওয়াজ করলে ভালো ফল পাওয়া যায়।
গাজায় ইসরায়েলি হামলা নিয়ে গান গেয়েছেন আপনি। এ প্রসঙ্গে কিছু বলুন ...
আমি টেলিভিশনে গাজার অবস্থা দেখে প্রতিদিনই কষ্ট পেয়েছি। মনে মনে ভেবেছি, আমি যদি তাদের জন্য কিছু করতে পারতাম! এমন সময় একদিন বুলবুল স্যার ফোন করলেন গাজা নিয়ে একটি গান গাওয়ার জন্য। গানটি গাওয়ার পর আমার ভীষণ ভালো লাগল। মনে হলো বিশাল সমুদ্রের মধ্যে বালু-কণা পরিমাণ হলেও তো একটু অবদান রাখতে পারলাম। গানই আমার সবচেয়ে বড় শক্তি। এটি দিয়েই হয়তো একটু চেষ্টা করেছি অবদান রাখার জন্য। বুলবুল স্যারকে অনেক ধন্যবাদ। তিনি না হলে গানটি গাওয়া হতো না। স্যার আমাকে আদর করেন, আবার বকাও দেন। তাঁর কাছে আমি অনেক কিছু শিখেছি।
আপনার প্রিয় শিল্পী কে?
আমার প্রিয় শিল্পী আমার মা সায়মা মনির। মায়ের গাওয়া গান আমার অনেক প্রিয়।
আপনি প্রথম কখন গান করেছেন?
আমি দেড় বছর বয়সে হারমোনিয়াম বাজানোর চেষ্টা করতাম। কিছুই হতো না তবুও। এই হারমোনিয়ামটি নিয়ে আমার মা রেওয়াজ করতেন। আমি একটি ছবি প্রায়ই আমার বন্ধুদের দেখাই। ছবিটি হলো দেড় বছর বয়সে আমি হারমোনিয়াম নিয়ে বসে আছি। আমাদের বাসায় গানের পরিবেশটাও অনেক ভালো ছিল। আমার নানাও গান করতেন। আমার যত দূর মনে পড়ে, সাড়ে চার বছর বয়সে আমি মোহাম্মদপুর কিশলয় স্কুলের মাঠে একটি অনুষ্ঠানে মায়ের আঁঁচল ধরে প্রথম গান করেছিলাম। গানটির কথা ছিল ‘ঘুরে ফিরে বারে বারে ঈদ আসে ঈদ চলে যায়।’
সংগীতশিল্পী না হলে কী হতেন?
শিক্ষক হতাম। এটা আমার এখনো ইচ্ছা আছে। পড়ালেখা শেষ করে সংগীতের পাশাপাশি শিক্ষকতা করতে চাই আমি।
আপনার তো একাধিক ভাষায় পারদর্শিতা রয়েছে। এ বিষয়ে কিছু বলুন।
আমি ফ্রেঞ্চ, আরবি ও হিন্দি লিখতে ও পড়তে জানি। নতুন ভাষা শেখার প্রতি আমার অনেক আগ্রহ। আমি এখনো চেষ্টা করি নতুন ভাষা শিখতে। আমি এটা অনেক উপভোগ করি।
আপনার স্বপ্ন ও ভবিষ্যত্ পরিকল্পনা কী?
আমি আমার মেধা দিয়ে সমাজ সেবা করতে চাই। আমার আরেকটি স্বপ্ন হলো, আমি এমন একটি প্রতিষ্ঠান গড়তে চাই যেখানে রোগীরা গান শুনে সুস্থতা অনুভব করবেন। এটি করতে যদি আমার ২০ বছর সময়ও লাগে, তবুও তা করতে চাই আমি।